ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন


স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর কাঁচিকাটা মসজিদের সামনে অবস্থিত পুকুরে গোসল করে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। হত্যার পর ঘটনাস্থল থেকে অটোরিকশা ফেলে রেখে অন্য একটি অটোরিকশায় বাখরাবাদে চলে যায় সে। পরে তাজমীনের আইফোন একটি জঙ্গলে লুকিয়ে রেখে চট্টগ্রামে পালিয়ে যায় সুমন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর লালমাই উপজেলার জগতপুর চরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের পাশে তাজমীনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার মামলা দায়েরের পর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

নিহত তাজমীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরে হলেও বাবার চাকরির কারণে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত সে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাজমীন। চালক সুমন ৫০০ টাকা ভাড়া চাইলে শেষ পর্যন্ত ৩০০ টাকায় যাওয়ার চুক্তি হয়। পথে একটি দোকান থেকে ১০০ টাকা দিয়ে চালকের জন্য রুটি ও কলা কিনে আনে তাজমীন।

পরে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন অটোরিকশাটি নূরজাহান হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে চাঁদপুর সড়কের দিকে ঘুরিয়ে নেয়। এরপর বিজরা বাজার হয়ে নির্জন এলাকায় পৌঁছে অটোরিকশার ইঞ্জিন বন্ধ করে দেয় সে। জায়গাটি চিনতে না পেরে তাজমীন প্রশ্ন করলে সুমন জানায়, এটি রেসকোর্স নয়। বিপদের আশঙ্কায় অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে কিশোরীটি।

এ সময় তাকে আটকে রাখার চেষ্টা করলে তাজমীন চিৎকার শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছে, সে গামছা দিয়ে তাজমীনের গলা পেঁচিয়ে ধরে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তাজমীন দুর্বল হয়ে পড়লে তাকে ধর্ষণ করে বলে স্বীকার করেছে সুমন। এরপর ধানক্ষেতে নিয়ে মাথায় পা দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন সে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হত্যার পর তাজমীনের ভ্যানিটি ব্যাগ থেকে একটি আইফোন নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেয় সুমন। পরে ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে কাঁচিকাটা মসজিদের সামনে পুকুরে গোসল করে সে। এরপর অন্য একটি ভাড়ায় চালিত অটোরিকশায় বাখরাবাদ এলাকায় গিয়ে পুকুরপাড়ের একটি জঙ্গলে আইফোনটি লুকিয়ে রাখে। সেখান থেকে চট্টগ্রামে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদের ওই জঙ্গল থেকে তাজমীনের আইফোন উদ্ধার করা হয়েছে। ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে তার ভ্যানিটি ব্যাগও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যার বর্ণনা দিয়েছে এবং অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া আরও জানান, ঘটনার রাতে ২টা ৫৮ মিনিটে তাজমীন তার বাবার সঙ্গে নিজের লাইভ লোকেশন শেয়ার করেছিল। তবে তার বাবা তাৎক্ষণিকভাবে সেটি দেখতে পাননি। ভোরের দিকে লোকেশনটি দেখে তিনি ওই এলাকায় মেয়েকে খুঁজতে যান।

ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশের হাতে এসেছে। ওই ফুটেজে তাজমীনকে অটোরিকশায় শান্ত অবস্থায় বসে থাকতে দেখা যায়। অটোরিকশায় অন্য কেউ ছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হলেও এখন পর্যন্ত চালক সুমন ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাজমীন গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ থাকলেও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি। নিখোঁজ থাকার ওই চার দিন সে কোথায় ছিল, কার সঙ্গে ছিল কিংবা কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধর্ষণের অভিযোগের বিষয়ে পঙ্কজ বড়ুয়া বলেন, আসামি সুমন এ বিষয়ে স্বীকারোক্তি দিলেও ধর্ষণের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ছাড়া উদ্ধার হওয়া আইফোনটি তাজমীনকে তার পরিবার কিনে দিয়েছিল কি না, তা-ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাচাই করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


১২ অক্টোবর থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে পরিবারগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির বিষয়ে জনগণকে অবহিত করার জন্য দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি প্রেরণ করেছে। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে সব এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রস্তুত করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রত্যেক বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।

বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে, তথ্য কম-বেশি করে দেওয়া উচিত নয়। এতে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, যদি কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়, তবে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্য প্রদান করতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানাতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, তিনজন আটক

ঢাকার তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। তবে এই ঘটনার সাথে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার পর পুলিশ দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকটক চালু করল নতুন দুই শপিং ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


টিকটক চালু করল নতুন দুই শপিং ফিচার

ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করার লক্ষ্যে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচারগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার (৫ অক্টোবর) টিকটক নতুন ফিচারগুলোর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ নামের এআই সহকারীটি ব্যবহারকারীদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দিতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এই নতুন সহকারীর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে তার বৈশিষ্ট্য, মজুত অবস্থা, আকার ও সরবরাহসংক্রান্ত তথ্য পেতে পারবেন। প্রয়োজন হলে কেনাকাটার বিভিন্ন ধাপেও সহায়তা করবে এটি। ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দের ভিত্তিতে পণ্যের পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকবে এআই সহকারীটির।

অন্যদিকে, নতুন এক-ক্লিক কেনাকাটার সুবিধার ফলে টিকটকের ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময়ই পছন্দের ব্র্যান্ডের পণ্য কেনা সম্ভব হবে। এ জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না। ফলে ভিডিওতে পছন্দের পণ্য দেখা গেলে একই অ্যাপ থেকে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে কেনাকাটা সম্পন্ন করা যাবে।

নতুন সেবাগুলো চালু করতে টিকটক বিভিন্ন ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এ উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ অন্তর্ভুক্ত রয়েছে।

এতদিন টিকটকের ই-কমার্স কার্যক্রম মূলত ‘টিকটক শপ’ কেন্দ্রিক পরিচালিত হয়ে আসছিল। নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে, যুক্তরাষ্ট্রে টিকটকের বাণিজ্যিক প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলোর জন্য প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রায় ৫ কোটি ৪০ লাখ ব্যবহারকারী টিকটকের ভিডিও দেখে কোনো না কোনো পণ্য কিনেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ‘টিকটক শপ’ চালু হয়। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট সোশ্যাল কমার্স বিক্রির প্রায় ১৮ শতাংশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। ২০২৬ সালের জন্য দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভি পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের জন্য তিনি নোবেল কমিটিকে সমালোচনা করেছেন। ট্রাম্পের মতে, পুরস্কারটি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে তার নিজের প্রাপ্য ছিল। তিনি মন্তব্য করেন, এই সিদ্ধান্ত নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ হয়ে থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে নিউইয়র্কের সিরাকিউজে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, নোবেল শান্তি পুরস্কার এমন একজন উদারপন্থী ব্যক্তিকে দেওয়া হয়েছে, যিনি জাতিসংঘে কাজ করেন এবং যাকে কেউ চেনেন না। তিনি পিল্লাইকে অভিনন্দন জানালেও, তার নাম আগে কখনো শোনেননি বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন নাভি পিল্লাই, যিনি শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেছেন। নরওয়েজীয় নোবেল কমিটি জানিয়েছে, পিল্লাই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দেন। গাজা নিয়ে ওই কমিশনের প্রতিবেদনকে ইসরায়েল কঠোরভাবে সমালোচনা করেছে।

ট্রাম্পের দাবি, তিনি যেসব যুদ্ধ বন্ধ করেছেন, সেগুলোতে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না। তার ভাষ্যমতে, যুদ্ধগুলো সমাধানের সময় তিনি জাতিসংঘের সঙ্গে কথা বলেননি, কারণ সংস্থাটি তাকে কোনো সহায়তা করেনি। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রতিনিধিত্বে দেশটিরই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করেন তিনি।

এরপর ট্রাম্প নরওয়ের দিকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নরওয়ে এবং যারা এটি নিয়েছেন, তাদের জন্য অমোচনীয় কলঙ্ক। ট্রাম্প অভিযোগ করেন, কিছু উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কারের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে। তিনি বলেন, নরওয়েকে যুক্তরাষ্ট্র ভুলে যাবে না এবং পুরস্কার না পাওয়াকে যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় আচরণের আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরেন।

সমাবেশে ট্রাম্প আবারও দাবি করেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং এর যেকোনো একটির জন্যই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। তিনি ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-রুয়ান্ডা, ইসরায়েল-হামাস এবং ইসরায়েল-ইরানের সংঘাতের কথা উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্য নিয়ে বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মতো পরিস্থিতি তৈরি করা থেকে ঠেকিয়েছেন। তার দাবি, ইরানকে থামানো না গেলে ইউরোপসহ আরও বিস্তৃত অঞ্চল হুমকির মুখে পড়তে পারত।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টিও তিনি নিজের সাফল্য হিসেবে তুলে ধরেন। ট্রাম্প দাবি করেন, জীবিত ও মৃত মিলিয়ে শেষ ২৮ জনসহ সব জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে হামাসের সঙ্গে আলোচনা করতে হয়েছে বলেও জানান তিনি। নিহত জিম্মিদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও জীবিতদের ফিরিয়ে আনার মতোই গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

শেষে ট্রাম্প নিজের শান্তি প্রতিষ্ঠার রেকর্ডের কথা তুলে ধরে নোবেল পুরস্কার দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, তার মতো শান্তি প্রতিষ্ঠার রেকর্ড আর কারও নেই এবং নোবেল পুরস্কার দেওয়ার পুরো প্রক্রিয়ায় অসততা রয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%