ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

উন্নত জীবনের আশায় সমুদ্রযাত্রা, ডুবে গেল রোহিঙ্গা যুবকের স্বপ্ন


উন্নত জীবনের আশায় সমুদ্রযাত্রা, ডুবে গেল রোহিঙ্গা যুবকের স্বপ্ন

পরিবার ও স্বজনদের কাছে দোয়া চেয়ে পাঠানো অডিও বার্তায় তার কণ্ঠস্বরে ভয় স্পষ্ট বোঝা যাচ্ছিল। বার্তাটি পাঠানোর পরে ২৪ বছর বয়সী সিরাজ উল্লাহ একটি নৌকায় ওঠেন। তিনি আশা করেছিলেন, এই নৌকাটি তাকে মিয়ানমারে চলমান সহিংসতা ও নিপীড়ন থেকে মুক্তি দেবে এবং নিজের বসতভিটায় ফেরাবে।

কিন্তু এর পরিবর্তে, জুনের শেষের দিকে মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রযাত্রা করে নিখোঁজ হওয়া ৫০০ রোহিঙ্গা শরণার্থীর একজন হয়ে গেছেন সিরাজ।

ভয়েস মেসেজে তিনি বলেন, "দয়া করে আমার এবং সব যাত্রীর জন্য দোয়া করবেন। আমরা জীবনের ঝুঁকি নিচ্ছি, কিন্তু আমাদের আর কিছুই করার নেই। আমি এই জীবন আর সহ্য করতে পারছি না।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সিরাজ আশা করেছিলেন, মালয়েশিয়ায় গিয়ে তিনি পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। কিন্তু এক মাস পার হওয়ার পর এখন আশঙ্কা করা হচ্ছে, তাদের বহনকারী নৌকাটি ডুবে গেছে।

সিরাজের শেষ বার্তাটি থেকে বোঝা যায় যে, চলতি বছর হাজার হাজার রোহিঙ্গা যে বিপজ্জনক পথ পাড়ি দিয়েছে, সে সম্পর্কে তিনি পুরোপুরি অবগত ছিলেন। গত এপ্রিলেই আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

কয়েক দশকের নিপীড়ন ও সামরিক সহিংসতার পর, মিয়ানমারে এখন আনুমানিক ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়। অথচ এক দশক আগেও এই সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে কঠোর নিরাপত্তাবেষ্টিত ক্যাম্পগুলোতে শরণার্থী হিসেবে বসবাস করছে।

দালাল ও মানবপাচারকারী চক্র মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মিয়ানমার ও বাংলাদেশ—উভয় স্থান থেকেই রোহিঙ্গাদের প্রলুব্ধ করে আসছে। প্রায়ই এসব মানুষকে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অনুপযোগী নৌকায় গাদাগাদি করে তোলার আগে ব্যাপক নির্যাতন ও চাঁদাবাজির শিকার হতে হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সিরাজের ভাতিজা মমতাজ উল্লাহর মতে, গত ২২ জুন পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। ওই সময় একটি নৌকা প্রথমবার রওনা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসে এবং কয়েক দিন পর আবার যাত্রা শুরু করে।

মমতাজ বলেন, "আমরা জানি না সে বেঁচে আছে কিনা। আর দশজনের মতো আমরাও ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের টুকরো টুকরো করে ফেলা হয়েছে।"

সাম্প্রতিক দিনগুলোতে এমন গুজব ছড়িয়েছে যে, প্রতিপক্ষ পাচারকারীরা নৌকাটি ছিনতাই করে থাকতে পারে, তবে এ বিষয়ে অন্য কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর একটিতে ২৫০ এবং অপরটিতে ২৮০ জন যাত্রী ছিল। অনেকটাই নিশ্চিত যে, সিরাজ এই দুটি নৌকার কোনো একটিতে ছিলেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি স্বেচ্ছায় যাত্রা করেছিলেন। তবে এক মানবাধিকার গবেষক (যিনি তার সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলার অনুমতি পাননি) দ্য গার্ডিয়ানকে বলেছেন, অন্যান্য পরিবারগুলোর দাবি—তাদের স্বজনদের মিয়ানমার ও বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে অপহরণ করে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা পাচারকারীদের মুক্তিপণ দিতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সেখানে জিম্মি করে রাখা হয়।

২০০০য়ের দশকের শুরু থেকে বঙ্গোপসাগর ও মালয়েশিয়ার মধ্যে একটি বিশাল অপরাধী চক্র সক্রিয় রয়েছে। মিয়ানমার ও বাংলাদেশের পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাওয়া রোহিঙ্গাদের মরিয়া আকাঙ্ক্ষাকে পুঁজি করে তারা লাভবান হচ্ছে।

১৯৮২ সালে মিয়ানমারে এই মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর নাগরিকত্ব বাতিল করা হয়। এরপর থেকে তারা কয়েক দফায় বহিষ্কার ও নিধনের শিকার হয়ে মূলত বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আসার পর রোহিঙ্গাদের চলাফেরার উপর বিধিনিষেধের পাশাপাশি কাজ বা শিক্ষার সুযোগও সীমিত।

সিরাজ উল্লাহ ২০১৭ সালে প্রথমবার মিয়ানমার ছাড়েন, যখন সামরিক বাহিনীর চরম সহিংস অভিযানের মুখে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বাংলাদেশে তিনি তার ভাতিজা মমতাজের সঙ্গে থাকতেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

মমতাজ বলেন, "আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি। আমরা চাচা-ভাতিজার চেয়ে বন্ধু বা ভাইয়ের মতোই বেশি ছিলাম। ছোটবেলা থেকেই তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়া। এতসব প্রতিকূলতার পরেও সে তার এই স্বপ্নটি আঁকড়ে ধরেছিল।"

রোহিঙ্গা দলগুলোর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলে ফুটবলার হিসেবে পুরস্কারও জিতেছিলেন সিরাজ। কিন্তু বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে খেলার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় তার পক্ষে এই আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

২০২২ সালে তিনি প্রথমবারের মতো মালয়েশিয়া পৌঁছানোর চেষ্টা করেন। সেবার তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে এবং যাত্রীরা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে। অনুমতি ছাড়া গ্রাম ছাড়ার কারণে মিয়ানমার কর্তৃপক্ষ নিয়মিতভাবে রোহিঙ্গাদের কারাদণ্ড দিয়ে থাকে।

তাকে মুক্ত করতে তার পরিবারকে ২৯ লাখ মিয়ানমার কিয়াট (প্রায় ১ হাজার পাউন্ড বা ১ লাখ ৫০ হাজার টাকা) ঘুস দিতে হয়েছিল।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

গত ২৪ মাসে মিয়ানমারের পরিস্থিতির আবারও মারাত্মক অবনতি হয়েছে। রাখাইন নৃগোষ্ঠীর বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের হত্যা, জোরপূর্বক শ্রমে বাধ্য করা এবং মানবঢাল হিসেবে যুদ্ধে যুক্ত করার অভিযোগ রয়েছে।

সিরাজের মতো তরুণদের কাছে সমুদ্র পাড়ি দেওয়ার এই চরম ঝুঁকি নেওয়াটা হয়তো বাঁচার একমাত্র উপায় বলে মনে হতে পারে।

মমতাজ বলেন, "আমরা তাকে না যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলাম। কারণ আমরা জানতাম এ পথ কতটা বিপজ্জনক। কিন্তু সে মনে করত তার সামনে আর কোনো বিকল্প নেই... এটি কেবল সিরাজের গল্প নয়, এটি আরও হাজারো রোহিঙ্গা পরিবারের গল্প। আমরা এখনও আশা করি, সিরাজ বেঁচে আছে, আমরা দোয়া করি একদিন সে বাড়িতে ফিরে আসবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযানে মুন্সীগঞ্জে হাসপাতাল বন্ধ, কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


অভিযানে মুন্সীগঞ্জে হাসপাতাল বন্ধ, কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিযানে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়, একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হয় এবং আরও দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলায় বিভিন্ন স্থানসমূহে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।

এই অভিযানে মোট ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই ইউনিয়নের ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

অন্যদিকে জামালদী এলাকার শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান, এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানমসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন জানাচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানের মধ্য দিয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরের সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ওসি জাবেদ উল ইসলাম। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানায়, গ্রেপ্তার হওয়া সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানায় দায়ের করা মামলা নম্বর-২০/২৩৯, তারিখ ১৮ নভেম্বর ২০২৪-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারার একটি মামলার আসামি রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়া রাসেল আখাউড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাগন এলাকার অধিবাসী এবং বীর মুক্তিযোদ্ধা জামশেদ শাহের ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবারই তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কুল শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কুল শিক্ষক

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রমিজুল করিম (৫৫) নামক এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমিজুল করিম কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে নাটোরের দিক থেকে মোটরসাইকেলযোগে রমিজুল করিম বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এ ঘটনার বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো পরিস্থিতিতে গণভোটের সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা ১১ দলীয় জোটের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


যেকোনো পরিস্থিতিতে গণভোটের সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা ১১ দলীয় জোটের

জোট ভাঙনের মধ্য দিয়েই পর্দা নামলো জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কর্মসূচি। সিলেটে ঐক্যের সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, খেলাফত মজলিসকে ছাড়াই। জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।

গত মে মাসে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পর্দা নামলো সিলেটে। শনিবার (২৫ জুলাই) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলগুলোর কর্মী-সমর্থকরা। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের।

বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি উল্লেখ করেন, এই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যেকোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।

এদিকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সকল কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দেয় খেলাফত মজলিস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%