০৪:৪৪ পি.এম
নতুন কর্মজীবন শুরু করার উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আব্দুল গাফফার (৪২)। তবে বিদেশের মাটিতে পৌঁছানোর পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই স্ট্রোকের কারণে তার মৃত্যু ঘটে। বিদেশে গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত আব্দুল গাফফার দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মো. আবু বক্কর মণ্ডল।
আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন গাফফার। সেখানে পৌঁছানোর পর রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে বুকে ব্যথা অনুভব করেন। তবে কক্ষে থাকা অন্যদের আশ্বস্ত করে আবার ঘুমিয়ে যান।
পরদিন, ৭ অক্টোবর সকাল ৬টার দিকে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে কক্ষে থাকা ব্যক্তিরা মালিককে খবর দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।
গাফফারের নিকটাত্মীয় মো. আল আমিন জানিয়েছেন, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিনি ধারদেনা করে মালদ্বীপে গিয়েছিলেন। কিন্তু উপার্জন শুরু করার আগেই তার মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এদিকে, গাফফারের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হাইকমিশন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন