সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৬ পি.এম
ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে নগ্ন অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের কাছে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। তারা তাৎক্ষণিকভাবে ধামরাই থানার পুলিশকে খবর দেন, এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকার কারণে মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে পড়ায় প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে। তবে মরদেহটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুমিনদের জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে ইবাদতের মগজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর কাছে বান্দার চাওয়া-পাওয়া, বিপদ থেকে মুক্তি কিংবা কল্যাণের আকাঙ্ক্ষা সবকিছুই দোয়ার মাধ্যমে প্রকাশ পায়। তাই মুসলমানদের দোয়া করার প্রতি উৎসাহিত করা হয়েছে।
তবে অনেকের মনে প্রশ্ন থাকে, "দোয়া করি, কিন্তু কবুল হয় না কেন?" ইসলামী শরিয়তে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলার কথা বলা হয়েছে। সেগুলো হলো-
১. নিষ্ঠার সঙ্গে দোয়া না করা
দোয়ার সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা থাকা অপরিহার্য। শিরক থেকে বিরত থেকে নিজের অক্ষমতা ও দুর্বলতা স্বীকার করে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, "তোমরা একনিষ্ঠচিত্তে দোয়া করো।" (সুরা গাফির: ১৪)
২. তওবা না করা
মানুষ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। নিজের অন্যায় স্বীকার করে আন্তরিকভাবে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম। কোরআনে হজরত মুসা (আ.) এর তওবা এবং হজরত নুহ (আ.) এর ক্ষমা প্রার্থনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। (সুরা কাসাস: ১৬, সুরা নুহ: ১০-১২)
৩. আল্লাহর আনুগত্যে ত্রুটি থাকা
আল্লাহর অবাধ্যতা ও আনুগত্যে গাফিলতি বান্দার জন্য ক্ষতির কারণ হতে পারে। কোরআনে নবী-রাসুলদের আল্লাহর প্রতি বিনীতভাবে ফিরে আসা এবং তাঁর আনুগত্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। (সুরা আম্বিয়া: ৮৯-৯০)
৪. বিনম্রচিত্তে দোয়া না করা
দোয়ার সময় মনকে আল্লাহর দিকে নিবিষ্ট রাখতে হবে। বিক্ষিপ্ত মন নিয়ে কিংবা দোয়ার প্রতি যথাযথ মনোযোগ না দিয়ে দোয়া করা থেকে বিরত থাকা উচিত। হাদিসে দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা ও মনোযোগের গুরুত্ব এসেছে। (সহিহ মুসলিম: ২৭২২)
৫. নিজের অভাব ও দুর্বলতা প্রকাশ না করা
দোয়া মূলত সর্বশক্তিমান আল্লাহর কাছে বান্দার নিজের অসহায়ত্ব ও প্রয়োজনের কথা তুলে ধরা। তাই বিনয়ের সঙ্গে, মিনতি করে এবং নিচু স্বরে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমরা তোমাদের প্রতিপালককে বিনীতভাবে ও গোপনে ডাকো।" (সুরা আরাফ: ৫৫)
৬. খাদ্য, পানীয় ও পোশাক হালাল না হওয়া
দোয়া কবুলের ক্ষেত্রে হালাল উপার্জন ও হালাল জীবনযাপনের গুরুত্ব অত্যন্ত বেশি। সহিহ মুসলিমের একটি হাদিসে এমন এক ব্যক্তির কথা এসেছে, যে সফর করে ধূলিমলিন অবস্থায় আকাশের দিকে দুই হাত তুলে, "হে আমার প্রতিপালক" বলে দোয়া করছে। অথচ তার খাদ্য, পানীয় ও পোশাক হারাম এবং তার শরীর হারাম দিয়ে গঠিত। এরপর রাসুল (সা.) প্রশ্ন করেছেন, "এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে?" (সহিহ মুসলিম: ১০১৫)
এ ছাড়া গুনাহের কাজে দোয়া করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করা এবং দোয়া কবুলে তাড়াহুড়ো করাও পরিহার করতে বলা হয়েছে। রাসুল (সা.) এ বিষয়ে সতর্ক করেছেন। (সহিহ মুসলিম: ২৭৪৫)
তাহলে দোয়া করার পাশাপাশি নিজের আমল, উপার্জন, খাদ্য-পানীয় ও জীবনযাপনের দিকেও নজর দেওয়া জরুরি। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আন্তরিকভাবে দোয়া করতে হবে এবং কবুলে বিলম্ব হলে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট নগরীতে তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আলাদাভাবে সমন্বয় সভা করেছে। সব মিলিয়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে সন্ধ্যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা পরিদর্শন করেন এবং রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "রাষ্ট্রপতি মঙ্গলবার সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যেন সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।"
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। রাষ্ট্রপতি নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিসিক প্রশাসক জানান, হযরত শাহজালাল (রহ.) এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন নিয়মিতভাবে কাজ করে আসছে। রাষ্ট্রপতির সফরের জন্য এসব কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করা হয়েছে।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী এনামুল হক তাপাদার, উপসহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান ও মো. কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন সিলেটে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সমন্বয় সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গ্যাসের দীর্ঘ সংকটের পর অবশেষে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইতোমধ্যে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে এবং কারিগরি কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই মূল ইউরিয়া সার উৎপাদনে যাচ্ছে চট্টগ্রাম আনোয়ারার এই সার কারখানাটি।
সার কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল অ্যামোনিয়া তৈরির কাজ শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে প্ল্যান্টটি বন্ধ থাকায় ইউরিয়া ইউনিটের কিছু পাইপলাইন ও যন্ত্রাংশে সাধারণ মেরামত ও সুরক্ষামূলক তদারকি করা হচ্ছে। এসব মেকানিক্যাল প্রস্তুতি সম্পন্ন হলে ইউরিয়া উৎপাদন পুরোদমে শুরু হবে।
সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কারখানাটি প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছে। গ্যাস পাওয়ার পরপরই অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। ইউরিয়া প্ল্যান্টের সাময়িক যান্ত্রিক প্রস্তুতি শেষ করে শিগগিরই কারখানার সার্বিক উৎপাদন কার্যক্রম শুরু হবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নির্দেশনার আলোকে কৃষিভিত্তিক শিল্প উৎপাদন সচল রাখতে সার ও বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিইউএফএলে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পৌঁছানো হচ্ছে এবং প্ল্যান্ট চালু রাখা সাপেক্ষে গ্যাসের যোগান আরও বাড়ানো সম্ভব।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক পরিচালিত এই কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার টন ইউরিয়া সার তৈরি হয়। কারখানাটি পুরোপুরি উৎপাদনে ফিরলে তা দেশের কৃষিখাতে সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় একটি গরুর খামার ও খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের দ্রুত কার্যক্রমের ফলে আশপাশের বসতঘর ও অন্যান্য স্থাপনার বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায়। আগুনে মো. সোহেল শেখের গরুর খামারের কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি ঘর এবং খড়ের গাদা পুড়ে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় খামারে থাকা গরুগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো ব্যক্তি হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে তা আশপাশের বসতঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ