০৯:৩৫ পি.এম
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায়, অস্বচ্ছল, মেধাবী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যে মানবিক সহায়তা বিতরণ করার কার্যক্রম পালন করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়েছিল। মানবিক সহায়তার এ উদ্যোগটির মধ্যে শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন-সব ক্ষেত্রকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহায়তার আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একটি মেধাবী শিক্ষার্থীকে লেখাপড়া নির্বিঘ্ন করতে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও রাঙামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক রূপসী কাপ্তাই পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করতে একটি মনিটর দেওয়া হয়। পাশাপাশি খাগড়াছড়ি জেলার ১০ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত ৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য ৫ বান ঢেউটিন এবং নগদ অর্থও দেওয়া হয়। দুইজন অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের অংশ হিসেবে খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের জন্য একটি আধুনিক সাউন্ড সিস্টেম এবং খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, এ ধরনের সহায়তা শুধু আর্থিক সংকট মোকাবিলায় নয়, কঠিন সময়ে মানসিক শক্তি ও সাহস জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখযোগ্য যে, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম শুধু তাৎক্ষণিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ থেকেছে; বরং পার্বত্য অঞ্চলে পারস্পরিক আস্থা, সামাজিক সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন