০৮:৩২ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণের পথে চলন্ত হাউসবোট থেকে পড়ে গেছে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার সময় উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকার বৌলাই নদীতে এই ঘটনাটি ঘটেছে। নিখোঁজ হওয়া রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের কন্যা।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামক একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে যান। শুক্রবার দুপুরে হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীর দিকে যাত্রা করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে এসে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ করে পানিতে পড়ে যায় শিশু রুকাইয়া। এর পর হাউসবোটে থাকা পর্যটক এবং সংশ্লিষ্ট সবাই নদীতে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেন, কিন্তু তার সন্ধান তাঁরা পাননি।
হাউসবোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম বলেন, মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর হয়ে হাউসবোটটি যাদুকাটার দিকে যাচ্ছিল। পথে বিকেল আড়াইটার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে সবাই তাকে খুঁজতে চেষ্টা করেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৌলাই নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুটির সন্ধানে কাজ করছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, দুপুর আড়াইটার সময় শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারের অভিযান চলছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন