ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধনের পর গণমাধ্যমের সামনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার এক্সপ্রেসের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, এস্কাম হচ্ছে এবং এমনকি স্টক মার্কেট মেনুপুলেশনও সাইবার এক্সপ্রেসের মাধ্যমে হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। সেজন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে ডিজিটাল অ্যানালাইসিস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নেই। পুলিশ যখন অপরাধ দমনে কাজ করে, তখন মাঝে মাঝে পুলিশ আক্রমণের শিকার হয়, এটি নতুন কিছু নয়। আমরা অপরাধ দমনে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাব। যদি পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে আসামিকে সহায়তা করে, সে ক্ষেত্রেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, "আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারা তথ্য দেন- সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার এবং পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক করার পাশাপাশি অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশনা দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ প্রদান করেন।

আদালত গোলাম ফারুকের ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন এবং ৫টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার নির্দেশনা দেন। এছাড়া, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করার পাশাপাশি ২টি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ ২ হাজার ৫০০ টাকা ফ্রিজ করার আদেশও দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধান চলাকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। খন্দকার গোলাম ফারুকের নামে দায়বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। এই প্রেক্ষিতে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ২ লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা। এই অবস্থায়, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অনুসন্ধান বা তদন্ত চলাকালে উক্ত সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যাতে না থাকে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সেই কারণে অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা আবশ্যক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো

বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কের মুখোমুখি হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের করসংক্রান্ত নথিতে এই অর্থের উল্লেখ থাকলেও ফিফার বার্ষিক আর্থিক প্রতিবেদনে তা প্রকাশ করা হয়নি। এই ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ২০২৪ সালে ২০২৬ বিশ্বকাপের আয়োজক সংস্থা এফডব্লিউসি২০২৬ থেকে ১৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন ইনফান্তিনো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) নথিতে এ অর্থের তথ্য পাওয়া গেছে।

২০২৬ বিশ্বকাপ আয়োজন ও পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে অলাভজনক সংস্থা এফডব্লিউসি২০২৬ গঠন করে ফিফা। সংস্থাটির ২০২৪ সালের করসংক্রান্ত নথিতে ইনফান্তিনোকে দেওয়া অর্থের উল্লেখ থাকলেও ফিফার বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ফিফা থেকে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ প্রায় ৪৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন ইনফান্তিনো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। বিশ্বকাপ আয়োজক সংস্থা থেকে পাওয়া অতিরিক্ত অর্থ যুক্ত করলে ওই বছর তার মোট প্রাপ্তির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮১ কোটি টাকা।

এ ঘটনায় ফিফার নিজস্ব বিধিমালা নিয়েও প্রশ্ন উঠেছে। সংস্থাটির গঠনতন্ত্রের ৪৩ নম্বর অনুচ্ছেদের ১৩ নম্বর ধারা অনুযায়ী, ফিফা সভাপতি, কাউন্সিল সদস্য ও মহাসচিবের ব্যক্তিগত পারিশ্রমিকের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে। ফলে বার্ষিক প্রতিবেদনে অতিরিক্ত অর্থের হিসাব না থাকায় বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে।

তবে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ফিফা। ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইনফান্তিনোকে ফিফার পক্ষ থেকে দ্বিতীয় কোনো বেতন দেওয়া হয় না। তার বার্ষিক পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণ করে একটি স্বাধীন উপকমিটি।

ফিফার দাবি, আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। সংস্থাটির সব হিসাব স্বাধীনভাবে নিরীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট দেশের কর আইন মেনেই প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। এর আগেও বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। চলতি বছরের শুরুতে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়েও বিতর্কে জড়ান ফিফা সভাপতি।

নতুন এই তথ্য প্রকাশের পর ইনফান্তিনোর পারিশ্রমিকের স্বচ্ছতা এবং ফিফার আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ তদন্তে আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


অপরাধ তদন্তে আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আটটি বিভাগীয় সদরে প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তের জন্য দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইনসের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতায় নির্মিত ভবন ও পরীক্ষাগার পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নতুন সক্ষমতা যুক্ত করবে বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, "আজ আমরা সাইবার পুলিশ অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করলাম। কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এই পুরো কাজটি সম্পন্ন হয়েছে।"

তিনি কোরীয় সরকার, রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি ও সফররত প্রতিনিধিদলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আমরা প্রথম থেকেই একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে।"

তিনি উল্লেখ করেন, নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।

প্রযুক্তির বিকল্প না থাকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপরাধের ধরন বদলে যাচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে নানা অপরাধ ও প্রতারণা সংঘটিত হচ্ছে, এমনকি শেয়ারবাজারে কারসাজিও এর মাধ্যমে করা হচ্ছে।" ডিজিটাল ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।

বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "বিচারব্যবস্থায় মানুষের বিচারপ্রাপ্তি দ্রুত নিশ্চিত করতে হলে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের প্রয়োজন হয়।" অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিক পরীক্ষাগারের সুবিধা, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণে সক্ষম করে তোলা হচ্ছে।

সিআইডির বিদ্যমান পরীক্ষাগার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, "সিআইডি প্রতিষ্ঠার শুরু থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা ও প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে, তবে কোনো চ্যালেঞ্জ নেই।" স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলার বিষয়ে তিনি কথা বলেন।

এ সময় পুলিশের ওপর হামলা ও আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, "অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়, এটি নতুন কিছু নয়।" অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে জন্ম নিল যমজ চার নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে জন্ম নিল যমজ চার নবজাতক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকদের জন্ম হয়।

ক্লিনিক সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার দুটি করেন চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া। দুই প্রসূতির বাড়ি উপজেলার সোনারং গ্রামে। তাদের মধ্যে নাছির মল্লিকের স্ত্রী সায়মা আক্তার দুই কন্যাসন্তান এবং জুম্মন শেখের স্ত্রী কল্পনা আক্তার দুই পুত্রসন্তানের জন্ম দেন।

প্রথমবারের মতো বাবা-মা হওয়ায় দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা। একই দিনে দুই পরিবারের ঘরে যমজ সন্তান জন্ম নেওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

চিকিৎসক ডা. আমেনা খাতুন তানিয়া বলেন, "একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। দুই মায়ের ঘরেই যমজ সন্তান এসেছে। মা ও নবজাতকদের বর্তমান অবস্থা সুস্থ।"

এদিকে, নবজাতকদের জন্মের খবর জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে ইউনাইটেড ক্লিনিক অ্যান্ড প্যাথলজি কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%