০৮:১৫ পি.এম
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল একটি সুখবর নিয়ে এসেছে। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে পরাজিত করে দারুণ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের টসে জয়ী হয়ে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। পাকিস্তান জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। দলীয় রান যোগ হওয়ার আগেই ওপেনার মাইমুনা নাহার ফিরে যান। অন্য ওপেনার অচেনা জান্নাত ৬ রান করেন। অধিনায়ক সাদিয়া ইসলাম ১২ রান যোগ করেন, এবং বিবি আয়েশা ১৮ বল খেলে ৭ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
তবে মধ্যের সারিতে দায়িত্বশীল ব্যাটিং করেন সাদিয়া আক্তার। তিনি ৩৪ রানে অপরাজিত থেকে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নিশিতা আক্তার নিশি ২৩ রান করেন। এছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। রোজিনা আকরাম দুটি উইকেট নেন। এছাড়া আরও দুই বোলার একটি করে উইকেট পান।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু করেছিল। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করেন, এবং কোমল খান ৩৯ বলে ২৯ রান যোগ করেন। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
দলের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ, তার ব্যাট থেকে আসে ১২ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস ৮৭ রানে থেমে যায়।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন