০২:৩০ পি.এম
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাঠে দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের গল্প তৈরি করেছেন।
এখন সেই সাফল্যের নতুন অধ্যায় শুরু হচ্ছে বিনোদন জগতে। আল নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ মহাতারকা ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের ভূমিকায় কাজ করবেন। এর পাশাপাশি, সিরিজটিতে তার বিশেষ উপস্থিতিও থাকবে।
এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, এই দুই তারকাকে এবার দেখা যাবে একই প্রযোজনায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নতুন উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত রোনালদো জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের একটি রোমাঞ্চকর অধ্যায়। ফুটবলের বাইরে নতুন নতুন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন। তাদের লক্ষ্য হচ্ছে প্রচলিত ধারা ভেঙে নতুন ধরনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, ‘ডে ওয়ানস’ ফুটবলের বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা ও পর্দার আড়ালের গল্প নিয়ে নির্মিত হবে। ইতোমধ্যেই ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
সিরিজে কেন্দ্রীয় চরিত্র প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ডেমিয়ান লুইস। এছাড়া থাকবে ব্রিটিশ র্যাপার ডেভ ও অভিনেত্রী কার্লোত্তা বানাত। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সম্প্রচারস্বত্ব নিয়ে ইতোমধ্যেই তীব্র আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন