০৬:৫০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় একটি পাঁচ বছরের শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোর শাহাদাত হোসেন তুষার (১৪) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা এবং পরে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার (১৭ জুলাই) কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। আটক শাহাদাত হোসেন তুষার, যিনি ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে, কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল।
পুলিশের সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এই অবস্থায় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায় এবং বাড়ির অদূরে এক গাছতলায় গিয়ে সেখানে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটির মা যখন তাকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান, তখন মায়ের সন্দেহ জাগে। শিশুটিকে জিজ্ঞাসাবাদের পর সে ঘটনার বিস্তারিত তুলে ধরে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিষয়টি জানাজানি হবার পর স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে আটক করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ এ বিষয়ে জানান, ৯৯৯ নম্বর থেকে তথ্য পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনার পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন