ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল


রেকর্ড গড়েও সিরিজ জিততে পারল না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে। তবে সফরকারীরা সুবিধা করতে না পেরে টানা দুই হারে সিরিজটি হাতছাড়া করেছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেকর্ড গড়লেও জয় পেতে পারেনি। স্বাগতিক অস্ট্রেলিয়া ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে।

রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়লাভ করে।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

দুই দল মিলে এদিন মোট ৪৪২ রান করেছে। এটি উভয় দলের ওয়ানডে ম্যাচে রেকর্ড সর্বোচ্চ রান। এছাড়া, এই ম্যাচে সোবহানা মোস্তারি ৭২ রান সংগ্রহের মাধ্যমে একটি রেকর্ড গড়েন।

তিনি ১৩৪ বল খেলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। এটি বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এই ইনিংসে বাউন্ডারির সাহায্যে ৭২ রানের রেকর্ড গড়েন মোস্তারি।

এছাড়া, চতুর্থ উইকেটসহ যে কোনো উইকেটে বাংলাদেশ নারী দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। এই ম্যাচে ফারজানা হক পিংকি শূন্য রানে আউট হন। ওয়ানডেতে তিনি ১৮বার এই লজ্জার নজির গড়েছেন।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায়। ১৯.৫ ওভারে উদ্বোধনী জুটিতে ১৬২ রান করেন জর্জিয়া ভোল ও ফোবে লিচফিল্ড। জর্জিয়া ভোল ৯৭ বল খেলে ১৯টি বাউন্ডারির সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলেন। লিচফিল্ড ৫১ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে ফিরে যান। এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই জাদুঘরের নথি হত্যাকাণ্ডের প্রমাণ: নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


জুলাই জাদুঘরের নথি হত্যাকাণ্ডের প্রমাণ: নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের নথিপত্র এখন আর কেবল ঐতিহাসিক দলিল নয়, বরং এই নথিগুলো হত্যাকাণ্ডের প্রমাণ বহন করছে।

তিনি রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। পরিদর্শনের সময় তিনি গণভবনে পাওয়া নথিপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ পর্যালোচনা করেন এবং বলেন, এই জাদুঘর কেবল বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ।

স্টিভেন কোলেট আরও বলেন, "জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।" তিনি উল্লেখ করেন, জুলাই জাদুঘরে প্রদর্শিত নথিগুলো এখন আর কেবল নথিপত্র নয়, বরং তা ওই সময়ের হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে কাজ করছে।

নেদারল্যান্ডসের উপমন্ত্রী পরিদর্শনকালে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের স্মারকসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিওচিত্রও দেখেন। শহীদ মাহামুদুর রহমান সৈকতের আত্মত্যাগের কথা তুলে ধরেন সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি।

জাদুঘর পরিদর্শন শেষে স্টিভেন কোলেট বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমি এই জাদুঘরের জন্য বাংলাদেশের জনগণকে অভিবাদন জানাই।" তিনি আরও বলেন, "এই জাদুঘর আমাদের সবাইকে এমন এক ইতিহাসের কথা বলে, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়।"

তিনি যোগ করেন, জুলাই জাদুঘর আমাদের মর্যাদা ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে দায়বদ্ধ করে তোলে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল, দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ানা ভান দের লিন্দেন, ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজওয়ি এবং রাজনীতি ও জনকূটনীতিবিষয়ক উপদেষ্টা লুবাইন মাসুম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, সোমবার (১২ অক্টোবর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব উল্লাহ মজুমদার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রফেসর ওবায়দুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে স্বীকৃতি, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে স্বীকৃতি, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীর ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামের এক আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। আদালত একইসঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে সন্তানের স্বীকৃতি প্রদান করে এবং ওয়ারিশ হিসেবে তার সকল অধিকার পাবে বলেও রায় দিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার আহম্মদ খার ছেলে।

আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকশায় আত্মীয়ের বাড়িতে রেখে দুই মাস ধরে ধর্ষণ করেন ফারুক। পরে ঢাকা নিয়ে চার মাস অবস্থান করেন। ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিশে তাকে বিয়ে করার জন্য ফারুক রাজি হন। কিন্তু পরে তিনি বিয়ে না করে পালিয়ে যান। ২০১৮ সালের ৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আসামি মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, ওই শিশুটির ভরণপোষণ সরকার ২১ বছর পর্যন্ত বহন করবে। আদালত রায় দিয়েছেন যে ফারুক হোসেনের জৈবিক চাহিদায় জন্ম নেওয়া শিশুটি তার সন্তান এবং ওয়ারিশ হিসেবে ফারুক হোসেনের সমস্ত কিছু পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে, পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা এবং সব বয়সী মানুষ সেখানে বিনোদনের সুযোগ পাবেন।

রোববার ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আজকের শিক্ষার্থীরাই বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি।" তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ইয়াসের খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকারের সময় মেধার ভিত্তিতে সকল পরীক্ষার স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা হবে। তিনি বলেন, "কারচুপি বা নকলের কোনো সুযোগ থাকবে না।" প্রধানমন্ত্রী যে উন্নয়নের রাজনীতি শুরু করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "তোমাদের মধ্য থেকেই একদিন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে।" তিনি বলেন, সঠিক পথ বেছে নিতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, ময়মনসিংহে বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত ডিও লেটার সংগ্রহ করা হয়েছে।

এ প্রকল্পের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, শিগগিরই সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%