১২:৪২ পি.এম
বগুড়া, ২১ জুলাই, ২০২৬ : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ নামে ৭ দিনব্যাপী একটি আয়োজন।
আজ সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাপতির বক্তব্যে অবগত করেছেন যে, জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি মেটাতে ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমাতে সকলকে বেশি বেশি গাছ লাগানোর অনুপ্রেরণা দেন।
তিনি জানান, ‘আগামী ৫ বছরে দেশে সরকারী লক্ষ্যমাত্রায় ২৫ কোটি বৃক্ষরোপণের কার্যক্রম রয়েছে, যা অর্জনে প্রতিটি নাগরিক, বিশেষ করে শিশুদের অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করার প্রয়োজন আছে।’ এ সময়ে একটি গাছ কাটা হলে তার পরিবর্তে অন্তত দু’টি গাছ লাগানোর তাগিদ দিয়ে চলতি বর্ষা মৌসুমেই সকলকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক পরিবেশ সচেতনতামূলক বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন এবং সঠিক উত্তর দেয়া ৮ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এবছরের মেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকরা অংশগ্রহণ করছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। মেলায় গড়ে ওঠা ৩৯টি স্টলে বিভিন্ন জাতের প্রায় দেড় লক্ষাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা কম খরচে ও সহজে ছাদবাগান কিংবা পারিবারিক বনায়নের জন্য পছন্দসই গাছ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন