০২:২১ পি.এম
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি অপচেষ্টাকে বিজিবি সফলভাবে রুখে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের দৃঢ় অবস্থানের কারণে পুশইনের শিকার ব্যক্তিরা পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ পুশইনের ঘটনা ঘটে।
ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা আটজনকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল। ওই সময় বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজিবির কড়া অবস্থানের কারণে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে বিএসএফের অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং আইন লঙ্ঘনের প্রচেষ্টাকে প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন