মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:২১ পি.এম
সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডো শুরু হয়েছে, ক্লাব ফুটবলের ব্যস্ততা থামিয়ে। এই ১৬ দিনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে মাঠে দেখা যাবে লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র এবং বাংলাদেশের হামজা চৌধুরীদের মতো তারকাদের।
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে দেশের জার্সিতে শেষবারের মতো ভক্তদের বিদায় জানাতে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিকে দেখা যাবে শুধুমাত্র শেষ ম্যাচে।
আর্জেন্টিনার ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):
৩০ সেপ্টেম্বর: আর্জেন্টিনা বনাম বলিভিয়া- মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়াম, কর্দোবা; রাত ২টা
২ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো- লা বোম্বোনেরা, বুয়েনেস আইরেস; রাত ২টা
৬ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বেনিন- এল মনুমেন্টাল, বুয়েনেস আইরেস; রাত ২টা
বিশ্বকাপের শেষ ষোলোর হতাশা পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সেপ্টেম্বরের উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিলের ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):
২৫ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া—কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম, কুইন্সল্যান্ড; বিকেল ৪টা
২৯ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া—সানকর্প স্টেডিয়াম, ব্রিসবেন; বিকেল ৪টা
৩ অক্টোবর: ব্রাজিল বনাম ভারত—সল্টলেক স্টেডিয়াম, কলকাতা; রাত ৮টা
ফিফা আসিয়ান কাপে হামজাদের ব্যস্ততা
সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।
প্রবাসী তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসারের অন্তর্ভুক্তিতে আক্রমণভাগ ও মাঝমাঠে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টে ইতিবাচক ফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে হামজারা।
বাংলাদেশের ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; বিকেল ৩টা
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; বিকেল ৩টা
১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; সন্ধ্যা সাড়ে ৬টা
অর্থাৎ, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ সময় অনুযায়ী ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ, ব্রাজিল-অস্ট্রেলিয়ার দুই লড়াই এবং ব্রাজিল-ভারতের ঐতিহাসিক মুখোমুখি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই ছুটি কার্যকর হবে। পূর্বে এই ছুটির তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার জারীকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে রবিবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ মে তারিখে জারীকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক আজ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। বৈঠকটি আজ বিকেলে কোনো এক সময় হওয়ার কথা রয়েছে। দুই নেতা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন।
এ বিষয়ে অবগত একটি সূত্র সোমবার (২১ সেপ্টেম্বর) এএফপিকে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই প্রচেষ্টা অনেকটা স্থবির হয়ে পড়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে অধিক মনোযোগ দিয়েছে। সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরুর চাপের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে দূরপাল্লার হামলা আরও তীব্র করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বৈঠকের আগে, গত সোমবার ট্রাম্প বলেছেন, রাশিয়া তাদের জ্বালানি তেলশিল্পের ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, রাশিয়ার বিপুলসংখ্যক ডিজেল শোধনাগার ধ্বংস হয়ে গেছে এবং তিনি এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের ওই পোস্টের জবাবে, জেলেনস্কি এক্সে লেখেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কিছু প্রস্তাব আলোচনা টেবিলে রয়েছে। উত্তেজনা কমানোর শক্ত পদক্ষেপের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হতে পারে। ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও খাদ্য রপ্তানি খাত লক্ষ্য করে রাশিয়ার হামলা বন্ধ করতে হবে। তাহলে ইউক্রেনও হামলা বন্ধ করতে সক্ষম হবে। এ সংকটের সমাধান সম্ভব।
গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা না করতে রাজি হয়েছে। এর এক দিন আগে, রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালানোর জন্য তিনি কিয়েভের সমালোচনা করেছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিনটি সংবাদমাধ্যম, সিএনএন-এমএস নাও-পলিটিকো, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজেদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহালের জন্য মামলাটি করার ঘোষণা দিয়েছে এই তিনটি প্রতিষ্ঠান।
মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় দাখিল করা হচ্ছে। জরুরি ভিত্তিতে করা আবেদনের ওপর চলতি সপ্তাহেই শুনানি ও প্রশাসনের বক্তব্য শোনার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।
সিএনএন-এমএস নাও-পলিটিকো যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে, সাংবাদিকদের প্রতিবেদন নিয়ে আপত্তি থাকার কারণে কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের হোয়াইট হাউসের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে। তারা দাবি করেছে, সরকারের কোন খবর সংবাদমাধ্যম প্রকাশ করবে বা করবে না, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নেই।
তিনটি প্রতিষ্ঠান আরও বলেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতা এবং সরকারি হস্তক্ষেপমুক্ত সংবাদ পরিবেশনের অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে।
গত শুক্রবার ট্রাম্প সিএনএন-এমএস নাও-পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। শনিবার, যখন প্রতিষ্ঠান তিনটির সাংবাদিকরা হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন, তখন তাদের প্রবেশাধিকার দেওয়া হয়নি এবং কয়েকজনের প্রেস ব্যাজও জব্দ করা হয়।
ট্রাম্প ওই সিদ্ধান্তের পক্ষে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন এবং অন্য সংবাদমাধ্যমকেও ভবিষ্যতে নিষেধাজ্ঞার আওতায় আনার ইঙ্গিত দিয়েছিলেন।
নিষেধাজ্ঞার ফলে সিএনএন-এমএস নাও-পলিটিকোর সাংবাদিকরা হোয়াইট হাউসের ভেতরে তাদের নির্ধারিত কর্মস্থলে প্রবেশ করতে পারছেন না। সিএনএন-এমএস নাও তাদের টেলিভিশন সরঞ্জাম এবং হোয়াইট হাউস প্রাঙ্গণের নির্দিষ্ট ক্যামেরা পজিশনও ব্যবহার করতে পারছে না।
মামলায় তিন সংবাদমাধ্যম দাবি করছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে।
এদিকে, নিষেধাজ্ঞার সাংবিধানিক বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রেস-স্বাধীনতা সংগঠনও সিদ্ধান্তটির সমালোচনা করেছে। তবে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষে আইনি অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
মামলাটি এখন হোয়াইট হাউসের সঙ্গে সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকাণ্ড কভার করার ক্ষেত্রে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে রূপ নিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এখন নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তর এই নিম্নচাপের বিষয়ে ঘোষণা করেছে। এর প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে বলে জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।
সূত্রে জানা গেছে, আজ থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি গভীর নিম্নচাপের আকারে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে ব্যাপক বৃষ্টি ঘটাতে সক্ষম হতে পারে। তবে, আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আপাতত নেই।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপটি গত সোমবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ বলেন, "নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশালে বেশি দেখা যাচ্ছে।" তিনি আরও জানান, আজ রাজধানীতে সকালের বৃষ্টিও এর কারণেই হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, "আজ রাজধানীতে আরও বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে।"
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে এই গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ