০৭:১০ পি.এম
টানা ভারী বৃষ্টি, পাহাড় ধস এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি বাড়ছেই। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে দেশটির গানসু প্রদেশে, যেখানে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে চাপা পড়ে যান কয়েক ডজন মানুষ। পশ্চিমাঞ্চলীয় চীনের এই প্রদেশে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ২১ জন।
মঙ্গলবার তানচাং কাউন্টির একটি পাহাড়ি উপত্যকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের সময় অন্তত ৩৩ জন মাটির নিচে চাপা পড়েছিলেন। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং অন্তত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য।
খাড়া পাহাড়, সরু উপত্যকা এবং নদ-নদীতে ঘেরা তানচাং এলাকা বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পরিচিত। এদিকে, টাইফুন 'মাইসাক'–এর প্রভাবে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলেও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এ বছর চীনে আঘাত হানা প্রথম টাইফুনের প্রভাবে গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া, দুর্যোগের পর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।
অন্যদিকে, চীনের বিভিন্ন অঞ্চলে ঝড়, ভারী বৃষ্টি এবং পাহাড়ধসের কারণে কয়েক লাখ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তল্লাশি ও ত্রাণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
