১১:৪০ এম
সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে হারাতে মাঠের লড়াইয়ের সঙ্গে শুরু হয়েছে ভাগ্যের লড়াই। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিশ্বাস রয়েছে যে, হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই নাকি থেমে যাবে তাদের জাদু! কুসংস্কার হতে পারে বা বিশ্বাস, বিশ্বকাপ জ্বরে এখন এমনভাবেই মেতে আছে আর্জেন্টাইনরা।
বুয়েনস আইরেসের তরুণ সমর্থক ইনেস মুত্রির বিশ্বাস, বিশ্বকাপজুড়ে বন্ধুরা এভাবেই প্রতিপক্ষের সেরা খেলোয়াড় এবং গোলরক্ষকের স্টিকার বরফ জমিয়ে রাখছেন।
ইনেস মুত্রি বলেন, 'এই বিশ্বকাপ চলাকালীন, আমি আর আমার বন্ধুরা যখন একত্র আসি, তখন আমরা খেলোয়াড়দের 'ফ্রিজ' বা জমিয়ে ফেলি। আমরা তারকা খেলোয়াড় এবং গোলরক্ষককে একই কাগজের টুকরোয় আঁকতে চাই এবং সবসময়ের মতো একই গ্লাসে ধরে ফ্রিজারে জমিয়ে রাখি।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আরেক সমর্থক হুয়ান পাবলো মনসালভোও বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রেখে বিশ্বাস করে বলেছেন, এতেই থেমে যাবে ইংলিশ মিডফিল্ডারের দুর্দান্ত ফর্ম।
মনসালভো বলেন, 'আমার আরেকটা রীতি হলো, যে দেশের বিপক্ষে আমরা খেলতে নামি, সেই দলের খেলোয়াড়দের বিশেষ করে তারকাদের 'ফ্রিজ' করে রাখা। আজও আমি একটি স্টিকার এনেছি, যেটি আমি ফ্রিজে রাখব। আর সেটি হলো জুড বেলিংহ্যামের। এই বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা খেলোয়াড়, অন্তত অন্যতম সেরা, জুড বেলিংহ্যামই। কয়েক দিন আগে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন। তাই আজ ফ্রিজে যাওয়ার পালা জুড বেলিংহ্যামের।'
কেউ স্টিকার জমাচ্ছেন বরফে, আবার কেউ নিজেদের সৌভাগ্যের রুটিন বদলাচ্ছেন না। হুয়ান ইগনাসিও কালভো জানিয়েছেন, গ্রুপ পর্বে তিনি পরেছেন ২০১৪ সালের জার্সি। নক আউটে অন্য জার্সি। আর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পরবেন বাবার পুরানো আর্জেন্টিনার জার্সি, যেটি পরে ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি রয়েছে তার।
হুয়ান ইগনাসিও বলেন, 'জার্সিটা আমার খুবই প্রিয়। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেও আমি সবসময় এটিই পরিধান করি। আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য যেহেতু আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাই আমি আমার বাবার জার্সিটা পরব। গত বিশ্বকাপেও আমি এই জার্সিটাই পরে ছিলাম, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এবারও আমি সেটাই পরবো।'
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
মাঠের লড়াইয়ে এখনও খানিকটা সময় বাকি। তবে আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, ইংল্যান্ডের তারকা এরমধ্যেই বন্দি হয়ে গেছেন ফ্রিজারের বরফে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন