মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২৮ পি.এম
ভোলার বোরহানউদ্দিনে দুই দিন নিখোঁজ থাকার পর মো. ইসমাইল (৬) নামে এক শিশুর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিশু ইসমাইল বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। আটক যুবক মো. রোকন ওই এলাকার মো. নান্নুর সন্তান।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে ইসমাইল বাসা থেকে পাশের হাওলাদার মার্কেটের দোকানের কাছে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দুই দিন ধরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে খালের ভেতর ভাসমান একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করার পর সেখানে নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ দেখতে পায়।
শিশু ইসমাইলের চাচা মো. সৈকত ইসলাম বাবু জানান, ইসমাইলের বাবার সঙ্গে একই এলাকার রোকন নামে এক যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে সমস্যা ছিল। এর সূত্র ধরে ইসমাইল নিখোঁজ হওয়ার দুই দিন আগে রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়েছিল, "তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি।" এর একদিন পরই ইসমাইল নিখোঁজ হয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া শিশুর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় রোকন নামে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং স্বজনরা মামলা করলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কবি এবং একসময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই অভিনেতা বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে অবস্থান করছেন।
জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিফাত চৌধুরী তার শারীরিক অবস্থার বিষয়ে জানান যে, তিনি বর্তমানে বেড রেস্টে আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট এবং তার ফাইল পর্যালোচনা করার পর মূল চিকিৎসা শুরু করবেন।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য হাসপাতালে রিফাতের পাশে রয়েছেন। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।
রিফাত চৌধুরী মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে।
অভিনেতার অসুস্থতার খবর জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ এবং শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জ্বালানি সংকটের পরিস্থিতির মধ্যে বিরোধী দলের কিছু গাড়ি রংপুরে লংমার্চের সময় টোল পরিশোধ করেনি, যেখানে সাড়ে চারশো গাড়ি নিয়ে তারা সেখানে গিয়েছিল।
তিনি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভায় এই তথ্য জানান।
রিজভী বলেন, জ্বালানি সংকটের সময় বিরোধী দল সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে অংশগ্রহণ করেছে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এই কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরও উল্লেখ করেন, যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা পরিশোধ করেনি।
জ্বালানি তেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের অধিকাংশ তেল হরমুজ প্রণালী দিয়েই আসে।
মূল্য সমন্বয়ের পরেও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে, কিন্তু বিরোধী দল জনগণকে বিভ্রান্তকর তথ্য প্রদান করছে।
রুহুল কবির রিজভী বিগত সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা গুম, খুন ও মিডিয়া কন্ট্রোলের মাধ্যমে শাসন করতেন। তিনি প্রশ্ন তোলেন, আবারও কি বিরোধীরা সেই পথে হাঁটছে?
তিনি বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটছে। এসব কর্মকাণ্ড কেবল পতিত স্বৈরাচারের কাজ নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষে কোনো আন্দোলনে জামায়াতের কোনো ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা অনুপস্থিত। তারা মোনাফেকি করছে, যা কাফেরের চেয়েও খারাপ। জনগণের সঙ্গে বারবার প্রতারণার ফলে তাদের চূড়ান্ত সফলতা আসেনি।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন। একইসঙ্গে, তিনি জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনা করার প্রস্তাবও দিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জামায়াতে ইসলামী পাকিস্তানের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদমুখী মার্চের সময় জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর শেহবাজ তাকে ফোন করেন। এ সময় তিনি জামায়াতের ইসলামাবাদমুখী মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন।
যদিও লং মার্চ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবুও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না বলে জানিয়েছেন দলটির আমির।
হাফিজ নাঈম এ বিষয়ে বলেন, সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বা সংঘাতের মুখে ফেলা জামায়াতের উদ্দেশ্য নয়। তবে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য তারা রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে হবে।
প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শুরার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান জামায়াতের আমির। তিনি বলেন, সরকারের অনুরোধে মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে হাফিজ নাঈমের নেতৃত্বে জামায়াতের ট্রেন মার্চ সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মুলতানে পৌঁছায়। সেখানে রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতের আমির।
তিনি জানান, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে মুলতানে পৌঁছেছে। তবে এই বিলম্বও সমর্থকদের মার্চকে স্বাগত জানাতে আসা ঠেকাতে পারেনি। হাফিজ নাঈম বলেন, “যারা ষড়যন্ত্র করেছিল, তারা মুলতানে আমাদের স্বাগত জানাতে কত মানুষ বেরিয়ে এসেছে, তা দেখুক।”
বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহর ও জনপদেও একইভাবে মানুষ জামায়াতের এই মার্চকে স্বাগত জানাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, এই মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবে যাবে।
সরকারের উদ্দেশে পাকিস্তান জামায়াতের আমির বলেন, রাস্তায় কনটেইনার ফেলে, বাধা দিয়ে এই মার্চ থামানো যাবে না। তিনি পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার এবং জনগণকে স্বস্তি দেয়ার দাবি জানান।
জামায়াতের আমির বলেন, তারা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সমস্যাগুলো তুলে ধরছেন। তার অভিযোগ, সাধারণ মানুষের সমস্যাগুলো রাজনৈতিক দলগুলো যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপের উদাহরণ হিসেবে গম, আটা ও চিনির দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি।
হাফিজ নাঈম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আটা ও চিনি ব্যবসায়ীদের প্রভাব রয়েছে। তিনি সরকারের নীতিতে অসঙ্গতি রয়েছে বলেও সমালোচনা করেন।
স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সঙ্গে সরকারের চুক্তি নিয়েও জামায়াতের আগের আন্দোলনের কথা তুলে ধরেন তিনি। ওই ক্ষেত্রেও দলটি জনগণের স্বার্থ তুলে ধরেছিল বলে দাবি করেন জামায়াতের আমির।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে করাচি থেকে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। পরে ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই আন্দোলন ইসলামাবাদের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি দলটি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভও করেছে। এর আগে দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছে জামায়াত।
এদিকে মুলতানে পৌঁছানোর পর জামায়াতের এই বহর লাহোরের দিকে যাওয়ার পরিকল্পনা করেছে। এরপর লং মার্চের শেষ ধাপে ইসলামাবাদের দিকে অগ্রসর হবেন জামায়াতের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউডের অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর বেঁচে নেই।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যশ রাজ ফিল্মসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানাচ্ছে। এই কঠিন সময়ে পরিবারের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধও জানানো হয়েছে।
কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় তার মেয়ের সঙ্গে প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। রানি মুখার্জি বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন।
শুধুমাত্র রানি মুখার্জির মা হিসেবেই নয়, কৃষ্ণা মুখার্জি বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।
মায়ের মৃত্যুর পর মুখার্জি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।
রানি মুখার্জি ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে তার শক্ত অবস্থান তৈরি করেছেন। সর্বশেষ ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় তাকে দেখা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ