রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৫ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাস ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতও।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’সহ নানা স্লোগান শোনা যায়। তারা নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, দখলদারত্ব ও সহিংসতার রাজনীতি থেকে মুক্ত রাখতে আমরা সোচ্চার। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেন ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পুনরায় তৎপরতার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব তৎপরতার প্রতিবাদ জানাচ্ছি।”
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার মাধ্যমে ভারতকে পিছনে ফেলে ইংল্যান্ড টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করার পর এই পরিবর্তন ঘটে।
ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের রেটিং পয়েন্ট ইংল্যান্ডের সমান, উভয়ের রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১, অন্যদিকে ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকার কারণে ইংল্যান্ড শীর্ষে অবস্থান করছে।
এ বছর এটি ইংল্যান্ডের জন্য দ্বিতীয়বার শীর্ষে ওঠার ঘটনা। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারানোর পর তারা প্রথমবার শীর্ষে উঠেছিল। এরপর ভারত খুব বেশি সময় নেয়নি সেই স্থান পুনরুদ্ধার করতে, একই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তারা শীর্ষস্থান ফিরে পায়। এবার আবার ইংল্যান্ড সেই এক নম্বর স্থান দখল করেছে।
হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্রুক ২৬টি টি-টোয়েন্টির মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন। শনিবারের ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ১৫তম জয়।
অন্যদিকে, নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের শুরুটা ভালো হয়নি। আইয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।
তবে পরবর্তী দুই সিরিজে তারা ঘুরে দাঁড়িয়েছে। যদিও জিম্বাবুয়ে ও আফগানিস্তান শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, তবুও ভারতের পরবর্তী অভিযান হবে এশিয়ান গেমসে।
হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের পর ভারতের অবস্থান রয়েছে, এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য এবং আলোচনায় ফিরে আসার জন্য ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় এই শর্তগুলো মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শর্তগুলো প্রত্যাখ্যান করেন, তাহলে ইরান ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই উল্লেখ করেছেন যে, কাতার ইতোমধ্যে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে, এবং এখন তেহরান ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। যদিও সাতটি শর্তের সবকটি প্রকাশ করা হয়নি, তিনি তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন। এই দাবিগুলো হলো—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, বিশ্বজুড়ে ইরানের জব্দ করা অর্থ মুক্ত করা, এবং তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা।
মোহসেন রেজাই আরও জানিয়েছেন, নতুন করে মার্কিন হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও কূটনৈতিক উপায়ে দ্রুত যুদ্ধের অবসান চায় তেহরান। তবে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগরে থাকা মার্কিন নৌসম্পদ এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানো হবে।
সাক্ষাৎকারে পারমাণবিক নীতি সম্পর্কে তিনি বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হচ্ছে না এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত ধর্মীয় ফতোয়া মেনে চলছে। তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে তেহরান এই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা প্রায় ৪০ বছর ধরে রেলস্টেশনে দাঁড়িয়ে যাত্রীদের হাতে রাজনৈতিক প্রচারপত্র তুলে দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও এই অভ্যাসটি বজায় রেখেছেন।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চিবা এলাকার মিনামি-ফুনাবাশি স্টেশনে নোদাকে দেখা গেছে। তার সরকারি কর্মসূচির অনুযায়ী, সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সেখানে প্রচারপত্র বিতরণের কথা ছিল। এবারের প্রচারপত্র বিতরণের সময় তিনি কোনো বক্তব্য দেননি। যাত্রীদের হাতে সরাসরি প্রচারপত্র তুলে দিয়েছেন।
এই প্রচারপত্রে দুর্যোগ বীমা, শিশু সহায়তা ও প্রাদেশিক সংস্কারের মতো স্থানীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কিছু যাত্রী নোদাকে চিনে তার কাছ থেকে প্রচারপত্র গ্রহণ করেন। আবার অনেকেই তাকে না চিনেই পাশ দিয়ে চলে যান।
নোদার স্টেশনে দাঁড়িয়ে প্রচারপত্র বিতরণের অভ্যাসটি ১৯৮৬ সালে শুরু হয়। তখন তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেননি। ১৯৮৭ সালে চিবা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে জাপানের সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হন।
নোদা পরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরও স্টেশনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই পদ্ধতি তিনি বন্ধ করেননি।
নোদার সরকারি ওয়েবসাইটে সেপ্টেম্বর ২০২৬-এর কর্মসূচিতে বিভিন্ন রেলস্টেশনে সকালে প্রচারপত্র বিতরণের একাধিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনি শুধুমাত্র প্রচারপত্র বিতরণ করছেন এবং বক্তব্য দিচ্ছেন না।
জাপানে রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে রেলস্টেশনে দাঁড়িয়ে প্রচারপত্র বিতরণ ও যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঘটনা পরিচিত। তবে নোদার ক্ষেত্রে বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে তার দীর্ঘ সময় ধরে একই কাজ চালিয়ে যাওয়ার কারণে।
প্রধানমন্ত্রীর মতো দেশের সর্বোচ্চ রাজনৈতিক দায়িত্ব পালন করার পরও প্রায় চার দশক ধরে একইভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচারপত্র তুলে দেওয়ার এই অভ্যাস তার রাজনৈতিক জীবনের ভিন্ন একটি দিক তুলে ধরেছে।
সূত্র: দ্য গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে পঞ্চম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন আর্সেনালকে বড় ধাক্কা দিয়েছে। গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে গানারদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাইটন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরে ব্রাইটন। প্রথম কয়েক মিনিট নিজেদের অর্ধ ছেড়ে চ্যাম্পিয়নদের বের হতে দেয়নি তারা।
প্রথম সুযোগ পায় ব্রাইটনই। চারালাম্বস কোস্তোউলাসের শট ঝাঁপিয়ে আঙুলের ছোঁয়ায় কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। গতিময় ফুটবলে গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকে ব্রাইটন। ৩১তম মিনিটে দূরপাল্লার গতিময় শটে জাল খুঁজে নেন পাসকাল গোস।
কোস্তোউলাসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে একটু সময় নিয়ে শট নেন তিনি। কাছের পোস্টের ভেতরে লেগে বল জড়ায় জালে। এটি গোসের জন্য সবশেষ পাঁচ ম্যাচে চতুর্থ গোল।
৪৫তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন বুকায়ো সাকা। খুব কাছ থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বল যায় ব্রাইটন গোলরক্ষকের গ্লাভসে। প্রথমার্ধে তিনটি শট নিয়ে এই একটিই কেবল লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। সেখান থেকেই পাল্টা আক্রমণে সতীর্থদের পা ঘুরে ডি-বক্সের বাইরে বল পান কোস্তোউলাস। বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তিনি। গোলরক্ষকের জন্য তেমন কিছু করার ছিল না।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল ভালো শুরু করে। আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটনকে। কিন্তু লিগে আগের চার ম্যাচে ১৩ গোল করা দলটি রক্ষণে গুটিয়ে যায়নি। বরং পাল্টা আক্রমণ চালিয়ে যায়নি। ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন চিমা আন্দ্রেস।
গোসের দারুণ কর্নারে চমৎকার হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ৭৮তম মিনিটে ব্যবধান কমানোর খুব ভালো একটি সুযোগ কাজে লাগাতে পারেননি কাই হাভার্টজ। ডি-বক্স থেকে তার শট পা বাড়িয়ে কোনোমতে ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক।
৮৭তম মিনিটে ম্যাট ও’রাইলির চেষ্টা ঠেকিয়ে ব্যবধান আরও বাড়তে দেননি রায়া। একজনের শট রাইলির মাথায় লেগে জালের দিকে যাচ্ছিল। দারুণ রিফ্লেক্সে মাঝপথে থামান আর্সেনাল গোলরক্ষক। তিন মিনিট পর আবার রাইলির চেষ্টা ব্যর্থ করে দেন রায়া। পরে মালিক ইয়ালকুর শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে!
এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুই নম্বরে নেমে গেছে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে অবস্থান করছে ব্রাইটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ