০৫:২১ পি.এম
দিনাজপুরের খানসামায় একটি ইজিবাইক ও গরুবাহী টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রসুল করিম বাবু (৪২) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এছাড়াও, ওই ঘটনায় ইজিবাইকের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে। খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকা এটি ঘটে।
নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি প্রয়াত রহিম উদ্দিনের ছেলে, যিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তিনি ভ্যান ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, বাবু প্রতিদিনের মতো যাত্রী নিয়ে চলছিলেন। এসময় টংগুয়া বড়বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পোর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু ঘটে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন