ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে হেনস্তা ও মারধরের ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখে লংমার্চ করে।

এ সময় আন্দোলনকারীরা ‘আই টিটি দেখে যা, রেলপথে তোর বাপেরা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন কিশোরী

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার চাচাকে রিসিভ করার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। সেখানে থাকা কয়েকজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে তার কথোপকথন হয়। একপর্যায়ে অভিযোগ করা হয়, ওই কর্মচারীরা তার ওপর হামলা চালান। বর্তমানে আইয়ুব আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তারা রাজশাহী রেলওয়ে স্টেশন অভিমুখে অগ্রসর হচ্ছে। এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সঙ্গে, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঝোড়ো হাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে যে কোনো দুর্ঘটনা এড়াতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় অঞ্চলের পাশাপাশি নদীপথের নৌযানগুলোকে নিরাপদে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প: ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ট্রাম্প: ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে রয়েছে। তিনি উল্লেখ করেছেন, তেহরান যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে অদূর ভবিষ্যতে ‘বড় ধরনের ঘটনা’ ঘটার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি বৈঠক করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে এই তথ্য জানায়। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মূল প্রশ্ন হলো, ইরানকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত আমি নেব কি না এবং নিলে কখন নেব? তাদের বরং নিজেদের আচরণ ঠিক করা উচিত।” সাক্ষাৎকারে তিনি যুদ্ধের পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনটি বিকল্পের কথা উল্লেখ করেন—ইরানকে সামরিকভাবে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে দেওয়া অথবা একটি সমঝোতায় পৌঁছানো।

নিউইয়র্কে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্ক শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনের সময় কূটনৈতিক আলোচনা চালানোর ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আপত্তি করেননি। তবে এ বিষয়ে তেহরান বা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, সৌদি আরবে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি মন্তব্য করেন, হুতিরা মার্কিন বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে। এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার (২০ সেপ্টেম্বর) নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি, এর আগে তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে এই অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গসংগঠন বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সুশৃঙ্খল স্বাগত জানাতে ইতোমধ্যে ৩৪টি প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নব গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো প্রাধান্য পাবে। বিশেষ করে ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আয়োজিত একটি বিশেষ বৈঠকে যোগ দিয়ে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক সমর্থনের আহ্বান জানাবেন।

এছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিপূরণ ও অর্থায়নের দাবিতে জাতিসংঘ মহাসচিবের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে উদ্বোধনী ভাষণ দেবেন তারেক রহমান। সফরের সময় ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের সঙ্গে বৈশ্বিক অসমতা দূর করার জন্য বৈঠক এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক নিজস্ব সাইড ইভেন্টেও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের এই সফরকালে বিশ্বনেতাদের পাশাপাশি প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি কুয়েতের যুবরাজ, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং শরণার্থী ও মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।

কূটনৈতিক আলোচনার পাশাপাশি মেটা ও ওয়াল স্ট্রিটের আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদারে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, প্রযুক্তি খাত এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো এসব আলোচনায় উপস্থাপন করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর রাতে সফর শেষ করে দেশে ফিরবেন তিনি।

এবারের অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় সফরটি বাংলাদেশের জন্য বাড়তি মর্যাদা বহন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যা: নিখোঁজের মরদেহ উদ্ধার, এখন পর্যন্ত যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


অপ্রতিম হত্যা: নিখোঁজের মরদেহ উদ্ধার, এখন পর্যন্ত যা ঘটল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লা স্তব্ধ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অপ্রতিমকে হত্যার কারণ ছিল তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়েছে।

যেভাবে নিখোঁজ অপ্রতিম

শুক্রবার বেলা আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। রাত পর্যন্ত ছেলের সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। একই সঙ্গে ছেলে নিখোঁজের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন অপ্রতিমের মা নাহিদা বেগম।

পরে ‘মুন অ্যালার্ট’-এর মাধ্যমে অপ্রতিমের ছবি ও নিখোঁজের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপকভাবে অপ্রতিমের সন্ধান চেয়ে পোস্ট দিতে থাকেন।

শেষবার ফোনের অবস্থান

অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফোনটির অবস্থান কুমিল্লার গন্ধমতী এলাকায় শনাক্ত করা যায়। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে সাইফুল ইসলাম তুহিন নামে এক তরুণকে দেখা যায়।

জঙ্গল থেকে উদ্ধার মরদেহ

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল কাদের জিলানী ও তার সঙ্গে থাকা কয়েকজন একটি শিশুকে পড়ে থাকতে দেখেন।

পরে কাছে গিয়ে তারা শিশুটির মাথার দিকে রক্ত দেখতে পান। ভয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয় মামুন নামে এক ব্যক্তির কাছ থেকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান নিখোঁজ থাকার খবর জানতে পারেন জিলানী। এরপর তিনি মামুনকে সঙ্গে নিয়ে আবার ঘটনাস্থলে যান এবং পড়ে থাকা শিশুটিই অপ্রতিম বলে শনাক্ত করেন। বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিসিটিভি ফুটেজে তুহিন, এরপর একে একে আটক

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে সাইফুল ইসলাম তুহিনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়।

পরে তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই কিশোর এবং মো. সিয়াম নামে এক কলেজছাত্রকে হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম তুহিন (১৯), কামরুল হাসান (১৫), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ও মো. সিয়াম (১৯)।

পুলিশ জানিয়েছে, তুহিন ও অপর দুই কিশোরের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সিয়ামের সম্পৃক্ততার বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।

পুলিশের ভাষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে শালবন এলাকার পাহাড়ঘেরা নির্জন স্থানে তিনজন অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে সঙ্গে থাকা দুই কিশোর বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তুহিন অপ্রতিমের আইফোনটি নিয়ে যায় বলে পুলিশের দাবি।

পুলিশ সুপার বলেন, তদন্তে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হয়েছে এবং আইফোনটি তুহিনের দেখানো মতে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের প্রশ্ন আমার ছেলে কী অন্যায় করেছে?

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে অপ্রতিমের মা নাহিদা বেগম বলেন, "আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন, আমার ছেলে কী অন্যায় করেছে?"

এ সময় এমপি মনিরুল হক চৌধুরীও আবেগাপ্লুত হয়ে বলেন, "এর কোনো জবাব আমার কাছে নেই মা।"

তিনি সাংবাদিকদের বলেন, একজন শিশুকে রক্ষা করতে না পারায় তিনি লজ্জিত ও দুঃখিত। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।

জানাজা ও দাফন

রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সহপাঠী ও স্থানীয় লোকজন অংশ নেন।

পরে কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে গন্ধমতিতে বাসার পাশের কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

দ্বিতীয় জানাজার আগে ছেলে হারানোর বেদনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, অপ্রতিম দুই বছর বয়স থেকে এই এলাকায় বড় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তাই তাদের কাছেই ছেলেকে সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

দাফনের পর তিনি বলেন, এখন তার একটাই দাবি সন্তান হত্যার উপযুক্ত বিচার।

তিনি বলেন, "সামান্য একটা আইফোনের জন্য আমার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে এ কথা আমার মন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না।"

বিচার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় যান তারা। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের উভয়মুখী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

তারা হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ছাড়া অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংহতি জানান।

দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস

রোববার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত উদ্ধারের জন্য পুলিশের প্রশংসা করতে হবে। অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশও জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।

এখন পরিবারের দাবি, তদন্ত দ্রুত শেষ করে হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%