ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, তিনজন গ্রেপ্তার


ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, তিনজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) এবং মো. সজিব (৩৬)।

ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশের একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে যায়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযোগের ভিত্তিতে, সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তারা তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী ভয়ে তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাঁজাসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


গাঁজাসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাদের গাঁজাসহ আটক করা হয়েছিল। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এই তথ্য বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।

বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রম চলাকালীন সময়ে ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে গাঁজা পাওয়ার অভিযোগ করেছে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, "নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় সাবেক রুয়েট শিক্ষার্থীদের আয়োজনে এবছরের ক্রিকেটের মহাআসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ঢাকায় সাবেক রুয়েট শিক্ষার্থীদের আয়োজনে এবছরের ক্রিকেটের মহাআসর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটভিত্তিক সংগঠন এক্স-রুয়েটিয়ান্সের উদ্যোগে ঢাকায় ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের স্বদেশ অ্যারেনা, ৩০০ ফিটে দিনব্যাপী এ ক্রিকেট আয়োজন অনুষ্ঠিত হবে।

রুয়েটের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেটের প্রতি অভিন্ন ভালোবাসা কেন্দ্র করে আয়োজিত এবারের টুর্নামেন্টে ছয়টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রতিযোগিতা করবে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি রুয়েটিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব এবং সৌহার্দ্য আরও দৃঢ় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের আয়োজনে মূল ভাবনা হচ্ছে ‘সেম প্যাশন, বিগার টুগেদার’ এবং ‘টুগেদার উই প্লে স্ট্রঙ্গার’।

টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ অক্টোবর রাতে ‘আইকন ও স্পেশাল অলরাউন্ডার’দের খসড়া নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন চলবে। সবশেষে ২০ নভেম্বর নিলামে উঠবে খেলোয়াড়দের নাম।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে অংশগ্রহণকারী ছয়টি দল হলো—হেলটস, টোকিও রিভেঞ্জার্স, এ্যাইডা ওয়ারিয়র্স, বাজ বয়েস, রিহান ডমিনেটর্স ও দ্য রিয়াল কালামানিক্স।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন রনি (পুরকৌশল’০৭), আশিক (পুরকৌশল’১৩), রাকিব (যন্ত্রকৌশল’০৮), বাবু (নগর ও অঞ্চল পরিকল্পনা’১৮), রেজওয়ান (পুরকৌশল’১১) ও আশরাফুল (যন্ত্রকৌশল’০১)।

অন্যদিকে স্পেশাল অলরাউন্ডার হিসেবে থাকছেন তুশার (পুরকৌশল’১১), জাফর (সিএসই’১৩), পাভেল (আইপিই’১২), সামি (কেমিক্যাল’১৭), নাঈম (আইপিই’১৮) ও তৌফিক (যন্ত্রকৌশল’১৮)।

ক্রিকেটের পাশাপাশি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে টিম প্রদর্শনী, র‌্যাফেল ড্র ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হবে। খেলাধুলার বাইরেও বিনোদনের বিভিন্ন আয়োজন থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন রুয়েটিয়ানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, টুর্নামেন্টটির আনুষ্ঠানিক স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সলিউশন (এআইএমএস)। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত।

আয়োজকদের প্রত্যাশা, রাজধানীতে অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ ক্রিকেট আয়োজন সাবেক রুয়েটিয়ানদের মিলনমেলায় পরিণত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকেরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকেরা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি বিরল কচ্ছপছানা, যা দুটি মাথা নিয়ে জন্মেছে, তার সন্ধান পাওয়া গেছে। এই কচ্ছপটি ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এবং এর জন্মগত শারীরিক অস্বাভাবিকতা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বর্তমানে, কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।

কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার, যা ম্যাসাচুসেটসের বার্নস্টেবলে অবস্থিত, সামাজিক যোগাযোগমাধ্যমে কচ্ছপটির বিষয়ে তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বন্য প্রাণী সংরক্ষণাগারের কর্মকর্তারা কচ্ছপছানাটিকে তাদের কাছে নিয়ে আসেন। এটি ওয়াইলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারির একটি সুরক্ষিত প্রজননক্ষেত্র থেকে উদ্ধার করা হয়।

বন্য প্রাণী কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, কচ্ছপটির দুটি মাথা থাকার কারণ হিসেবে ‘বাইসেফালি’ নামের বিরল জন্মগত অবস্থাকে চিহ্নিত করা হয়েছে। এই শারীরিক অস্বাভাবিকতা তখনই দেখা দেয় যখন ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ে অভিন্ন যমজ সম্পূর্ণভাবে আলাদা হতে পারে না।

কচ্ছপছানাটির শারীরিক অবস্থা বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের একটি দল কাজ করছে। রেডিওগ্রাফি ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কচ্ছপটির শারীরিক গঠন, দুটি মাথার কার্যকারিতা এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ বছরে তাঁরা এ ধরনের মাত্র দুটি কচ্ছপ দেখেছেন। ফলে বিরল এই কচ্ছপছানাটির শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় কার্যক্রম পর্যবেক্ষণ করে নতুন তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে কচ্ছপটির খাবারের প্রতি আগ্রহ, বেড়ে ওঠা এবং আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এটি দীর্ঘমেয়াদে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, দুই মাথাবিশিষ্ট প্রাণীর বেঁচে থাকা ও স্বাভাবিক বিকাশ অনেকটাই নির্ভর করে তাদের অভ্যন্তরীণ শারীরিক গঠন, অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা এবং দুটি মাথার সমন্বয়ের ওপর। তাই বিরল এই কচ্ছপছানার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ ও চিকিৎসা পরীক্ষার প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন বসতভিটা না থাকা প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকার কারণে নিয়োগপত্র না পাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী মিশন আচার্যের নিয়োগের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি আশাবাদী যে দ্রুত এই বিষয়টির সমাধান হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই তথ্য জানান রাশেদ খান। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে ফেসবুকে একটি পোস্টে তিনি মিশন আচার্যের নিয়োগের বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।

মিশন আচার্য (৩০) ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করেন। তার মা ময়না আচার্য গৃহপরিচারিকার কাজ করে তাকে পড়াশোনা করিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশন স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। যদিও তিনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, কিন্তু স্থায়ী ঠিকানায় নিজের নামে বসতভিটা না থাকার কারণে তিনি নিয়োগপত্র পাননি বলে অভিযোগ করেছেন।

মিশন আচার্য জানান, জন্মের পর থেকেই ঝিনাইদহের কলাবাগান এলাকায় বসবাস করলেও তার নামে কোনো বসতভিটা নেই। তার বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকছেন। স্থায়ী ঠিকানা-সংক্রান্ত জটিলতার কারণে নিয়োগপত্র না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন।

মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লিখেছেন, "আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।"

শনিবারের (৩ অক্টোবর) ভিডিও বার্তায় রাশেদ খান বলেন, "আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। খুব দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন। রবিবারের (৪ অক্টোবর) মধ্যে নিয়োগপত্র পাবেন বলেও জানিয়েছেন।"

এর আগে বিভিন্ন গণমাধ্যমে মিশন আচার্যের নিয়োগ আটকে যাওয়ার বিষয়টি প্রকাশিত হলে তা সংশ্লিষ্ট মহলের নজরে আসে। পরে তার নিয়োগের বিষয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান রাশেদ খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%