ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় প্রতিটি রুটে এক কোম্পানির বাস চলবে: প্রধানমন্ত্রী


ঢাকায় প্রতিটি রুটে এক কোম্পানির বাস চলবে: প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাগিদ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে, ঢাকার বাস রুট র‌্যাশনালাইজেশন (সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনা) দ্রুত বাস্তবায়ন করা হবে। এই ব্যবস্থায় একটি রুটে একাধিক কোম্পানির বাস চলবে না; বরং শুধুমাত্র একটি কোম্পানির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতিকে। নতুন এই ব্যবস্থায় প্রত্যেক রুটে একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলবে এবং গাড়ির ফিটনেস, শৃঙ্খলা ও আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করবে তারা। এছাড়া, কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকিটিং ও জিপিএস ট্র্যাকিংয়ের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমীক্ষায় বর্তমানে সচল ৯৮টি রুট ও ৬৬টি কোম্পানিকে পুনর্গঠন করে ৩২টি ক্লাস্টার রুটে একীভূত করা হবে। বিআরটিএ এবং মালিক সমিতির সমন্বয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রথম দুটি অগ্রাধিকার রুট চূড়ান্ত করা হবে।

একই দিনে, পৃথক আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ক্রীড়া পরিকাঠামো জোরদারের জন্য প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম ও খেলার মাঠ গড়ে তোলার কঠোর নির্দেশ দেন। তিনি আগামী দুই মাসের মধ্যে দেশে অন্তত এক হাজার খেলার মাঠ প্রস্তুতের নির্দেশ দেন এবং সিটি করপোরেশন এলাকায় প্রতি ২-৩টি ওয়ার্ডের বিপরীতে ন্যূনতম একটি খেলার মাঠ নিশ্চিত করার কথা বলেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ক্রীড়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বুয়েটের নির্মম হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহসহ তার পরিবারের সদস্যরা। সাক্ষাতকালে আবরার ফাহাদ হত্যা মামলার আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হলে তিনি বলেন, "উচ্চ আদালতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য সম্পন্ন করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আবরারের পরিবারকে সব ধরনের আইনগত ও নৈতিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশভিলের আদালতে বন্দুক-ছুরি নিয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ন্যাশভিলের আদালতে বন্দুক-ছুরি নিয়ে হামলার চেষ্টা, পুলিশের গুলিতে নিহত এক ব্যক্তি

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি ফেডারেল আদালতের প্রবেশপথে বন্দুক ও ছুরি নিয়ে হামলার চেষ্টা চালান এক ব্যক্তি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু ঘটে বলে জানায় পুলিশ।

ন্যাশভিল নগর পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি প্রথমে নিজের বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তবে বন্দুকটি কাজ না করায় তিনি ছুরি বের করেন। এ সময় আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি অন্য একটি অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি আদালতে কেন এসেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

ফেডারেল আদালতে প্রবেশের আগে দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের চুক্তিভিত্তিক সাবেক পুলিশ কর্মকর্তারা এসব প্রবেশপথের নিরাপত্তার দায়িত্বে থাকেন। ঘটনার স্থানটি আদালতে প্রবেশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পথগুলোর একটি বলে জানিয়েছেন স্থানীয় ফেডারেল জজ রবার্ট ম্যাকগুয়ের।

ঘটনার পর পাশের গ্রন্থাগার বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কুকুর নিয়ে আশপাশের এলাকা তল্লাশি করে। কাছের ভবনগুলোর কর্মীরাও বাইরে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ম্যাকগুয়ের জানান, আদালত ভবনেই স্থানীয় ফেডারেল জজের কার্যালয় এবং টেনেসি অঙ্গরাজ্যের দুই মার্কিন সিনেটরের কার্যালয় রয়েছে। এর আগে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি বা অনুপযুক্ত আচরণের ঘটনায় লোকজনকে বের করে দেওয়ার ঘটনা ঘটলেও এবারের মতো গুরুতর পরিস্থিতি আগে দেখা যায়নি।

গুলির খবর ছড়িয়ে পড়ার পর আদালতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ম্যাকগুয়ের বলেন, অনেকে নিজেদের নিরাপদ থাকার খবর জানাতে পরিবারের সদস্যদের ফোন করেন। তিনিও নিজের স্ত্রী, ছেলে এবং পরিচিতদের ফোন করে নিরাপদ থাকার কথা জানিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল

বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করার জন্য বেছে নিয়েছেন। এ ম্যাচে আফগানিস্তানকে প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ।

বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে টেস্টে লড়াইয়ের হিসাব সমান রয়েছে। দুই দলের মধ্যে দুইবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিটি দল একটি করে জয় পেয়েছে। এবার সেই সমতা ভাঙার সুযোগ এসেছে।

বাংলাদেশের একাদশে রয়েছেন: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশে অন্তর্ভুক্ত রয়েছেন: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

দুই দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার আফগানিস্তান বাংলাদেশকে ২২৪ রানে পরাজিত করে চমক সৃষ্টি করেছিল। তবে ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত ফিরতি টেস্টে বাংলাদেশ আফগানদের বিরুদ্ধে আধিপত্য দেখিয়ে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে প্রেমপত্রের বদলে আসছে তালাকপত্র, প্রতি মাসে ১২-২০টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


গৌরীপুরে প্রেমপত্রের বদলে আসছে তালাকপত্র, প্রতি মাসে ১২-২০টি

একসময়ে পত্র প্রাপকরা একটি চিঠি বা টেলিগ্রামের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন। প্রিয়জনের লেখা চিঠি হাতে পাওয়ার আনন্দে সব কষ্ট ভুলে যেতেন। ডাক প্রেরকরাও ডাকঘরের দিকে ছুটতেন। প্রতিদিন ডাকঘরের ডাকবাক্স খুলে যাচাই-বাছাই করে সেই ডাক নিয়ে শহর, নগর, গ্রাম ও গঞ্জের পাড়া-মহল্লায় ছুটতেন ডাক পিয়ন ও রানাররা। তবে এখন ডাকঘরগুলোতে সেই কর্মব্যস্ততা আর নেই। ময়মনসিংহের গৌরীপুরের অধিকাংশ শাখা ডাকঘর ঝাড়-জঙ্গলে খোঁজার পরও পাওয়া যায়। সব ডাকঘরে তালা ঝুলছে।

এদিকে, এসব পোস্ট অফিসে শুধুমাত্র সরকারি ও বেসরকারি নিয়োগপত্র এবং মামলা সংক্রান্ত চিঠিপত্র আসছে। কোন পোস্ট অফিসে বছরে একটি প্রেমপত্রও আসার খবর নেই। তবে, প্রত্যেকটি পোস্ট অফিসে প্রতি মাসে ১২ থেকে ২০টি তালাকপত্র আসার তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে, উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা ডাকঘরটি একটি জঙ্গলের ভেতরে অবস্থিত। পাশেই উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ থাকলেও ডাকঘরে যাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট রাস্তা নেই।

স্থানীয়রা জানান, পোস্ট মাস্টার কবে এসেছেন, তা তারা কেউ দেখেননি। পোস্ট অফিসের দরজায় আগাছার আখড়া, সামনে গোচারণ ভূমি হওয়ায় গোবর-আবর্জনা এবং পরগাছায় ভরপুর।

অন্য একটি ডাকঘর কিল্লাতাজপুর। বাজার বা জনগণের কথা বিবেচনা না করে পোস্ট মাস্টারের দেওয়া জমিতে নির্মাণ করা হয়েছে। একই অবস্থা দেখা গেছে অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া, মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া ও ভবানীপুরে। রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুরের জমিদার এ পোস্ট অফিসের শাখা চালু করেন, তবে একটি নির্ধারিত স্থানে নেই। বোকাইনগর ইউনিয়নে স্থানান্তর হলেও এলাকাবাসী এ নামের ডাকঘর চেনেন না। রামগোপালপুর, পাছারবাজার, শাহগঞ্জ ও বীরআহাম্মদপুর ডাকঘরেও তালাবদ্ধ পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পোস্ট অফিসে সৌরবিদ্যুৎ, কম্পিউটার, ল্যাপটপ থাকা সত্ত্বেও সেবা কার্যক্রম নেই।

পাছার পোস্ট মাস্টার মো. আতাউর রহমান জানান, তিনি ১৯৯১ সাল থেকে এ ডাকঘরে কর্মরত। এক সময় ডাকঘরের গুরুত্ব ছিল। গ্রামের ছেলে-মেয়ে থেকে বকশিসও পাওয়া যেত। চিঠি পেয়ে দৌড়ানোর দিনগুলো এখন আর নেই। মোবাইলের কারণে এসব শেষ হয়ে গেছে।

তিনি আরও জানান, গত মাসে ১৪টি তালাকনামা এসেছে। আদালতের চিঠি, এনজিওর চিঠি এসেছে। তবে গত ২-৩ বছরের মধ্যে একটি প্রেমপত্রও আসেনি।

লামাপাড়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার ফরিদ উদ্দিন আহমেদ জানান, এসব ইলেকট্রনিক্স সামগ্রী দেওয়ার পরপরই নষ্ট হয়ে গেছে।

ভবানীপুর পোস্ট মাস্টার মহসিন মাহমুদ শাহ জানান, সব ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে। তাই এগুলো অফিসে জমা দেওয়া হয়েছে।

পাছার ডাকঘরের পোস্ট মাস্টার মো. আতাউর রহমান জানান, আমাদের বেতনভাতা নামকাওয়াস্তে। আমরা ৪ হাজার ৪৬০ টাকা পাই, পিয়ন পান ৪ হাজার ৩৫৪ টাকা এবং রানার পান ৪ হাজার ১৭৭ টাকা। এরপরেও সেবা দেওয়ার চেষ্টা করছি।

এসব অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে গৌরীপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার আমিনুল ইসলাম জানান, উপজেলা পোস্ট অফিসে প্রতি মাসে ৮০ টাকা অফিস খরচ, যা দিয়ে স্টেপলারের পিন কেনা সম্ভব নয়। বাজেট বরাদ্দ না থাকায় আমরাও সেইভাবে কাজ করতে পারছি না।

তিনি আরও জানান, প্রতি মাসে উপজেলার ১৪টি শাখা পোস্ট অফিস ও উপজেলা পোস্ট অফিসে প্রায় ১৬০ থেকে ১৮০টি তালাকপত্র আসে। যা বছরে ২ হাজারের অধিক হবে। গৌরীপুরে বিয়ে বিচ্ছেদের বিষয়টি বেড়ে যাচ্ছে। গত নভেম্বরে এ পোস্ট অফিসে যোগদানের পর কোন তরুণ-তরুণীর নামে কোনো চিঠি (প্রেমপত্র) আসতে দেখি নাই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনী প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


নির্বাচনী প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে দুই ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নির্বাচনের প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া। এই ঘটনা ঘটে ১৪ আগস্ট ভোররাতে ফিনিক্স শহরের উপশহর সান সিটিতে। দুই সপ্তাহেরও বেশি সময় পর, ৩১ আগস্ট তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে।

মারিকোপা কাউন্টি শেরিফের দপ্তরের একটি প্রতিবেদন এবং প্রার্থীর নির্বাচনী প্রচারশিবিরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময়ে গ্রিন-প্লাসেনশিয়া নিজের নির্বাচনী প্রচারণার পোস্টার লাগানো ও মেরামতের কাজ করছিলেন। কাজ শেষে গাড়ির দিকে ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার মাথার পেছনে আঘাত করেন, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় আঘাতের সংখ্যা বা পদ্ধতি সম্পর্কে তার কোনো স্মৃতি নেই। হামলার সঠিক স্থানও তিনি ও তদন্তকারীরা নিশ্চিত করতে পারেননি।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জ্ঞান ফেরার পর তিনি একজনকে যৌন নির্যাতন (ধর্ষণ) করতে দেখেন এবং অন্য ব্যক্তিও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন। এ সময় তাকে চেপে ধরে রাখা হয়েছিল, যার ফলে তার দুই হাতে কালশিটে দাগ পড়ে। তিনি জানান, পা দিয়ে লাথি মেরে তিনি প্রতিরোধের চেষ্টা করেছিলেন।

গ্রিন-প্লাসেনশিয়ার কাছে অভিযুক্তদের চেহারা বা পোশাক সম্পর্কে পরিষ্কার কোনো স্মৃতি নেই। তবে তিনি তদন্তকারীদের জানিয়েছেন যে, তাদের একজনের কালো বুট ও ছোট পায়ের কথা মনে আছে। ঘটনার একপর্যায়ে একজনকে ডেমোক্র্যাট নারী বলে গাল দিতে শুনেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে পরে তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সে সময় ঠিক কী শুনেছিলেন, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

গ্রিন-প্লাসেনশিয়া অ্যারিজোনার অষ্টম কংগ্রেসনাল আসন থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী। তার নির্বাচনী এলাকায় ফিনিক্সের কিছু অংশ এবং সান সিটিসহ আশপাশের অঞ্চল রয়েছে। তিনি জানান, গ্রীষ্মের প্রচণ্ড গরম এড়াতে সাধারণত রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে প্রচারণার পোস্টার লাগানো বা মেরামতের কাজ করতেন। এ সময় তার সঙ্গে সাধারণত অন্তত একজন থাকতেন।

ঘটনার পর তিনি বাড়ি ফিরে গোসল করেন এবং তিনবার গোসলের পাশাপাশি একবার বাথ টাবেও গোসল করেছিলেন বলে পুলিশকে জানান। তবে তিনি হাসপাতালে যাননি কিংবা যৌন নির্যাতনের (ধর্ষণ) শিকার ব্যক্তিদের জন্য নির্ধারিত বিশেষ চিকিৎসা ও নমুনা পরীক্ষাও করাননি। পরে পোশাক ধুয়ে ফেলায় সেখান থেকে সম্ভাব্য ডিএনএ নমুনা সংগ্রহের সুযোগও সীমিত হয়ে পড়ে। ঘটনার পর শরীরের কালশিটে দাগ বা মাথার ফোলার কোনো ছবিও তিনি তোলেননি বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর শেরিফের দপ্তর তার সঙ্গে আবার যোগাযোগ করে। তখন তিনি জানান, মাথার পেছনের বাঁ পাশে বড় ধরনের ফোলা ছিল। বাঁ হাতেও হাতের ছাপের মতো দেখতে লম্বাটে তিনটি কালশিটে দাগ ছিল। এছাড়া ঘটনার পর দুই থেকে তিন দিন তার যোনিপথে রক্তপাত হয়েছিল বলেও তিনি জানান। অভিযুক্ত ব্যক্তিরা শ্বেতাঙ্গ পুরুষ হতে পারেন বলে তার ধারণা। তবে তারা হেঁটে চলে গিয়েছিলেন, নাকি কোনো গাড়িতে করে পালিয়েছিলেন, তা তিনি মনে করতে পারেননি।

ঘটনার পরপরই স্বামী বা নির্বাচনী প্রচারশিবিরের কর্মীদের কিছু জানাননি গ্রিন-প্লাসেনশিয়া। দুই থেকে তিন দিন পর স্বামী আলেকজান্ডার প্লাসেনশিয়া এবং প্রচারশিবিরের দুই কর্মীকে বিষয়টি জানান। পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজেকে সামলাতে পারলেও এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে না পারায় তিনি ক্ষুব্ধ ও বিব্রত বোধ করেছিলেন। প্রথমদিকে ঘটনাটি নিয়ে কথা বলতেও চাননি।

তিনি বলেন, ঘটনার পর প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ক্ষুব্ধ ছিলেন। তার ২১ বছর বয়সী মেয়েও এখন মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মেয়েটি জানত, তার মা দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজের যত্ন নিতে পারেন। কিন্তু এ ঘটনার পর সেই আত্মবিশ্বাসে আঘাত লেগেছে।

তবে পরে প্রকাশ্যে মুখ খোলার সিদ্ধান্ত নেন গ্রিন-প্লাসেনশিয়া। তার ভাষ্য, যৌন নির্যাতনের (ধর্ষণ) শিকার অনেক নারী লজ্জা, ভয় কিংবা মানসিক কষ্টের কারণে নীরব থাকেন। তিনি অন্য নারীদের সাহস জোগাতে এবং বোঝাতে চান যে, এমন ঘটনার জন্য ভুক্তভোগীরা দায়ী নন।

প্রার্থীর প্রচারশিবিরের মুখপাত্র ক্রেইগ বেকম্যান সিএনএনকে বলেন, ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কথা বলা গ্রিন-প্লাসেনশিয়ার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে নীরবে কষ্ট পাওয়া অন্য ভুক্তভোগীরা যেন নিজেদের একা মনে না করেন, সে জন্যই তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

এদিকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও বর্তমান কংগ্রেস সদস্য আব্রাহাম হামাদেহ বলেছেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার সময় ও স্থানসংক্রান্ত সম্ভাব্য সব নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত এবং আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

গ্রিন-প্লাসেনশিয়া বলেন, জনসমক্ষে পরিচিত কেউ নিজের অভিজ্ঞতা তুলে ধরলে অন্য নারীরাও অভিযোগ জানাতে সাহস পেতে পারেন। তিনি সাধারণ মানুষ ও শ্রমজীবীদের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এখন যৌন নির্যাতনের শিকার নারীদের পক্ষেও কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%