বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মিলনকে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছাড়াতে অনুরোধ জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আব্দুল জলিল।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ওই এনসিপির নেতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান।
এ সময় পৌর সদরের কুসুমদী গ্রামের বাসিন্দা ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মিলনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, পৌরসভার কুসুমদী গ্রামের বাসিন্দা মিলন দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা সাবরেজিস্ট্রার অফিসের বাইরে কম্পিউটারের দোকান পরিচালনা করে আসছেন। ভূমি অফিসের নামে জমির নামজারি, খাজনা ও অন্যান্য সেবা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন। বিভিন্ন কাজ নিয়ে দিনে একাধিকবার উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসে যাতায়াত করতেন। তাকে এভাবে ভূমি অফিসের বাইরে ঘোরাঘুরি করতে দেখে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জমির দালালি বাদ দিয়ে অন্য কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের জন্য পরামর্শ দেওয়া হয়। তারপরও তিনি ভূমি অফিসে যাতায়াত বন্ধ করেননি।
এদিকে ছড়িয়ে পড়া অডিও কথোপকথনে শোনা যায়, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমানকে বলছেন, মিলন আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তাকে একবার শুধরে নেওয়ার সুযোগ দিন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনি বাধ্যবাধকতার কথা জানিয়ে এতে অপারগতা প্রকাশ করেন। এরপর আব্দুল জলিলকে বলতে শোনা যায়, ঠিক আছে, এমপি স্যারকে বলি।
এ বিষয়ে এনসিপি নেতা আব্দুল জলিল বলেন, আমাদের দলের এক নেতার বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড স্যারকে ফোন দিয়েছিলাম। পরে বিস্তারিত জানতে পেরে কোনো তদবির করিনি। আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম।
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর গণমাধ্যমকে বলেন, এ ধরনের অপরাধীর পক্ষে সুপারিশ করা সাংগঠনিক আইন পরিপন্থি। এটা করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। অফিসের বাইরে ঘোরাঘুরির একাধিক ফুটেজও রয়েছে। তাছাড়া তার সেবা প্রতিষ্ঠানে কোন সেবা কত মূল্যে তিনি প্রদান করেন- সেই সংক্রান্ত কোনো তালিকা প্রকাশ্যে টাঙাননি। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খসরুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী, ব্রুসলিকে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়া, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব ভিডিও এবং বক্তব্য প্রত্যাহার বা সরিয়ে নিতে হবে।
অন্যথায়, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
এদিকে, এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের পক্ষ থেকে ঘোষিত সকল কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বিএফডিসিতে সংবাদ সংগ্রহসহ সকল কার্যক্রম এখন থেকে স্বাভাবিকভাবে চলবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের জন্য একটি অভিনব অফার বাস্তবে রূপ নিয়েছে। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান যখন লাল কার্ড দেখান, তখন জনপ্রিয় পিজ্জা ব্র্যান্ড ডমিনোজ প্রায় ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ৬০ হাজার মিডিয়াম পিজ্জা বিনা মূল্যে বিতরণ করবে।
এটি একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। বিশ্বকাপ শুরুর পূর্বে ডমিনোজ ঘোষণা দিয়েছে যে, টুর্নামেন্টে যদি যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখান, তাহলে তারা ৬০ হাজার মিডিয়াম ‘ইমার্জেন্সি পিজ্জা’ ফ্রি দেবে। লাল কার্ড দেখে হতাশ সমর্থকদের কিছুটা স্বস্তি প্রদানের উদ্দেশ্যে এই ব্যতিক্রমী প্রচারণা চালু করা হয়।
বৃহস্পতিবার ভোরে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফোলারিন বালোগান। তবে তার আগে তিনি দলের হয়ে প্রথম গোলটি করেন, যা ছিল চলতি বিশ্বকাপে তার তৃতীয় গোল।
বালোগানের মাঠ ছাড়ার পরেও ১০ জনের দল হিসেবে দাপট ধরে রাখে যুক্তরাষ্ট্র। তারা ম্যাচে আরেকটি গোল করে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয়টি যুক্তরাষ্ট্রের জন্য ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় হিসেবে প্রমাণিত হলো।
তবে ফ্রি পিজ্জা সকলের জন্য নয়। বিশ্বকাপের শুরুর আগে, ১০ জুন রাত ১২টার মধ্যে ডমিনোজের রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করা গ্রাহকরা কেবল চাহিদার ভিত্তিতে এই অফারের সুবিধা পাবেন। উল্লেখ্য, অফারটি আগামী ২ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে এডিপির ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছে। সরকারি বরাদ্দে কেনা এসব বের হয়েছে বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ার। জানা গেছে, বিএনপি ও জামায়াত নেতারা নিজেদের মধ্যে এ মালামাল ভাগাভাগি করেছেন।
এই পরিস্থিতিতে, উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম জালিয়াতির আশ্রয় নিয়ে এক মাদ্রাসা ছাত্র সাইমুন ইসলামের নামে বরাদ্দকৃত বাইসাইকেল নিজ হাতে স্বাক্ষর করে তুলে নেন এবং পরে সেটি নিজের নাতিকে উপহার দেন।
যখন বিষয়টি জানাজানি হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে, অবশেষে বুধবার দুপুরে, ওই জামায়াত নেতা বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দিতে বাধ্য হন।
সরেজমিন অনুসন্ধানে আরও জানা গেছে, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র সাইমুন ইসলামের নামে একটি বাইসাইকেল বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সাইমুনকে সাইকেলটি না দিয়ে, জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম স্বাক্ষর করে সাইকেলটি তুলে নিয়ে যান এবং পরে সেটি তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র সাইমুন ইসলাম জানায়, তার নামে বরাদ্দ হওয়া সাইকেলটি প্রথমে তাকে দেওয়া হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ পেলে, বুধবার সাইকেলটি তড়িঘড়ি করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুধু জামায়াত আমিরই নন, বিএনপি নেতারাও বরাদ্দকৃত সাইকেল, সেলাই মেশিন ও স্প্রে মেশিন নিজেদের স্বজনদের মাঝে বণ্টন করছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম প্রথমে দাবি করেন, সাইকেলটি তার প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল। কিন্তু পরে তিনি বলেন, তার ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় সাইকেলটি তার পুতনি মারিয়াকে দেওয়া হয়েছিল। তিনি স্বীকার করেন, বরাদ্দকৃত এসব মালামাল জামায়াত ও বিএনপি নেতারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন।
সরকারি মালামাল দলীয় নেতাকর্মীদের মধ্যে ভাগাভাগি ও অনিয়মের এই বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন বুলবুল সিডল। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে যা শোনা যাচ্ছে, এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে তা অত্যন্ত দুঃখজনক এবং একটি খারাপ নজির সৃষ্টি করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারি বরাদ্দ যদি দলীয় নেতাকর্মীদের মধ্যে এভাবে ভাগাভাগি হয়ে থাকে, তবে প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে এর পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’
মাওলানা তাজুল ইসলামের এই কর্মকাণ্ডে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মাদ্রাসা শিক্ষক ও জামায়াত সমর্থক শের আলীও। তিনি বলেন, ‘মাওলানা তাজুল ইসলাম মোটেও কোনো দরিদ্র মানুষ নন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, শহরে তার নিজস্ব বাড়ি আছে এবং সন্তানরাও ভালো চাকরি করেন। একজন দায়িত্বশীল মানুষের এমন সরকারি বরাদ্দের বাইসাইকেল জালিয়াতি করে নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার ঝড় উঠলে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নজরে আসে। পরে তার নির্দেশে বুধবার দুপুরে সাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত আনা হয়।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সাইকেলটি ফেরত আনা হয়েছে এবং এটি নতুন করে প্রকৃত উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, বাইসাইকেল ছাড়াও অন্যান্য উপকরণ (যেমন: সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিন ইত্যাদি) বিতরণে আর কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চালানো হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশত্রুতার কারণে ৩৯ বছর বয়সি জহিরুল শিকদার নামক এক যুবককে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে।
জহিরুল শিকদার ওই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। ঘটনার পরপরই আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাসাইল গ্রামের জহিরুল শিকদারের সঙ্গে একই গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই বুধবার সকাল প্রায় ১১টার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এই বিষয়টি মীমাংসা করে দেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, ওই ঘটনার পরেই বুধবার গভীর রাতে জহিরুল শিকদারকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির পাশের সড়কে তাঁর মরদেহ পাওয়া যায়।
এই ঘটনার পর নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিন্টু শিকদারকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে একজন হত্যা মামলা দায়ের করেছেন আগৈলঝাড়া থানায়।
নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেছেন, বুধবারের ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু রাতে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী সিন্টু শিকদার (২২) এবং জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ