১১:৪৬ পি.এম
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠত্বের মহাকাব্যিক লড়াইয়ে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বহু ফিলিস্তিনি সমর্থক স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের বিশ্বাস—ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানই এই সমর্থনের প্রধান কারণ।
২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট সমাধানে অবদান রাখা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়া।
স্পেন জাতীয় দলের কয়েকজন ফুটবলার এবং কোচও গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য লামিনে ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনিদের কাছে এই পদক্ষেপগুলো ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক বেশি প্রতীকী গুরুত্ব বহন করছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গাজার পঙ্গুদের ফুটবল দল গাজা আল ইরাদা (গাজা ডিটারমিনেশন)-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি জানালেন, পুরো ফিলিস্তিনি জাতি চাইছে স্পেন বিশ্বকাপ জিতে। তিনি বলেন, এই খেলোয়াড়রা তাদের পা বা হাত হারিয়েছে, কিন্তু যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করার শক্তি তাদের কাছে হারায়নি।
এ সময় তিনি বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা যেমন বাড়ছে, তেমনি গাজাতে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কিন্তু গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার কারণে টুর্নামেন্টের ম্যাচ দেখা দিন দিন কঠিন হয়ে উঠছে।
সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি জানিয়েছেন, বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির সংকট ও অতিরিক্ত দামের কারণে জেনারেটর চালানোও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির মূল্য সাধারণ ফিলিস্তিনিরা দিচ্ছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
যুদ্ধের কারণে প্রায় হারিয়ে যাওয়া ক্রীড়া পরিবেশ কিছুটা ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছেন আল-আফিফি। বর্তমানে এটি গাজা উপত্যকার একমাত্র সচল ফুটবল ক্লাব, যেখানে খেলোয়াড়রা অনুশীলন ও খেলার সুযোগ পাচ্ছেন।
সূত্র: আলজাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন