০১:০৮ এম
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে, সম্ভাব্য যেকোনো ইরানি আক্রমণ মোকাবিলায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য কঠোর সামরিক অভিযানের আশঙ্কার কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মনে করছে যে মার্কিন হামলার জবাবে তেহরান তাদের ওপরও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে পারে। এমনকি এই অভিযানে ইসরায়েল সরাসরি অংশ না নিলেও ইরান নীরব থাকবে না।
এদিকে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইসরায়েল বর্তমানে সর্বোচ্চ উচ্চ সতর্কতায় রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। দেশটির হোম ফ্রন্ট কমান্ড থেকেও সাধারণ নাগরিকদের জন্য নতুন জরুরি নির্দেশনা জারি করা হয়নি। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তবে সাম্প্রতিক দিনগুলিতে কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ইসরায়েলের দিকে যাওয়ার ফলে ব্যস্ত বিমানবন্দরে কিছুটা লজিস্টিক জটিলতা এবং ভিড় তৈরি হতে পারে বলে চ্যানেল টুয়েলভ জানিয়েছে।
অন্যদিকে, ইরানের তরফ থেকেও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি অবকাঠামো, বিশেষ করে ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্রকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে তেহরান। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের তেল-গ্যাস ক্ষেত্র ও শোধনাগারগুলোও তাদের সম্ভাব্য প্রতিক্রিয়ার তালিকায় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ইরানি পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই আমেরিকার চাপের মুখে নতি স্বীকারের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ ধরনের ধারণা শুধুমাত্র একটি বিভ্রম। ইরান আক্রান্ত হলে পুরো অঞ্চল এবং এর সমস্ত স্থাপনাকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন