শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৩৮ পি.এম
বাংলাদেশ সম্পর্কে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ছবিটি বিশ্লেষণ করে।
দ্য ডিসেন্ট জানায়, সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাত মেলাচ্ছেন বা কুশল বিনিময় করছেন। পোস্টের সঙ্গে একটি ক্যাপশন যুক্ত করে তিনি লেখেন— "উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? ওয়েট... ক্যামেরাম্যান ফোকাস করো, উনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কীসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!"
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট বিষয়টি নিয়ে জানিয়েছে, ময়ূখ রঞ্জন ঘোষের শেয়ার করা ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নেটিজেনরা মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং দর্শক বা ভিউ পাওয়ার আশায় যাচাই-বাছাই ছাড়া এই ভুয়া ছবি প্রচার করে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার(২৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান।
পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।
উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২৫ বছর বয়সী বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীর ওপর ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারীর পিতা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত রবিন খলিশাউড় ইউনিয়নের কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের পুত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী আব্দুল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বাড়ির পাশে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তার শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রবিন পালিয়ে যায়। তারা ওই নারীকে উদ্ধার করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শনিবার সকালে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগী নারীকে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ আমেরিকান গেমসে ফুটবলের সোনা জয়ের স্বপ্ন আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের জন্য পূর্ণ হলো না। ফাইনালে প্যারাগুয়ের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত হয়ে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দিয়েগো প্লাসেন্তের দলের।
মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে রোসারিওতে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ করার চেষ্টা করে আর্জেন্টিনা। কিন্তু প্যারাগুয়ের শক্তিশালী রক্ষণ ভাঙতে তারা সক্ষম হয়নি। অন্যদিকে, প্যারাগুয়ে কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ০-০।
শিরোপা নির্ধারণের জন্য ম্যাচটি টাইব্রেকারে চলে যায়। সেখানে প্যারাগুয়ের ভাগ্য বদলে যায়। তারা পাঁচটি শটের সবকটিই জালে পাঠিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে। আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ট্রফিটি তাদের হাতছাড়া হয়।
এই আসরে প্যারাগুয়ের কাছে এটি আর্জেন্টিনার দ্বিতীয় পরাজয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও তারা প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল। এরপর উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের টিকিট পায় তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা ১৯৮৬ সালে এসেছিল। ঘরের মাঠে এবার ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশায় রুপা নিয়েই আসর শেষ করতে হলো আর্জেন্টিনাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ের পূর্বে ছেড়ে যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭১৮)। এই সময় ট্রেনে উঠে পড়া সত্ত্বেও দুই শিশুর বাবা-মা ট্রেনে উঠতে পারেননি। সন্তানদের নিয়ে ট্রেনটি চলে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রেলওয়ে পুলিশের সহায়তায় স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনটি থামিয়ে ওই দম্পতিকে তাদের সন্তানদের কাছে পৌঁছে দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা রেলস্টেশনের নিকট এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ১০টা ৫০ মিনিটে কুমিল্লা রেলস্টেশনে পৌঁছায়। এখানে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি ছিল দুই মিনিট। এ সময় সিলেট যাওয়ার উদ্দেশ্যে এক দম্পতি তাদের দুই শিশুসন্তানকে ট্রেনে তুলে দেন। কিন্তু সন্তানদের ট্রেনে তোলার পর তারা নিজেদের আর উঠতে পারেননি।
ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ওই দম্পতি চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। বিষয়টি রেলওয়ে পুলিশের নজরে এলে ট্রেনটির পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনটি থামানো হয়। সেখানে ওই দুই শিশুর বাবা-মাকে ট্রেনে তুলে দেওয়া হয়।
রেলওয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্য এহসান বলেন, "আজ ট্রেনে অনেক যাত্রী ছিলেন। নির্ধারিত দুই মিনিটের মধ্যে অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারেননি।" ওই দম্পতি তাদের দুই সন্তানকে ট্রেনে তুলে দিয়েছিলেন। পরে তারা নিজেদের ট্রেনে উঠতে না পেরে কান্নাকাটি ও চিৎকার শুরু করেন। বিষয়টি জানতে পেরে ট্রেনটির পরিচালকের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থামানো হয়। পরে তাদের সন্তানদের কাছে তুলে দেওয়া হয়েছে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, "পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে দুই মিনিটের জন্য থামে। এ সময় অনেক যাত্রী সাধারণ বগিতে না উঠে এসি বগিতে ওঠার চেষ্টা করেন।" ট্রেন ছেড়ে দেওয়ার পর তারা সাধারণ বগিতে ওঠার জন্য দৌড়াদৌড়ি করেন। এ কারণে কেউ কেউ সময়মতো ট্রেনে উঠতে পারেন না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ