০২:০৩ পি.এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ নামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ‘গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার’-এর দাবিতে মিছিলটি সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয় এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌনে ১০টার দিকে, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বহিরাগতদের প্রবেশের বিষয়ে অভিযোগ তুলে বাধা দেন। সেখান থেকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেই বাগ্বিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
খবর পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে আহতদের উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের পক্ষে মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি শিকদার। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষে নেতৃত্বে ছিলেন শাখা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু এবং সাবেক সভাপতি আমিনুল ইসলাম।
সংঘর্ষ চলাকালে বহিরাগত সন্দেহে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
তবে ঘটনার বিস্তারিত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন