০১:৪৫ পি.এম
রাঙ্গামাটিতে চলমান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বিভিন্ন উপজেলায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। বাঘাইছড়িতে বন্যার পানি কমতে শুরু করলেও বরকল এবং জুরাছড়ি উপজেলায় নতুন করে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।
এছাড়াও, জেলায় গাছ উপড়ে এবং পানিতে ডুবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত অঞ্চলের লোকজন এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, আর পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ হতে শুরু করেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাঘাইছড়ি পৌরসভার বাড়বিন্দু ঘাট এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পৌরসভার ৯টি ওয়ার্ড এবং আটটি ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষ এখন পানিবন্দি। অনেক এলাকায় ত্রাণও পৌঁছাচ্ছে না, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বর্তমানে এই উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই হাজার ৪০০ জন মানুষ অবস্থান করছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অন্যদিকে, বরকল এবং জুরাছড়ি উপজেলায় নতুন করে পানির বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। পাহাড়ি ঢলের ফলে বরকল উপজেলার তিনশতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে এই এলাকাগুলোতে নৌ চলাচলও বন্ধ রয়েছে।
বন্যার পানি নামতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। রাঙ্গামাটি কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় মোট ৩ হাজার ৪৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭১৭ হেক্টর শুধুমাত্র ধানি জমি।
মৎস্য বিভাগের তথ্যমতে, জেলার ২০টি ইউনিয়নের ৭৬টি পুকুর এবং খামারের মাছ বন্যায় ভেসে গেছে। এতে মৎস্যচাষিদের এক কোটি ৭২ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে দুই কিলোমিটারেরও বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে এতে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্য অনুসারে, জেলার ১০টি উপজেলায় মোট ১২৫ স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বর্তমানে জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ৩ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। আশ্রয় নেওয়া এসব মানুষকে তিনবেলা খাবার এবং সুপেয় পানি দেওয়া হচ্ছে।
তবে রাঙ্গামাটির জন্য স্বস্তির খবর হচ্ছে যে, বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এই তথ্য জানিয়েছে রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন