১০:০৯ পি.এম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে, আইএলও মহাপরিচালক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশাপ্রকাশ করেন যে, বাংলাদেশের সভাপতিত্বের সময় আইএলওর সাথে সহযোগিতা আরও জোরদার হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
আলোচনায় বাংলাদেশের শ্রমখাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ক গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে, শ্রমখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রমখাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম হ্রাসে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ খাতে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন