০৯:২৪ পি.এম
‘লা লিগার কোনো দলের কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করব না’ এই নীতির কারণে বার্সেলোনা বাধ্য হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিদ্ধান্তের পর কাতালান ক্লাবটি বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের দিকে মনোনিবেশ করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর বার্সেলোনা জেসুসকে স্ট্রাইকার পজিশনের জন্য বেছে নিয়েছে।
জেসুসের আর্সেনালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত খেলার সুযোগ তার জন্য সীমিত। কাই হাভার্টজ ও ভিক্টর গিওকারেসের কারণে একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্লাব ছাড়ার পথ খুঁজছিলেন তিনি।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন জেসুস। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি ছাড়ার আগে থেকেই কাতালান ক্লাবটির প্রতি তার আগ্রহ ছিল। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ তিনি পাচ্ছেন।
২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন জেসুস। বার্সেলোনা তাকে দলে নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাই করেছে। তবে তিনি ওই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন।
দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার জন্য আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন হয়েছে।
রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার স্থায়ী দলবদলের জন্য আর্সেনাল পাবে এক কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্স ভিত্তিক অতিরিক্ত অর্থও থাকবে।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেলের জন্য যাবেন জেসুস। বার্সেলোনার সঙ্গে তিনি দুই বছরের চুক্তি করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে, যা কার্যকর হলে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন