ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, উপসাগরীয় কয়েকটি দেশও লক্ষ্যবস্তু হয়েছে


হরমুজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, উপসাগরীয় কয়েকটি দেশও লক্ষ্যবস্তু হয়েছে

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রোববার ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে। একই সময়ে ওয়াশিংটনের উপসাগরীয় কয়েকটি মিত্র দেশও ইরানের হামলার লক্ষ্যবস্তু হিসেবে পরিগণিত হয়েছে।

সর্বশেষ সংঘাতটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তিকে নতুন করে দুর্বল করে দিয়েছে। এই ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরণের ধাক্কা লেগেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে জানায়, রোববার রাত ২১০০ জিএমটি থেকে সর্বশেষ হামলা শুরু হয়। এর আগে রাতে প্রায় ১৪০টি হামলা চালানো হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র দক্ষিণ ও পশ্চিম ইরানের বিস্তীর্ণ এলাকায় হামলা পরিচালনা করেছে। হামলার মধ্যে হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং ইরাক সীমান্তবর্তী খুজিস্তান প্রদেশও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি ঘোষণার পর থেকে তেলের দাম কমছিল। তবে সোমবার টোকিওতে ফিউচার লেনদেন শুরু হলে তেলের দাম সাড়ে ৩ শতাংশের বেশি বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৪ ডলারের ওপরে গিয়ে দাঁড়িয়েছে।

ইরান জানায়, রোববার সন্ধ্যায় তাদের দক্ষিণাঞ্চলের দুটি দ্বীপও হামলার শিকার হয়েছে। অন্যদিকে কুয়েত জানায়, সীমান্ত চৌকি এবং একটি অফশোর তেল প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এর আগে তেহরান একাধিকবার কুয়েতে থাকা মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।

নতুন করে সংঘাতের সূচনা ঘটে রোববার ভোরে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর। ওই হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং নাবিকরা সেটি ছেড়ে যেতে বাধ্য হন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

কৌশলগত এই নৌপথের নিয়ন্ত্রণ ইরানের জন্য গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টির হাতিয়ারে পরিণত হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা রোববার মন্তব্য করেছেন, এটি ‘ডজনখানেক পারমাণবিক বোমার’ চেয়েও বেশি গুরুত্ব বহন করে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান টিকিয়ে রাখতে মধ্যস্থতাকারীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববারের মার্কিন হামলা ‘হরমুজ প্রণালীতে আবারও অনিরাপত্তা সৃষ্টি করেছে’ এবং ‘এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।'

কঠোর জবাবের হুঁশিয়ারি - রোববার সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপে অন্তত ১০টি ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ হামলা আক্রমণ করেছে। তারা আরও জানায়, কেশমের পূর্বে উপসাগরীয় ফারুর দ্বীপে হামলায় একজন টেলিযোগাযোগ কর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সোমবার ভোরে জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাহশাহরের একটি পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

রোববার কুয়েত জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্ম ‘শত্রুপক্ষের একটি ড্রোনের’ লক্ষ্যবস্তু হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

তেহরান জানায়, রোববার ভোরে তারা হরমুজে দুটি জাহাজে হামলা করেছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জবাবে তারা প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যম বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কেশম এবং খুজিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর দিয়েছে। এতে একজন সেনা সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

মার্কিন হামলার জবাবে ইরান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়। এএফপির সাংবাদিক এবং স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

কুয়েত জানিয়েছে, তারা হামলা প্রতিহত করার চেষ্টা করছে। জর্ডান জানিয়েছে, ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র দেশটির ভেতরে এসে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ওমানেও হামলা চালিয়েছে। দেশটি খুব কমই হামলার লক্ষ্যবস্তু হয়।

ওমানের রাজধানী মাসকাট ইরানের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করা দেশটির জন্য এটি একটি বিরল পদক্ষেপ।

হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। নয়াদিল্লি জানিয়েছে, রোববার হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিক নিখোঁজ হয়ে গেছে। অন্যদিকে মাসকাট জানিয়েছে, তারা একটি বাণিজ্যিক জাহাজের ২৩ জন নাবিককে উদ্ধার করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের প্রথম দিন তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেছেন, যাদের লক্ষ্যবস্তু করা হবে, ইরান তাদের একটি তালিকা প্রস্তুত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার বলেছেন, তাকে হত্যার কোনো চেষ্টা হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘সংলাপ ও কূটনীতিই বিরোধ নিষ্পত্তি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও শান্তির আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র বলেন, ‘এই হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের প্রাণহানি

ভারতের পশ্চিমাঞ্চলে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ঘটেছে বর্জ্যের বিশাল স্তূপ ধসের ঘটনা। এই ধসটি প্রশাসনিক ভবনের ওপর এসে পড়ে, যার ফলে অন্তত নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে ভারী বৃষ্টিপাতের পর ঘটে এই দুর্ঘটনা। কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সোমবার এই ভয়াবহ ঘটনার তথ্য জানায়।

গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে ঘটে এই দুর্ঘটনা। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন বর্জ্যের স্তূপ ধসে পড়ে প্রশাসনিক ভবনের ওপর। এই ঘটনায় ভবনের ভেতরে থাকা ২৩ জন কর্মী আটকা পড়ে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘টানা বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ায় এই ঘটনা ঘটে। ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তখন সেখানে ২৩ জন কর্মী উপস্থিত ছিলেন।’ দুর্ঘটনায় নয়জন নিহত হন। অন্যদিকে, বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কেন্দ্রটির কর্মকর্তারা আরও জানান, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়েছে।

ভারতের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে প্রায়ই ভবন এবং নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা ঘটে। বিশেষ করে টানা বৃষ্টিতে পুরোনো এবং জরাজীর্ণ স্থাপনা অনেক সময় ধসে পড়ে।

কাঠামোগত অবস্থা ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। আবহাওয়া পূর্বাভাসকারীরা উল্লেখ করেছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরণেও পরিবর্তন আনতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


মাদারীপুরে নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের জন্য মাদারীপুরে ছিল উৎসবমুখর অবস্থা। সকাল থেকেই আষাঢ়ের অবিরাম বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করেন।

আকাশের উপর কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো বিশাল অঝোর ধারায়। কিন্তু সেই বৈরী আবহাওয়া নেতা-কর্মীদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় থেকেছেন।

সকালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রম করার সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব প্রদান করেন। তার সেই অভিবাদনে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ।

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের সুরে স্লোগান, করতালি এবং ফুলেল অভ্যর্থনায় পুরো পরিবেশ হয়ে ওঠে মুখর। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্তের ছবি ধারণ করেন। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শুধু শিবচরেই নয়, জেলার বিভিন্ন স্থানে একই চিত্র সৃষ্টি হয়। রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ সব জায়গায় ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো জেলায় ছিল উৎসবের আবহ।

এ সময় মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

অন্যদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ দলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। তাদের উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়কজুড়ে সৃষ্টি হয় একটি রঙিন ও উৎসবমুখর পরিবেশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর সফল উদ্যোক্তা হোসেন আলী কৃষকের বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


রাজবাড়ীর সফল উদ্যোক্তা হোসেন আলী কৃষকের বন্ধু

দারিদ্র্য, অভাব আর অনিশ্চয়তাকে সঙ্গী করে জীবনের পথচলা শুরু করেছিলেন হোসেন আলী। তবে তিনি অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সেই সংগ্রামকে সাফল্যে পরিণত করেছেন। রাজবাড়ীর পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা হোসেন আলী (৩৫) শুধুই নিজেকে আত্মনির্ভর করেছেন না, কৃষকদের জন্যও তৈরি করেছেন সময়োপযোগী বেশ কয়েকটি কৃষি যন্ত্র।

পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণলতা গ্রামে জন্মগ্রহণ করেন হোসেন আলী, যিনি অত্যন্ত অসচ্ছল একটি পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা আমীর আলী এবং মা রাবেয়া বেগমের ৮ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় পারিবারিক অর্থনৈতিক সংকট দেখা দেয়। ফলে তিনি পড়ালেখা বন্ধ করে জীবিকার সন্ধানে বাড়ি ছাড়তে বাধ্য হন। পাংশা শহরের একটি ওয়ার্কশপে কুষ্টিয়ার অভিজ্ঞ মিস্ত্রি জামাত আলীর কাছে কাজ করার সুযোগ পান হোসেন আলী। প্রাথমিকভাবে তাকে মজুরি হিসেবে শুধুমাত্র খাবারের ব্যবস্থা দেওয়া হচ্ছিল।

ওয়ার্কশপে কাজ করার সময় তিনি কৃষি যন্ত্রের গঠন, ব্যবহার এবং মেরামতের কৌশল রপ্ত করতে সক্ষম হন। একসময় তাঁর ওস্তাদ জামাত আলী হৃদরোগে মারা গেলে, ওয়ার্কশপের দায়িত্ব হোসেন আলীর কাঁধে অর্পিত হয়। সেই কঠিন পরিস্থিতিতে তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

পরে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তিনি গাজীপুরের কৃষি গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। যোগ্যতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সিমিট বাংলাদেশ’ থেকেও আধুনিক কৃষি যন্ত্র তৈরির প্রশিক্ষণ নেন। এসব প্রশিক্ষণ তাঁর উদ্ভাবনী চিন্তাকে আরও সমৃদ্ধ করে তোলে।

পাংশা অঞ্চলে প্রতিবছরই প্রচুর পেঁয়াজ উৎপাদিত হয়। কিন্তু সংরক্ষণে সমস্যা থাকায় কৃষকদের কম দামে পেঁয়াজ বিক্রি করতে হয়। এ সমস্যার সমাধানে হোসেন আলী তৈরি করেন স্থানীয়ভাবে ব্যবহারের উপযোগী এয়ার ফ্লো পেঁয়াজ সংরক্ষণ মেশিন, যা একসঙ্গে ২০০ থেকে ৩০০ মণ পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করতে সক্ষম। এরপর তিনি উদ্ভাবন করেন পেঁয়াজ গ্রেডিং মেশিন, যা ছোট-বড় পেঁয়াজ আলাদা করতে সক্ষম।

এই বিষয়ে পাংশা বাগদুলি গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী সোহান আলী বাসস’কে জানান, ‘‘আমি পেঁয়াজের ব্যবসা করি। অল্প সময়ে পেঁয়াজ বেছে বাজারে বিক্রি করা এখন আমার জন্য খুব সহজ হয়েছে। হোসেন আলীর তৈরি পেঁয়াজ গ্রেডিং মেশিন কিনে আমি খুব উপকৃত হয়েছি।’’ পাশাপাশি তিনি ঘাস কাটার মেশিন এবং সর্বশেষ কাঁচা পাটের আঁশ ছাড়ানোর মেশিন তৈরি করে কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

হোসেন আলী বাসস’কে বলেন, ‘‘তার উদ্ভাবিত পাটের আঁশ ছাড়ানোর মেশিন এক ঘণ্টায় প্রায় ১০০ আঁটি কাঁচা পাটের আঁশ ছাড়াতে সক্ষম। এতে শ্রমিকের প্রয়োজন অনেক কমে যায়। মেশিনে আঁশ দ্রুত ছাড়িয়ে শুধু পানিতে ভিজিয়ে রাখলেই কয়েক দিনের মধ্যে পাওয়া যায় উজ্জ্বল সোনালি আঁশ।’’

চাঁদপুর থেকে আসা কৃষক কাউসার আহমেদ বাসস’কে বলেন, ‘‘আমি বাণিজ্যিকভাবে পাট চাষ করি। এত পাটের আঁশ শ্রমিক দিয়ে ছাড়াতে সময় ও খরচ দুটোই বেশি লাগে। বর্তমানে অধিক মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যায় না। তাই হোসেন আলীর তৈরি মেশিনটি কাজ সহজ করবে বলে কিনেছি।’’

বর্তমানে হোসেন আলীর ওয়ার্কশপে পাঁচজন কর্মী নিয়মিত কাজ করছেন। মাসে তার মেশিন বিক্রি ও কর্মচারীর বেতন দিয়ে আয় হয় ১ থেকে ১.৫ লাখ টাকা। এতে তিনি খুব খুশি। বিভিন্ন জেলার কৃষকরাও তার তৈরি যন্ত্র কিনতে আসছেন। স্থানীয় কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও তার উদ্ভাবিত কৃষিযন্ত্রের চাহিদা বাড়ছে।

জীবনের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান হোসেন আলী। চোখে জল আসলে তিনি বলেন, ‘‘এক সময় পেটের ভাতের জন্য কাজ করেছি। আজ আমার তৈরি মেশিন কৃষকের কাজে লাগছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সামনে আরও আধুনিক কৃষিযন্ত্র তৈরি করে দেশের কৃষিকে এগিয়ে নিতে চাই।’’

হোসেন আলীর জীবনগাথা প্রমাণ করে যে, দারিদ্র্য কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। অধ্যবসায়, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটালে একজন সাধারণ মানুষও সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তার সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।

এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বাসস’কে বলেন, ‘‘হোসেন আলীর মধ্যে প্রযুক্তির উদ্ভাবনী গুণ রয়েছে দেখে আমরা উনাকে গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রে পাঠিয়েছি। তার কর্মদক্ষতা ও একাগ্রতা দেখে আমরা সব সময় তার অনুপ্রেরণা জুগিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছে হোসেন আলী। সম্প্রতি পাংশায় অনুষ্ঠিত কৃষি মেলায় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন তার উদ্ভাবনী প্রযুক্তি দেখে তাকে অনেক সাহস জুগিয়েছেন। কোন সমস্যা দেখা দিলে জেলা প্রশাসককে জানানোর জন্য বলেছেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে বিজিবির ত্রাণ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে বিজিবির ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণের ফলস্বরূপ সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে বান্দরবানের খানসামা পাড়া ও বিজিবি পাড়া। এই অঞ্চলের অসহায় ও দরিদ্র ১শ’টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার, বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সেলিম রানা এবং সুবেদার হাফিজুর রহমান। ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, তেল এবং আলু।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার সাথে সাথে দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান করে আসছে তারা। চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান সেক্টরের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। গত দু’দিনে ১২২ পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বাসস’কে জানিয়েছেন, যারা বন্যা দুর্গত অবস্থায় আছেন এবং পানিতে আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধার করে স্কুলগুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিবারই দেশবাসীর পাশে আছি এবং সামনেও থাকব। পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা আমরা করেছি।

এসময় আরও জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা ও খাদ্যসহ অন্যান্য জরুরি সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%