ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, আটক স্থানীয় জনতার হাতে


ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, আটক স্থানীয় জনতার হাতে

চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক যুবক, যিনি হিন্দু ধর্মাবলম্বী, ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের হাতে আটক হন এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

এই ঘটনা ঘটে ১২ অক্টোবর দুপুরে, চাঁদপুরের হরিনা ফেরী ঘাট এলাকায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বিষয়টি নিশ্চিত করেছেন হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।

স্থানীয়দের মতে, ঘটনার দিন দুপুরে চাঁদপুর হরিনা ফেরি ঘাটের নিকটে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ 12-6441) স্কুলের পোশাক পরিহিত মেয়েটিকে যুবকের সঙ্গে বসে থাকতে দেখে স্থানীয় জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে তারা জিজ্ঞাসা করে জানতে পারেন যে ছেলেটি হিন্দু, যিনি মাগুরা জেলা সদরের ছাঙ্গাভাঙ্গার বাসিন্দা। মেয়েটি মুসলিম, এবং সে চাঁদপুর সদর উপজেলার বাগাদি গনি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরপর স্থানীয়রা তাদের আটক করে হরিনা নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, একটি প্রাইভেটকারসহ স্কুলের পোশাক পরা মেয়ে এবং যুবককে আনা হয়েছে। তারা জানায়, মোবাইলের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির মা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) ইকবাল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা মামলায় সরে এলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা মামলায় সরে এলেন তরুণী

যুক্তরাষ্ট্রের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম (অনলাইন তারকা) ব্যক্তিত্ব ব্র্যাডেন পিটার্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ম্যাসাচুসেটসে চলমান ফৌজদারি মামলার মধ্যে এক তরুণী দেওয়ানি মামলা থেকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ প্রত্যাহার করেছেন। তরুণীর আইনজীবী জানিয়েছেন, ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়ায় যাতে কোনো প্রভাব না পড়ে, সেই কারণে দেওয়ানি মামলায় এই পরিবর্তন ঘটানো হয়েছে। অভিযুক্ত পিটার্স তার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ অস্বীকার করেছেন।

২০ বছর বয়সী পিটার্স অনলাইনে ‘ক্লাভিকুলার’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন সম্পর্কের উদ্দেশ্যে কাউকে মাদক প্রয়োগ এবং ২১ বছরের কম বয়সী ব্যক্তিকে মদ সরবরাহের অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ১৮ বছর বয়সী আলেকসান্দ্রা ভাসিলেভনা মেন্দোজা ম্যাসাচুসেটসে অবস্থানকালে পিটার্সের পরিবারের কেপ কডের বাড়িতে যান। অনলাইনে আলোরাহ বা আলোরাহ জিভা নামে পরিচিত এই তরুণীর অভিযোগ, পিটার্স তার জন্য গাড়ি ভাড়া করে পাঠান। সেখানে পৌঁছানোর পর দুজন সরাসরি সম্প্রচার চালানোর সময় পিটার্স তাকে ভদকা পান করান এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চ্যাথাম পুলিশ বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। গত মাসে পিটার্সের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন।

এর আগে মেন্দোজা ফ্লোরিডার মায়ামিতে পিটার্সের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছিলেন। ওই মামলায় ২০২৫ সালের মে মাসের ঘটনার সঙ্গে সম্পর্কিত যৌন নিপীড়নের অভিযোগের পাশাপাশি একই বছরের নভেম্বরে তার মুখে অনুমোদনহীন চর্বি গলানোর উপাদান ইনজেকশনের মাধ্যমে প্রয়োগের অভিযোগও আনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেন মেন্দোজা। এতে যৌন নিপীড়নের অভিযোগ বাদ দেওয়া হয়েছে এবং মে মাসের ঘটনার বিবরণও সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন অভিযোগপত্রে বলা হয়েছে, মেন্দোজা নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালে পিটার্স তার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন। তবে আগের অভিযোগপত্রে থাকা অচেতন অবস্থায় সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের নির্দিষ্ট অভিযোগটি নতুন নথিতে আর নেই।

মেন্দোজার আইনজীবী ড্রু মস এক বিবৃতিতে বলেন, পিটার্সের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও অন্যান্য আচরণ বিবেচনায় বিষয়টি এখন ফৌজদারি বিচারব্যবস্থার আওতায় নিষ্পত্তি হওয়াই উপযুক্ত। ম্যাসাচুসেটসে ফৌজদারি মামলা চলমান থাকায় যৌন নিপীড়নের অভিযোগটি দেওয়ানি মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মক্কেল চান না, দেওয়ানি মামলার কারণে ফৌজদারি বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হোক।

ম্যাসাচুসেটসের মামলায় পিটার্সের আদালতে হাজির হওয়ার তারিখ ১৪ অক্টোবর নির্ধারিত থাকলেও মামলার নথি অনুযায়ী, সেই শুনানি বাতিল হয়েছে। পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ ২২ অক্টোবর।

এদিকে সংশোধিত দেওয়ানি মামলায় পিটার্সের বিরুদ্ধে শারীরিক আঘাত, ইচ্ছাকৃতভাবে মানসিক কষ্ট দেওয়া, প্রতারণামূলক তথ্য দেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা এবং অনুমতি ছাড়া নাম ও ছবি প্রকাশের অভিযোগ বহাল রয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মায়ামিতে একটি পরিচিতি অনুষ্ঠানে দেখা হওয়ার পর পিটার্স মেন্দোজা ও তার বন্ধুদের ফ্লোরিডার ডেলরে বিচে নিজের বাসায় সরাসরি সম্প্রচারের জন্য আমন্ত্রণ জানান। ওই সম্প্রচারের সময় পিটার্স মেন্দোজার মুখে সিরিঞ্জ দিয়ে ‘অ্যাকুয়ালিক্স’ নামের একটি চর্বি গলানোর উপাদান প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। মেন্দোজার দাবি, তার সম্মতি ছাড়াই ওই উপাদান প্রয়োগ করা হয় এবং এটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত নয়—সে তথ্যও তাকে জানানো হয়নি।

সংশোধিত অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইনজেকশন দেওয়ার সময় মেন্দোজা অপ্রাপ্তবয়স্ক ছিলেন—এ কথা পিটার্স জানতেন। সরাসরি সম্প্রচার চলাকালে দর্শকদের কয়েকজন মন্তব্যে তার বয়স ১৭ বছর বলে সতর্ক করেছিলেন। অভিযোগ অনুযায়ী, পিটার্স বয়সের বিষয়টি নিয়ে মন্তব্যের জবাব দেন, তাদের বয়সের দুই বছরের ব্যবধানের পক্ষে যুক্তি দেন এবং এরপরও ইনজেকশন প্রয়োগ করেন।

পিটার্সের মুখপাত্র সর্বশেষ সংশোধিত দেওয়ানি মামলা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এর আগে পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে দেওয়ানি মামলায় তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে আদালতে এখনো নিষ্পত্তি হয়নি।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী

দ্বিতীয় সন্তানের জন্মের পর, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ দুই সন্তানের দেখাশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে, সংসার ও সন্তানদের দেখাশোনা করার পাশাপাশি, স্ত্রীকে সময় দেওয়া থেকে বিরত থাকছেন না অভিনেতা কাঞ্চন মল্লিক। সম্প্রতি, স্বামীর সঙ্গে ডিনার ডেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর, নেটিজেনদের একটি অংশের ট্রলের শিকার হয়েছেন শ্রীময়ী।

সন্তানদের বাড়িতে রেখে মাঝে মাঝে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য কাঞ্চন ও শ্রীময়ী নিরিবিলিতে ডিনার ডেটে গিয়েছিলেন। এই দম্পতির বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শ্রীময়ী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবিতে শ্রীময়ীকে কাঞ্চনের ঠোঁটে চুমু দিতে দেখা যায়। অন্য একটি ছবিতে, স্ত্রীকে হাত ধরে রয়েছেন কাঞ্চন। এছাড়াও, ডিনারে খাওয়া বিভিন্ন পদগুলোর ছবিও তিনি পোস্ট করেছেন। ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে সময় দেওয়া এবং তাঁর ছোট ছোট আবদার পূরণে কাঞ্চনের আগ্রহের কথাই ছবিগুলো ফুটিয়ে তুলেছে।

ছবিগুলোর ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, "আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।"

তবে, দম্পতির এই ভালোবাসার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু নেটিজেন তাদের সম্পর্কের প্রশংসা করেছেন, কিন্তু অন্যদিকে, কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে কটাক্ষও করেছেন। বিশেষ করে, কাঞ্চনের বয়স নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন কয়েকজন।

একজন মন্তব্য করেছেন, "দাদু আর নাতনী, বেস্ট জোরি অফ দা ইয়ার।" আরেকজন লিখেছেন, "কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।" তৃতীয় একজন মন্তব্য করেছেন, "কাঞ্চন দাদু তোমার শেষ শ্রীময়ী দিদি সবে শুরু।" এ ধরনের মন্তব্যে তাদের পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে।

এদিকে, কাজের ক্ষেত্রেও কাঞ্চন মল্লিক ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে একাধিক বাংলা সিনেমা। এর মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রীর আগামী সিনেমা ‘দেশু ৭’-এ দেখা যাবে তাকে। সম্প্রতি ‘দেশু ৭’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলাডেলফিয়া পুলিশের কাছে খুনের মামলায় মিথ্যা তথ্য দিল এআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


ফিলাডেলফিয়া পুলিশের কাছে খুনের মামলায় মিথ্যা তথ্য দিল এআই

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা। তবে পুলিশ জানায়, তথ্যটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত হওয়ায় এটি তদন্তকারীদের কাছে পৌঁছাতে পারেনি। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছে। তাদের উদ্বেগ, ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এ ধরনের কর্মকাণ্ড করলে তা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফিলাডেলফিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, গত ১৮ জুলাই তাদের অমীমাংসিত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য গ্রহণের ওয়েবসাইটে একটি মিথ্যা তথ্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, তথ্যটি স্প্যাম হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যার ফলে এটি কোনো তদন্তকারীর কাছে পৌঁছায়নি।

পুলিশ আরও জানায়, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য তদন্তকারীদের কাছে পৌঁছানোর আগে মানুষের মাধ্যমে যাচাই করা হয়। তথ্য পাঠানোর সঙ্গে সঙ্গে সেটিকে সত্য বলে ধরে নেওয়া হয় না। তদন্তকারীরা তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করেন এবং অন্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেন। স্বয়ংক্রিয়ভাবে পাঠানো তথ্যের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়।

অ্যানথ্রপিক জানায়, তাদের ‘ক্লদ হাইকু ৪.৫’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে দৈবভাবে বেছে নেওয়া বিভিন্ন ওয়েবপৃষ্ঠায় নমুনা কাজ তৈরি ও সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুলাই কাজটি করার সময় ক্লদ এমন একটি ওয়েবপৃষ্ঠায় পৌঁছায়, যেখানে একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তথ্য ছিল। পরে এটি পুলিশের পরিচালিত একটি ওয়েবপৃষ্ঠায় থাকা তথ্য দেওয়ার ছক খুঁজে পায়।

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাটি ওই ছকে একটি বার্তা লেখে। বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছে কিছু তথ্য থাকতে পারে। ঘটনার সময় ওই এলাকার একটি নির্দিষ্ট রাস্তায় বর্ণনার সঙ্গে মেলে—এমন একজনকে সে দেখেছিল বলেও দাবি করা হয়। প্রাসঙ্গিক হলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ওই তথ্যের কোনো বাস্তব ভিত্তি ছিল না। অ্যানথ্রপিকের মতে, ঘটনাটির প্রভাব সীমিত থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যত বাড়বে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ তত বড় ক্ষতির কারণ হতে পারে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থার এমন কিছু কাজ সামনে এসেছে, যা তাদের পরিচালনাকারীরা আগে থেকে অনুমান করেননি বা করতে বলেননি। ফিলাডেলফিয়ার ঘটনাটি সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক অ্যানথ্রপিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার সম্ভাব্য প্রস্তুতির প্রাথমিক পদক্ষেপও নিয়েছে। তবে ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য পাঠানোর ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় কার্যক্রমের ওপর নজরদারি ও মানুষের যাচাইয়ের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তার স্বামী সরদার আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি তার নিজ বাড়িতে ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়ার পর তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন। এ অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু ঘটে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%