০৬:১৪ পি.এম
লিওনেল মেসি যেন শুধু ফুটবল মাঠে খেলার জন্য নামেন না, বরং নতুন এক রূপকথা লিখতে আসেন। আজ শনিবার (৪ জুলাই) সকালে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সে এসেও এক ম্যাচেই তিনি ভেঙে দিয়েছেন ফুটবল ইতিহাসের একাধিক রেকর্ড। কাতার বিশ্বকাপের ওই অতিমানবীয় রূপ ধরে রেখে আজকের ম্যাচে তিনি শুধু গোলই করেননি, বরং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ‘গোল কুড়ি’র এক মাইলফলক স্পর্শ করে একটি অনন্য রেকর্ড গঠন করেছেন এই মহাতারকা।
আজকের ম্যাচে কেপ ভার্ডের বিপক্ষে মাঠে নেমেই প্রথম রেকর্ডটি গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আজ ৩০তম ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। এরপর ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই জাদুকর। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলারের ২০টি গোল করার রেকর্ড নেই।
চলতি বিশ্বকাপে আজ মেসি নিজের সপ্তম গোলটি করেছেন। এর মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) অন্তত ৭টি বা তার বেশি গোল করার একটি অনন্য রেকর্ড গড়লেন তিনি। আর মাত্র একটি গোল করলেই ১৯৩০ বিশ্বকাপে গুইলারমো স্ট্যাবিলের গড়া এক আসরে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ ৮ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন তিনি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আজকের ম্যাচের পর বিশ্বকাপের নকআউট পর্বে মেসির অবদান পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে নকআউট পর্বের খেলাগুলোর জন্য সরাসরি ১২টি গোলে ভূমিকা রেখেছেন তিনি (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট)। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের যৌথভাবে সর্বোচ্চ ১১টি গোলের অবদানের রেকর্ডটি।
এছাড়াও, হাঙ্গেরির গিয়র্গি সারোসি এবং ব্রাজিলের ভাভার পর ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার অনন্য নজির গড়েছেন মেসি। আর্জেন্টিনার খেলা গত ৬টি নকআউট ম্যাচের দিকে তাকালে মেসির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, যেখানে দলের ১০টি গোলের সঙ্গেই সরাসরি তিনি জড়িত (৬ গোল ও ৪ অ্যাসিস্ট)।
বয়স যে তার ফুটবল পারফরম্যান্সেকে কমাতে পারেনি, তার প্রমাণ দেয় আরেকটি পরিসংখ্যান। ৩৫ বছর পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে একাই ১৪টি গোল করেছেন মেসি। অথচ ফুটবল ইতিহাসে ৩৫ বছর পার হওয়া পৃথিবীর অন্য সব ফুটবলার মিলে বিশ্বকাপে গোল করতে পেরেছেন মোট ২৫টি!
আজ ৩৯ বছর বয়সি মেসি যখন কেপ ভার্ডের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহার জালে বল পাঠান, ঠিক তখন আরেকটি অদ্ভুত রেকর্ড তৈরি হয়। গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ছিল ৭৯ বছর ৬১ দিন–যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা ও গোলরক্ষকের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত ২২টি ভিন্ন দেশের মুখোমুখি হয়ে ১৪টি দেশের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই রেকর্ডের দিনে কেপ ভার্ডেকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা আরও সুসংহত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন