১০:৩৯ পি.এম
নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব নুরনবী মজুমদার দলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১৮ জুলাই) তিনি নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।
নুরনবী মজুমদার পদত্যাগপত্রে উল্লেখ করেন যে, তিনি গত পাঁচ বছর ধরে সেনবাগ উপজেলা কৃষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে তিনি মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়ে বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে রাজনীতি করেছেন বলেও দাবি করেন।
তিনি আরও জানান যে, সম্প্রতি তাঁদের রাজনৈতিক সহযোদ্ধা, কেশারপাড় ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায়, তার চিকিৎসার জন্য ১৬ জুলাই রাজনৈতিক সহযোদ্ধাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সংগ্রহ করে রোগীর হাতে তুলে দেন। পরে তিনি সহযোগিতাকারীদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পদত্যাগপত্রে তিনি বলেন, যে এ ঘটনায় কোনো দাতার অভিযোগ না থাকা সত্ত্বেও দলের কয়েকজন নেতা তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। একজন মৃত্যুপথযাত্রী রাজনৈতিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর কারণে রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পদত্যাগপত্রে জেলার কৃষক দলের নেতৃবৃন্দের কাছে তার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানান। কিন্তু এ বিষয়ে জেলা কৃষক দলের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন