বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
১০:৩০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া সদরে অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ছয়জনের বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকা অবস্থিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানের মাধ্যমে এই জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কুমিল্লা অফিসের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানের মধ্যে ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করা হয় এবং ওয়েল্ডিং করে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে, এমএস পাইপ এবং প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ : বাংলাদেশকে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট-২০২৬।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন আজ রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
তিনি এসময় বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারিত্বে দুই দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হচ্ছে।
সচিব মো. আনোয়ার হোসেন জানান, সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উন্নয়ন কৌশল প্রণয়নে মতামত ও সুপারিশ দেবেন।
তিনি বলেন, সরকার, শিল্প খাত এবং একাডেমিয়ার সমন্বয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা ও নীতিনির্ধারণে ন্যাশনাল এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠান দেশের এআই গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সামিটের অংশ হিসেবে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬ অনুষ্ঠিত হবে জানিয়ে সচিব বলেন, এই এক্সপোতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেমসহ বিভিন্ন ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হবে। এই এক্সপোতে মোট ৩৫টি প্রদর্শনী স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠনকল্পে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠনকল্পে সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা বগুড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন। নগরের প্রতিটি ওয়ার্ডে ১২ থেকে ১৫ জন নিয়ে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে। মহানগর সমন্বয় কমিটি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য মাফতুণ আহমেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০২৬ কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই ভারত একটি পদক নিশ্চিত করেছে। অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই রিংয়ে না নেমেই নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে উঠে যাওয়ায় ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
এবারের গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এই ওজন শ্রেণিতে নির্ধারিত আটজনের পরিবর্তে অংশ নিচ্ছেন মাত্র পাঁচজন বক্সার। শেষ মুহূর্তে তিন প্রতিযোগী নাম প্রত্যাহার করে নেওয়ায় লভলিনা সহ তিনজন সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন।
বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার বক্সারই পদক নিশ্চিত করেন। ফাইনালে জয়ী পান স্বর্ণ, রানারআপ পান রূপা এবং সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সার পান ব্রোঞ্জ। ফলে কোনো ম্যাচ না খেলেই লভলিনার অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
অতএব, ভারতের এই তারকার লক্ষ্য আরও বড়। সেমিফাইনালে টুভালুর তাফাকিকে হারাতে পারলে তিনি ফাইনালে উঠবেন এবং অন্তত রুপা নিশ্চিত করবেন। আর ফাইনালে জিততে পারলে গলায় উঠবে স্বর্ণপদক।
আগামী কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। সেখানে ৭৪টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য লড়াই করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভেসপা। সেই বাহনটি এখন প্রায় বিলুপ্তির পথে। দেখতে অনেকটা এই যুগের স্কুটির মতো।
ইতালির মোটর যানটি এই দেশে ৬০-৭০ দশকে জনপ্রিয়তা পায়। ৯০দশকে সেই জনপ্রিয়তার ভাটা পড়ে। বিশেষ করে মোটর সাইকেল সহজলভ্য হয়ে পড়ায় ভেসপার চাহিদা কমে যায় বলে জানা যায়।
কুমিল্লা নগরী ও জেলায় ৬০ এর দশকের প্রথম দিকে ভেসপা ব্যবহার শুরু করেন বিত্তবান সৌখিন পরিবারের সদস্যরা। নিভু নিভু করে টিকে থাকা সেই ভেসপার ভিড় এখন দেখা যায় নগরীর কাপ্তান বাজার এলাকায় আলী আক্কাসের মেকানিক দোকানে।
সূত্র জানায়, কুমিল্লায় ৬০এর দশকে কুমিল্লায় ভেসপা আমদানি করেন পরিবহন ব্যবসায়ী মাস্টার নিজাম উদ্দিন আহমেদের বড় ছেলে কামাল উদ্দিন আহমেদ। তবে এর বেশি ক্রেতা ছিলো চট্টগ্রামের লোকজন। প্রথম দিকে কুমিল্লায় ৪-৫টি ভেসপা থাকলেও ধীরে ধীরে তা দুইশ’ ছাড়িয়ে যায়। ৯০ দশক পর্যন্ত ভেসপার সেই দাপট বহাল ছিলো। শহরে উল্লেখযোগ্য ভেসপা ছিলো ঠাকুরপাড়ার প্রয়াত ব্যবসায়ী আবদুল হাকিম মজুমদারের, চক বাজারের ডিলার বাবর মিয়ার ছেলে খোকনের, সাতোরার ছানু মিয়া চেয়ারম্যানের ও মো. সেলিমের, ফৌজদারির আতাউর রহমান এসডিও'র ছেলে বাবরের, ধর্মপুরের আবদুল হালিমের। ৬০ দশকে ফ্যাশনেবল ভেসপা চালাতেন শাসনগাছা এলাকার মাস্টার নিজাম উদ্দিন আহমেদের মেঝ ছেলে কামাল উদ্দিন আহমেদ, তার ভেসপার সিটে লাগানো ছিলো বাঘের চামড়া, নিচের অংশে ছিলো হরিণের চামড়া। ৭০দশকে ফ্যাশনাবল ভেসপা চালাতেন তার ভাগ্নে তালপুকুর পাড়ের জামিল আহমেদ খন্দকার। তার ভেসপা চালানো দেখতে অনেকে সড়কের পাশে এসে দাঁড়াতেন। তার ভেসপা ছিল বিশেষ ডেকোরেশন করা। এতে বিশেষ সাউন্ড সিস্টেম লাগানো ছিলো।
ব্যবসায়ী মাস্টার নিজাম উদ্দিন আহমেদের ছেলে জসিম উদ্দিন আহমেদ বলেন, বড় ভাই জামাল উদ্দিন আহমেদ ভেসপা আমদানি করেন। তার ছোটজন কামাল উদ্দিন আহমেদ ছিলেন সৌখিন ভেসপা চালক। তার ভেসপায় বাঘ ও হরিণের চামড়া লাগানো থাকতো। সেটি গোপনে ১৯৬২ সালের দিকে প্রথম চালনা শুরু করেন। নিজে কিনেন ৭০ দশকের দিকে। আমার সেই ভেসপা এখনও সচল রয়েছে। এটি এখন কাপ্তান বাজারের মেকানিক আলী আক্কাসের নিকট মেরামত করি। জেলায় আর কোন মেকানিক শপ নেই। পাশের জেলা থেকেও এখানে লোকজন ভেসপা মেরামত করতে আসেন।
জামিল আহমেদ খন্দকার বলেন, তারুণ্যের সেই দিন গুলো এখনও মনে পড়ে। ভেসপা ছিলো আমাদের তারুণ্যের সৌখিন বাহন। বয়সের কারণে এখন অনিয়মিত চালাই।
কুমিল্লা নগরীর একমাত্র ভেসপা মেকানিক আলী আক্কাস বলেন, ১৯৬৫সালের দিকে ১০বছর বয়সে পুলিশ লাইন এলাকায় কেনু মিয়ার নিকট কাজ শিখি। বেবি টেক্সি দিয়ে কাজ শেখা শুরু করি। মোটর সাইকেলও মেরামত করতাম। শেষে ভেসপা মেরামতের কাজ শুরু করি। এখন শুধু ভেসপা মেরামত করি।
লাকসাম থেকে এক সময় চান মিয়া, সুরুজ মিয়া ও রহিম মিয়াও ভেসপা মেরামত করতে কুমিল্লায় নিয়ে আসতেন। এখনও ২৫-৩০টি ভেসপা টিকে আছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ