বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৯ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. ইকরাম ওয়াহিদ তোহা (২৫) নামের এক শিক্ষার্থীকে, যিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, "তথ্যটি সঠিক।" বুধবার সকাল সাড়ে ১০টায় হাটহাজারীর বাসা থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
তথ্য অনুযায়ী, আসামী তোহা হাটহাজারীর ১১ নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাদীও চবির একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৫ দিন আগে ভুক্তভোগী ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির পর থেকে গ্রেপ্তার আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় হয় এবং ৫ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভনে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তী সময়ে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে যোগদান করেছেন।
বৈঠকটি বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মাধ্যমে চলমান ইউএনজিএ অধিবেশনের প্রেক্ষাপটে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।
বৈঠকে বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া বৈশ্বিক পর্যায়ে দাতব্য ও মানবিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থাগুলোর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা এবং মানবিক সংকট মোকাবিলায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে।
প্রাতরাশ বৈঠকের পর প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। ‘সংকটের টেকসই সমাধানে নতুন আহ্বান: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতার পথে’ শীর্ষক ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা গুরুত্ব পাবে।
এছাড়া আজ প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে সাধারণ বিতর্কে এটি হবে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচিটি প্রকাশ করে।
ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী তিনটি দল একে অপরের বিরুদ্ধে তিনটি করে ম্যাচ খেলবে। এর মানে হল, লিগ পর্বে প্রতিটি দলের জন্য মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিনটি দলই অনুশীলন করবে।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটি মেয়েদের প্রথম বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট এই ভেন্যুতে ফিরে এসেছিল।
এটি উল্লেখযোগ্য যে, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি তিন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে।
একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ
৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ
১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
ফাইনাল- ১৬ অক্টোবর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টাকার বিনিময়ের চেষ্টা এবং এক পরীক্ষার্থীর ওএমআর শিট পরিবর্তন করার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর আসামিরা পলাতক রয়েছেন।
গত ১৭ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোশারফ হুসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদরাসার উপাধ্যক্ষ ও দাখিল পরীক্ষা-২০২৬-এর সহকারী কেন্দ্র সচিব মো. আব্দুল বাকী ওরফে লিটন, সাউদপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও হল সুপার মো. রোকনুজ্জামান, গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. অলিউল্লাহ এবং ধনতোলা বাজার দাখিল মাদরাসার সুপার মো. ইব্রাহিম খলিলকে।
জানা গেছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদরাসার শিক্ষার্থী মো. হাবিবুল বাশার মুবিন গঙ্গাচড়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেন। ২০ মে পরীক্ষা চলাকালে প্রথম আসামি আব্দুল বাকী ওরফে লিটন পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে বহুনির্বাচনি পরীক্ষার উত্তর সরবরাহ করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, মুবিন টাকা দিতে অস্বীকৃতি জানালে লিটনের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়।
পরীক্ষা শেষে মুবিনের বহুনির্বাচনি অংশের ওএমআর শিট পরিবর্তন করে অন্য একটি ওএমআর শিট শিক্ষাবোর্ডে পাঠানোর অভিযোগ করা হয়েছে। ১০ আগস্ট দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর মুবিন দেখতে পান, অন্যান্য বিষয়ে এ প্লাস পেলেও জীববিজ্ঞান বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। ফল পুনর্মূল্যায়নের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে লিখিত অভিযোগ করেন।
শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে মুবিনের জীববিজ্ঞান বিষয়ের লিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট পর্যালোচনা করা হলে তিনি দাবি করেন, দেখানো ওএমআর শিটটি তার নয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাবোর্ডের রেজিস্ট্রারের অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি পরীক্ষার্থীর আবেদন, লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার ওএমআর শিট, হাজিরা শিটসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে। এ সময় পরীক্ষার্থীর হাজিরা শিটে থাকা ওএমআর শিটের স্বাক্ষরের সঙ্গে শিক্ষাবোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের স্বাক্ষরে গরমিল পাওয়া যায়।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি পাওয়া যায়। মুবিনের হাজিরা শিটে থাকা বহুনির্বাচনি ওএমআর শিটের প্রকৃত সিরিয়াল নম্বর ২৫০০৫৮৬০২০ হলেও শিক্ষাবোর্ডে জমা দেওয়া ওএমআর শিটের সিরিয়াল নম্বর ২৫০১৫৭৫১৫৩। এজাহারে আরও বলা হয়েছে, ২০ মে দুপুর আনুমানিক ১টা থেকে বিকেল ৫টার মধ্যে গঙ্গাচড়া ডিগ্রি কলেজের পুরোনো ভবনের দ্বিতীয় তলার পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষে এ ঘটনা ঘটে।
দ্বিতীয় থেকে চতুর্থ আসামি লিখিত বক্তব্য দিলেও প্রথম আসামি আব্দুল বাকী ওরফে লিটন শিক্ষাবোর্ডে উপস্থিত হয়ে কোনো ব্যাখ্যা দেননি। তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে মামলায় অভিযোগ করা হয়েছে, পরীক্ষা চলাকালে নিয়মবহির্ভূতভাবে উত্তর সরবরাহের চেষ্টা এবং পরে পরীক্ষার্থীর প্রকৃত ওএমআর শিটের পরিবর্তে অন্য একটি ওএমআর শিট জমা দেওয়ার ঘটনা ঘটে।
মামলার দুই নম্বর আসামি সাউদপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও হল সুপার মো. রোকনুজ্জামান বলেন, ‘হঠাৎ বোর্ড থেকে ফোন করে জানানো হয়, ওএমআর পরিবর্তন হয়েছে। আমি বলি, এ বিষয়ে তো আমি কিছু জানি না। এরপর আমাদের বোর্ডে ডাকা হয়। আমরা গিয়ে বিষয়টি দেখি।
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি হল সুপার ছিলাম, এজন্যই আমাকে আসামি করা হয়েছে। বাকি তিন আসামির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবুল বাশার মুবিন গণমাধ্যমকে জানান, পরীক্ষার দিন পরীক্ষা শেষে তাদের সবাইকে থাকতে বলা হয়। এরপর তাদের কাছে টাকা চাওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে লিটন হুজুর তার ওপর ক্ষুব্ধ হন।
মুবিন বলেন, ‘ফল প্রকাশের পর দেখি, সব বিষয়ে এ প্লাস পেলেও শুধু জীববিজ্ঞানে ফেল করেছি। পরে বোর্ডে চ্যালেঞ্জ করেও ফল পরিবর্তন হয়নি। এরপর বোর্ডে গিয়ে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিই। অভিযোগের পর খাতাগুলো বের করে দেখি, আমার ওএমআর শিট পাল্টে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বোর্ড আমাকে আশ্বস্ত করেছে, আমি সঠিক বিচার পাব এবং ভর্তির বিষয়েও সহযোগিতা করা হবে। আমি চাই, এর সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর এমন ক্ষতি না হয়।
মামলার বাদী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক মো. মোশারফ হুসেন বলেন, ‘বোর্ডের লিখিত আদেশের কারণে থানায় মামলা করেছি। বোর্ডে পাঠানো কাগজপত্র দেখে মনে হয়েছে, শিক্ষার্থীটির সঙ্গে অন্যায় করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘মামলা হয়েছে। এখন তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
মামলার তদন্তভার উপ-পরিদর্শক মো. মশিউর রহমানের ওপর দেওয়া হয়েছে। তিনি জানান, মামলার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন। মামলাটি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষাবোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘প্রধান আসামিকে গ্রেপ্তার করা গেলে এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
মামলাটি পাবলিক পরীক্ষা অপরাধ (সংশোধন) ২০২৬-এর ৮/১৩ ধারায় করা হয়েছে। এফআইআর অনুযায়ী, মামলার তদন্তভার গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমানের ওপর দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।
আরিফুল করিম সিয়াম জানান, "আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।"
তিনি আরও বলেন, "এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।"
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু অনুভূতি প্রকাশ করে বলেন, "খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।"
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অধিকার করে। ১৭তম পরীক্ষায় বিরতির পর ১৮তম বিজেএসেও শীর্ষস্থান অর্জন করলেন রাবির শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ