ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হুথি আক্রমণে ইয়েমেনে ১৪ সেনা নিহত, উত্তেজনা বৃদ্ধি


হুথি আক্রমণে ইয়েমেনে ১৪ সেনা নিহত, উত্তেজনা বৃদ্ধি

 ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার এএফপিকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, হোদেইদার দক্ষিণে হায়স জেলায় শনিবার ভোরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করে।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও জানান, 'এই সংঘর্ষে হুথিদের পক্ষেও নিহত ও আহত হয়েছে।' তবে বিদ্রোহী বাহিনীর কতজন নিহত হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাও রয়েছে। অন্যদিকে, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা কমে এসেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তবে শুক্রবার হুথিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স'-এর অংশ হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আগামী জুলাই ও আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বিভিন্ন দিবস উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষ্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

এদিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেবেন।

তিনি বলেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। তার ভাষ্য, ওই দিন সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয় এবং আন্দোলন আরও ত্বরান্বিত হয়।

এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মृतিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন। একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা ছিল বেশি তীব্র। দিনটিকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। প্রদর্শনীর নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি বা জাতীয় জাদুঘরের সামনে কিংবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে প্রদর্শনী হতে পারে।

তিনি আরও বলতে থাকেন, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। তার ভাষ্য, ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং সেদিন সম্ভবত চারজন শহিদ হন। এই আন্দোলন পুরো গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ উপলক্ষ্যে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গানের আয়োজন করা হবে।

তিনি বলেন, ২৪ জুলাই যাত্রাবাড়ীতে শুরু হওয়া প্রতিরোধে স্থানীয় জনগণ, ছাত্র-জনতা এবং অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেন। যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক দিন অবরোধ কর্মসূচি চলেছিল। সেখানে কমপক্ষে ৮০ জন শহীদ হন বলেও তিনি উল্লেখ করেন। তাদের স্মরণে এবং ওই স্থানকে স্মরণীয় করে রাখতে সেখানে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় গাছের চারা ও সার বিতরণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


চুয়াডাঙ্গায় গাছের চারা ও সার বিতরণের উদ্যোগ

 প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাছের চারা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সম্পন্ন করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

নির্বাহী কর্মকর্তা বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সদর উপজেলা থেকে তিনটি প্যাকেজে চারা বিতরণ করছি। এখানে প্রতিটি ধরনের চারা রয়েছে। ফলজ, ওষুধি, কাঠ জাতীয় বৃক্ষও বিতরণ করা হচ্ছে। শুধু গাছের চারা নয়, চারার পাশাপাশি এখানে খুঁটি ও ৩০ কেজি করে জৈব সারও প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা আজ গাছের চারাগুলো পাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করবো গাছ লাগানো থেকে শুরু করে, গাছের রক্ষণাবেক্ষণ এবং তাকে বড় করে তোলার চ্যালেঞ্জটি গ্রহণ করতে। প্রধানমন্ত্রী যে সবুজ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছেন, তা যেন আমরা অবহেলা না করি বা শুধু লাগিয়ে রাখি এবং গরু ছাগলে খেয়ে যায়, এমন পরিস্থিতি যেন না হয়।

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচি বাস্তবায়নের জন্য ১ হাজার ৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি ২৫ কেজি করে জৈবসার ও বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। জানানো হয়, এ অর্থবছরে জেলায় বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিল্লা ইউনিয়ন পরিষদ সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেতা তমিজ পেলেন গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটির উপদেষ্টা পদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ছাত্রদল নেতা তমিজ পেলেন গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটির উপদেষ্টা পদ

বিএনপির ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে ৭০ সদস্যের উদ্‌যাপন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন।

এছাড়া, কমিটিতে ১৫ জন উপদেষ্টা, ৪ জন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে, কমিটির সদস্যসংখ্যা ৭০।

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে উদ্‌যাপনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের হারানো পিস্তল উদ্ধার, চকবাজারে র‌্যাবের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


পুলিশের হারানো পিস্তল উদ্ধার, চকবাজারে র‌্যাবের অভিযান

রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তলটি উদ্ধার করেছে র‌্যাব-১০।

রোববার (০৫ জুলাই) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার-সহকারী পরিচালক তপন সরকার (মিডিয়া) এ তথ্যটি জানান।

র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধের লক্ষ্যে সংস্থাটি একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে সক্রিয় ভূমিকা পালন করছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুত, পরিবহন ও ব্যবহার রোধ, পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ করছে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করছে।

এই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ০৪ জুলাই রাতে ডিএমপির চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ে নিচতলায় অবস্থিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের মাধ্যমে কারখানার মেশিনের নিচে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভিতরে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১টি পিস্তল উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়, পরবর্তী যাচাইকালে উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত এক সহিংস ঘটনায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল, যা জানা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের উদ্দেশ্যে র‌্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত লুণ্ঠিত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানটি প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বাধিক পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে থাকবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ নতুন করে আশ্বস্ত হয়েছে যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করছে।

র‌্যাব-১০ নিশ্চিত করেছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%