বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০২:১৬ পি.এম
মুন্সীগঞ্জে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই সময়ের মধ্যে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (পাল বাড়ি) এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সহযোগিতা করে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আ. মাবুদ, নৌপুলিশের সদস্যরা, সদর থানা পুলিশের সদস্য এবং সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এতে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয় এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ কারেন্ট জাল উৎপাদন, মজুত ও ব্যবহার রোধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ৩০ জুলাই, ২০২৬: জেলার কলমাকান্দার মহাদেও নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি নৌকা জব্দ করা হয়। ৭ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১ জনকে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ-এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬টি পৃথক মামলায় ৫০ হাজার টাকায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্য একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরও অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু জনসম্মুখে পুনরায় নদীতে ফেলে দেয়া হয়। জব্দ স্টিলের নৌকাগুলো পুলিশ সদস্য এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ ও উপজেলা প্রশাসন জানালেন, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নরসিংদী, ৩০ জুলাই, ২০২৬ : জেলা সদরের উপজেলা মোড়ে অবস্থিত ‘লেডি জোন বিউটি পার্লার’-এ বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বুধবার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই।
এছাড়া, একাধিক পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন এসআই মো. মান্নান।
অভিযানের পর সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণপূর্বক প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরে ছিনতাইকালে স্থানীয়দের ধাওয়ার মুখে এসে এক যুবক ভৈরব নদীতে ঝাঁপ দেয়ার পরও শেষ রক্ষা হয়নি তার জন্য। নদী থেকে স্থানীয় লোকজন তাকে ধরে তুলে নিয়ে এসে ধারালো চাকুসহ পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় তার এক সহযোগী পালাতে সক্ষম হলেও আটক যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার সময় বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে ঘটনা ঘটে। আটক যুবক হাসিব বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিব ও তার এক সহযোগী শহরের দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে একজন মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসার সাথে সাথেই আশপাশের লোকজন তাদের ধাওয়া করতে শুরু করেন। ধাওয়া খেয়ে হাসিব তখন ভৈরব নদীতে ঝাঁপ দেন।
এ সময় স্থানীয় যুবকরা তাকে নদী থেকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে আটক হাসিবের কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া এলাকার বাসিন্দা তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য ওই যুবক চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার আরেক সহযোগী ওই সময় পালাতে সক্ষম হয়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা ব্যবসায়ীর গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল এই দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। হাসিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে চাকুসহ হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, আটক হাসিব এখন থানার হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
৩০ জুলাই, ২০২৬ : খাল পুনঃখনন প্রকল্পে সরকারী অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবহার নিশ্চিত করে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে চরফ্যাশন উপজেলা প্রশাসন। প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হলেও, প্রাক্কলনের তুলনায় কম অর্থ ব্যয় হওয়ার কারণে অবশিষ্ট টাকা সরকারি বিধি অনুযায়ী ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ এর আওতায় চরফ্যাশন উপজেলায় সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী নামক ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল।
প্রকল্প বাস্তবায়নের সময় সরকারি নির্দেশনা ও নির্ধারিত কারিগরি মান কঠোরভাবে অনুসরণ করা হয়। তবে, খালের বিভিন্ন অংশের প্রস্থ ও খননের গভীরতা প্রাক্কলনের তুলনায় কম প্রয়োজন হওয়ায় বরাদ্দের পুরো অর্থ ব্যয় না করেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এর থেকেই ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সাশ্রয় হয়; যা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বাসস’কে বলেন, ‘দীর্ঘদিনের অবহেলায় উক্ত খালটি ভরাট হয়ে কার্যত অকেজো হয়ে পড়েছিল। স্থানীয়দের জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে বর্তমান বিএনপি সরকারের উদ্যোগে খালটি পুনঃখনন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবহারের অংশ হিসেবে সাশ্রয় হওয়া প্রতিটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সবসময় দায়িত্বশীলভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এই পদক্ষেপটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ওই উপজেলার সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজের সততা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার নজির স্থাপনে তাকে সাধুবাদ জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ