১২:০২ এম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী রবিবার জানিয়েছে, ‘ঝুঁকিপূর্ণ পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করায় দুটি জাহাজ ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে।
এছাড়া একই সময়ে অন্য দুটি বাণিজ্যিক জাহাজ ওই পথ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির দাবি, ‘মার্কিন সন্ত্রাসীদের’ মদদপুষ্ট মোট চারটি জাহাজ তাদের নেভিগেশন সিস্টেম (যোগাযোগ ব্যবস্থা) বন্ধ করে দিয়েছিল।
জাহাজগুলো হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ কেন্দ্রের বারবার দেওয়া সতর্কবার্তাও পুরোপুরি উপেক্ষা করে। এরপরই তারা অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে এই কৌশলগত নৌপথ পার হওয়ার চেষ্টা চালায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, যারা যুক্তরাষ্ট্রের উসকানিমূলক কথায় প্ররোচিত হয়ে ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করবে, তারা নিশ্চিতভাবেই দুর্ঘটনার মুখোমুখি হবে। চারটি জাহাজের মধ্যে দুটিকে পথেই জোরপূর্বক থামিয়ে দেওয়া হয়েছে এবং বাকি দুটি তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে।
আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কেবল ইরানি কর্তৃপক্ষের অনুমোদিত রুটেই জাহাজ চলাচল করতে পারবে। পূর্বানুমতি ও সহযোগিতা ছাড়া এই নৌপথ দিয়ে ‘এক ফোঁটা তেল, গ্যাস কিংবা রাসায়নিক সারও’ পার হতে দেওয়া হবে না বলেও তারা পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তান-মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এবং যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে এই ঘটনা ঘটল। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজরদারি ও কড়াকড়ি আরও বাড়িয়েছে ইরান।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন