ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফতুল্লায় ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়েছে ঝুটের গোডাউন


ফতুল্লায় ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়েছে ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে সেই আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (২১ আগস্ট) ভোরের দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় এই অগ্নিকাণ্ডটি ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ছয়টার সময় একটি ইজিবাইকের গ্যারেজে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই আগুন পাশের বেশ কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া এবং বিসিক স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে গ্যারেজের বেশ কয়েকটি ইজিবাইক এবং প্রচুর পরিমাণ ঝুট আগুনের আক্রমণে পুড়ে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে এবার ইরানও দিয়েছে কঠোর হুঁশিয়ারি।

তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে কোনও চাপ প্রয়োগ করে, তাহলে তার চূড়ান্ত বিধ্বংসী জবাব দেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত বৃহস্পতিবার বলেছেন, ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দেবে, তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে।

শুক্রবার এমন সব হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, নতুন মার্কিন হুমকির জবাব হবে ব্যাপক ও নির্ণায়ক।

তিনি আরও বলেছেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত, শাস্তিমূলক ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে আলোচনা, দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন।

ইরাক সফরের সময় তিনি বলেছেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তাই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে অর্থনৈতিক ও ‘কগনিটিভ’ বা জনমত ও মানসিক প্রভাব বিস্তারের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সেসব অন্যায় নিষেধাজ্ঞার মোকাবিলা করার জন্য পরিকল্পনা করতে হবে, যাতে আমরা তা কাটিয়ে উঠতে পারি।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির পর তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের কারণে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

এটি ঘটে শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে।

গুলিবিদ্ধ দুইজন হলেন তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) এবং নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। তাদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানানো হয়েছে, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলছিল। এই পূর্ববিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যান। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমরা বিষয়টি তদন্ত করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় সংসদ সদস্যদের মধ্যে ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নােবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বঙ্গভবন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনের ভেতরেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথ এবং আশপাশের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপড়তা বাড়ানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল।

পরে বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর মধ্যদিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

শপথ নেওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, মেলানিয়ার মন্তব্য কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, মেলানিয়ার মন্তব্য কি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে ৩৫ বছর বয়সী এক নারীকে। সরকারি অনুষ্ঠান থেকে সফর, প্রেসিডেন্টের কাছাকাছিই থাকছেন তিনি। তার নাম নাটালি হার্প। আর এই ঘনিষ্ঠতা ঘিরেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এবার সেই আলোচনা নিয়ে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন, তা নিয়েও এসেছে নতুন দাবি। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার, ট্রাম্প ও হার্পের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন কোনো প্রমাণ তবে সামনে আসেনি। হোয়াইট হাউসও এই ধরনের আলোচনা ভিত্তিহীন গুজব বলে প্রত্যাখ্যান করেছে।

ডেমোক্র্যাট সিনেটর জন অসফ আলোচনাটি নতুন করে সামনে নিয়ে আসেন। গেলো রোববার, তিনি ট্রাম্প ও হার্পকে নিয়ে রসিকতা করেন। তার বক্তব্যের পরেই বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক পাল্টাপাল্টি আক্রমণ। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য।

কে এই নাটালি হার্প? ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক হার্প কয়েক বছর ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তাকে নির্বাহী সহকারী হিসেবে নিয়োগ দেন।

২০২৪ সালের নির্বাচনি প্রচারে, হার্পকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামও দিয়েছিলেন ট্রাম্প। কারণ, তিনি সঙ্গে প্রিন্টার রাখতেন এবং ট্রাম্পের পছন্দ হতে পারে এমন সংবাদ দ্রুত প্রিন্ট করে পৌঁছে দিতেন তার কাছে। সাম্প্রতিক সময়ে, প্রেসিডেন্টের সঙ্গে তার উপস্থিতি হয়ে উঠেছে আরও দৃশ্যমান। একই সময়, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মেলানিয়ার অনুপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা জল্পনাও। তবে মেলানিয়ার অনুপস্থিতি এবং ট্রাম্প-হার্পকে ঘিরে যে গুঞ্জন রয়েছে, তার মধ্যে সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ নেই।

এই আলোচনায় মেলানিয়ার নাম তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাতে দাবি করা হয়েছে যে, ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার একটি কারণ হলো ফার্স্টলেডি এ ধরনের আলোচনা পছন্দ করেন না। অর্থাৎ, মেলানিয়া নিজে প্রকাশ্যে এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন এমন তথ্য সেখানেও নেই। তার কথিত বিরক্তির বিষয়টি একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের মাধ্যমে এসেছে।

এদিকে, অসফের বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। তাদের দাবি, হার্প প্রেসিডেন্টের দলের অন্যতম বিশ্বস্ত ও পরিশ্রমী সহকারীদের একজন। ওভাল অফিসে ট্রাম্পের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তখন সম্পর্কের গুঞ্জন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং অসফের সমালোচনা করেন। ফলে, ট্রাম্প ও নাটালি হার্পের সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যতই বাড়ুক, এখন পর্যন্ত সেটি রয়েছে গুঞ্জনের পর্যায়েই। আর মেলানিয়া এতে বিরক্ত বলার দাবিও সরাসরি তার কাছ থেকে নয়, এসেছে হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একটি বেনামি সূত্রের মাধ্যমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%