ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী নতুন ধানের জাত উদ্ভাবনের সম্ভাবনা


হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী নতুন ধানের জাত উদ্ভাবনের সম্ভাবনা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল গবেষক উচ্চ ফলনশীল, মরণঘাতী ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং চরাঞ্চল উপযোগী ধানের নতুন জাত উদ্ভাবনের দিকে অগ্রসর হচ্ছেন। দিনাজপুরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) গবেষণা মাঠে পরিচালিত এই গবেষণার ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গবেষণাটি পরিচালিত হচ্ছে হাবিপ্রবির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুর রহমান এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামানের যৌথ তত্ত্বাবধানে। এগ্রোনমি বিভাগের মাস্টার্স ডিগ্রীতে অধ্যয়নরত তিনজন শিক্ষার্থী– মোছা. আজিজা খাতুন, মো. শামসুল আলম মানিক ও মো. মাসুম রেজা– তিনটি আলাদা প্রজেক্টে কাজ করছেন।

প্রথম প্রজেক্টে মোছা. আজিজা খাতুন বিলুপ্তপ্রায় ৬টি দেশীয় ধান নিয়ে গবেষণা করছেন। এই ধানগুলো ক্ষতিকর ব্লাস্ট রোগের বিরুদ্ধে ১০০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করেছে। দ্বিতীয় প্রজেক্টে মো. শামসুল আলম মানিক চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কম সেচ ও সীমিত নাইট্রোজেন সার ব্যবহার করে আমন ধানের উচ্চ ফলনের সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তৃতীয় প্রজেক্টে মো. মাসুম রেজা সনাতন প্রজনন পদ্ধতিতে ষষ্ঠ প্রজন্মের উন্নত লাইন এবং উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ‘ফাইন ব্ল্যাক রাইস’ (চিকন কালো ধান) উদ্ভাবনের ট্রায়াল চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: সৌরশক্তিচালিত সেচে কৃষি খাতে ব্যয় কমছে, উৎপাদন বাড়ছে

সম্প্রতি পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে চলমান প্রজেক্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. জাফর ইকবাল এবং দিনাজপুর আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ জাহিদ হাসান। এ সময় গবেষক দল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

কৃষিবিদ মো. জাফর ইকবাল পরিদর্শনকালে বলেন, এখানে জেনেটিক রিসোর্স সমৃদ্ধকরণ ও প্রোডাক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে যে ট্রায়ালগুলো স্থাপন করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কোনো উদ্ভাবনকে জাত হিসেবে আত্মপ্রকাশ করতে হলে বিদ্যমান জাতগুলোর চেয়ে এগ্রোনমিক বৈশিষ্ট্য ও ফলনে অন্তত ১০ শতাংশ বেশি অর্জন দেখাতে হয়। ফসল কাটার পর কাঙ্ক্ষিত প্যারামিটারগুলো পূরণ হলে জাতীয় বীজ বোর্ডে (এনএসবি) আবেদন করা যাবে। পরবর্তীতে বীজ প্রত্যয়ন এজেন্সির অধীনে দেশে বহু-আঞ্চলিক ট্রায়াল সফল হলে এটি কৃষকদের জন্য নতুন হিসেবে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।

এই গবেষণার ভূয়সী প্রশংসা করে ড. সৈয়দ জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ কৃষক পর্যায়ে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ জানান, দিনাজপুর ব্লাস্ট রোগের হটস্পট হওয়ায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় রোগপ্রতিরোধী ও চর এলাকার উপযোগী নতুন জাত উদ্ভাবনই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন: সদরপুরের মাঠে আমনের সবুজ ঢেউ, কৃষকদের প্রত্যাশা ও দুশ্চিন্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবির ক্যাফেটারিয়ায় খাবারে মিলল কেড়া পোকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


পাবিপ্রবির ক্যাফেটারিয়ায় খাবারে মিলল কেড়া পোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে কেড়া পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ক্যাফেটারিয়ায় খাবার গ্রহণের সময় তরকারির মধ্যে এই পোকা পাওয়া যায়।

তথ্য সংগ্রহের পর জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষে দুপুরের খাবার খেতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় যান। দীর্ঘ অপেক্ষার পর খাবার হাতে পেয়ে খেতে বসার সময় ভুক্তভোগী শিক্ষার্থী রুহুল আমিন খাবারের মধ্যে কেড়া পোকা দেখতে পান।

রুহুল আমিন বলেন, “প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন খাবার হাতে পেলাম, তখন দেখি খাবারের মধ্যে একটি বড় আকারের কেড়া পোকা রয়েছে। সকাল থেকে পরীক্ষা দিয়ে এসে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে হয় এবং খাবারের মধ্যে এ ধরনের পোকা পাওয়া যায়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব?”

তিনি আরও জানান, পোকা পাওয়ার পর আমরা কয়েকজন বন্ধু মিলে ক্যাফেটেরিয়ার কর্মচারীদের কাছে অভিযোগ জানালে তারা আমাদের আশ্বস্ত করার পরিবর্তে বলেন, “যা ইচ্ছা তাই করেন, যাকে পারেন বিচার দেন।” এ ধরনের আচরণে আমরা আরও হতাশ হয়েছি।

রুহুল আমীনের অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার সোহানকে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. মো. একরামুল ইসলাম বলেন, “এবিষয়ে আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। হয়তোবা রান্নার পরে পোকাটি এসেছিলো। কারণ, আগে পোকাটি পড়লে তো সিদ্ধ হয়ে সব শেষ হয়ে যেত। আমি ক্যাফেটেরিয়ার সবাইকে বলেছি, পরবর্তীতে তাঁরা যেন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকে।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা

ছেলের ভিডিও গেমের আসক্তি কাটানোর উদ্দেশ্যে ৬০ বছর বয়সী এক চীনা নারী নিজেই অনলাইন গেমিং জগতের একজন জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত ঝোং জুয়ানজুয়ান এখন প্রতিদিন হাজারো তরুণের সামনে গেম খেলছেন।

ঝোং গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের শহরতলিতে বসবাস করেন। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি চার বছর আগে ভিডিও গেম খেলা শুরু করেন। বর্তমানে তার গেমিং লাইভ-স্ট্রিম দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শক যুক্ত হন।

ঝোং প্রাথমিক শিক্ষা শেষ করেছেন এবং জীবনের বিভিন্ন সময়ে সেলস ও শিশু পরিচর্যা সহ বিভিন্ন খণ্ডকালীন কাজ করেছেন। প্রায় এক দশক আগে তিনি কর্মজীবন থেকে অবসর নেন।

তবে গেমিংয়ের সঙ্গে ঝোংয়ের সম্পর্ক শুরু হয়েছিল অনেক আগে, যখন তার ছেলে মাধ্যমিক স্কুলে পড়ার সময় ভিডিও গেমে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। এতে তার পড়াশোনায় ব্যাপক অবনতি ঘটে।

ছেলেকে গেম থেকে দূরে রাখতে ঝোং প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেতে ছুটে যেতেন। কখনো কখনো সেখান থেকে ছেলেকে ধরে বাড়িতেও নিয়ে আসতেন।

২০২০ সালে পরিস্থিতি নতুন মোড় নেয়। চাকরি থেকে অবসর নেওয়ার পর তার ছেলে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে বসে গেম খেলতে শুরু করেন। গেমের প্রতি তরুণদের আকর্ষণের কারণ বুঝতে ঝোং নিজেই গেমিংয়ের জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন।

মায়ের এই সিদ্ধান্তে শুরুতে সোদে অবাক হয়েছিলেন। তবে পরে তিনি ধৈর্য ধরে মাকে গেম খেলার নিয়মকানুন শেখাতে শুরু করেন।

৬০ বছর বয়সে এসে গেম শেখা ঝোংয়ের জন্য সহজ ছিল না। বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং হাত-চোখের প্রতিক্রিয়ার গতি ধীর হওয়ায় শুরুতে নানা সমস্যায় পড়তে হয় তাকে। গেমের চরিত্রকে সোজা পথে হাঁটানো তার জন্য কঠিন ছিল। দেয়ালে ধাক্কা খাওয়া কিংবা ডিজিটাল সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মতো সাধারণ বিষয়ও আয়ত্ত করতে সময় লেগেছে।

তবে কোনো বাধাই তাকে থামাতে পারেনি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গেমিংয়ে দক্ষ হয়ে ওঠেন ঝোং। ২০২২ সাল থেকে তিনি নিজের গেম খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ-স্ট্রিম করা শুরু করেন।

সাধারণ মানের কম্পিউটার ও গেমিং সরঞ্জাম ব্যবহার করেও তার দক্ষতা দর্শকদের নজর কাড়ে। এ পর্যন্ত অনলাইন গেমে ৮ হাজার ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন তিনি। কৌশলভিত্তিক শুটিং গেমই তার সবচেয়ে পছন্দের।

২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক গেমিং অঙ্গনে পরিচিতি পান ঝোং। সে সময় জনপ্রিয় শুটিং গেম ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেন্সিভ’ (CS)-এর একটি বিশেষ অনলাইন প্রদর্শনী ম্যাচে খেলার আমন্ত্রণ পান তিনি।

ছেলের গেমিং আসক্তি ছাড়ানোর চেষ্টা থেকেই যে যাত্রার শুরু, তা আজ ঝোংকে পরিণত করেছে জনপ্রিয় গেমার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায়। হাজারো তরুণ দর্শকের কাছে ‘আন্টি জুয়ান’ এখন বয়সকে হার মানানো অধ্যবসায়, ধৈর্য ও অদম্য ইচ্ছাশক্তির প্রতীক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


হামে ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হয়েছে দুইজনের এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। একই সময়ে সারা দেশে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬ জন। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল কলেজছাত্রী নীলা খাতুনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল কলেজছাত্রী নীলা খাতুনের মরদেহ

সাতক্ষীরার তালা উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাবের প্রতিবাদ করার পর বাবাকে মারধরের ঘটনাটি ঘটার কয়েক দিন পর ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ধুলান্ডা গ্রামে নিজ বাড়ি থেকে নীলা খাতুন নামের কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজে যাওয়ার পথে প্রতিবেশী তিন যুবক- রকি শেখ, শোয়েব মালী ও ইমন শেখ নীলাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিচ্ছিল। এ বিষয়ে নীলার বাবা লিটন শেখ অভিযুক্তদের অভিভাবকদের একাধিকবার সতর্ক করেছিলেন।

১ অক্টোবর, অভিযুক্তরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে হুমকি দেয় এবং এলাকায় অপপ্রচার চালায়। প্রতিবাদ জানালে প্রতিবেশী আকলিমা খাতুনের সঙ্গে নীলার বাগ্‌বিতণ্ডা ঘটে। পরদিন ২ অক্টোবর, কর্মস্থলে যাওয়ার পথে লিটন শেখকে ধরে নিয়ে একটি বাড়ির উঠানে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। বাবাকে বাঁচাতে গেলে নীলা ও তার মা দেলোয়ারা বেগমকেও মারধর করা হয়। এই ঘটনার পর লিটন শেখ তালা থানায় আমজেদ শেখ, রকি, শোয়েব, ইমন, ইমরান ও আকলিমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবারের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি এবং অভিযুক্তরা হুমকি অব্যাহত রেখেছিল। তিন দিন পর নীলার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা সাদ্দাম হোসেন দাবি করেন, মরদেহ উদ্ধারের সময় নীলার পা মাটিতে স্পর্শ করছিল এবং গলায় ফাঁসের কোনো স্বাভাবিক দাগ ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যায়নি, যা বর্তমানে রিং করলেও কেউ ধরছে না। তাদের ধারণা, নীলাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এই পরিণতি ঘটতো না।

এদিকে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার আক্তারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছিল। তিনি আরও জানান, সোমবার রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এবং পুলিশ বা সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা ছিল কিনা, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%