বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
১০:২৬ পি.এম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিরোধীয় জমি দখল করে নিজ জমিতে যাওয়ার সড়ক নির্মাণ করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান কাফি। প্রায় এক সপ্তাহ আগে রাতের আধারে সড়কটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ওই বিদ্যালয়ের পেছনে কাফির মালিকানাধীন জমি রয়েছে। সেখানে যাওয়ার সড়ক নেই। তিনি বিদ্যালয়ের বিরোধীয় জমির ৬ শতাংশের মৌখিক বায়না সূত্রে মালিক দাবি করে সড়ক নির্মাণ করেছেন। স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলানদের সঙ্গে বিদ্যালয়ের কর্তৃপক্ষের মামলা চলছে ওই জমির মালিকানা নিয়ে। নয়নদের পক্ষে দেওয়া রায় সুপ্রিম কোর্টে পুনঃবিবেচনার প্রক্রিয়াধীন রয়েছে। এমন পরিস্থিতিতে জমি দখল ও শ্রেণি পরিবর্তন বৈধ নয় বলে জানা গেছে।
কাফি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রজপাড়া গ্রামের শিক্ষক হাবিবুর রহমানের সন্তান। তিনি ‘২৪-র গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক হিসেবে ভূমিকা রেখে আলোচনায় আসেন। ২০২৬ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করে কেন্দ্রীয় সদস্য হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম জানিয়েছেন, বিদ্যালয়ের মালিকানাধীন ২১ একর ৭৬ শতাংশ জমি ভোগদখলে রয়েছে। বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করণের পর বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল হয়ে যায়। জমি নিয়ে উচ্চ স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলানদের সঙ্গে দীর্ঘকাল মামলা চলমান রয়েছে। উচ্চ আদালত নয়নদের পক্ষে রায় দিয়েছে। তবে রায় পুনঃর্বিবেচনার আবেদন করায় সেটা এখনো রয়েছে। এরই মধ্যে কাফি নয়নদের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনেছেন দাবি করে রাস্তা দখল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
নয়ন পাহলান বলেছেন, তার দাদা মোবারক পঞ্চায়েতের ২৯ একর জমি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রায় ৩০ বছর ধরে মামলা চলছিল। প্রথমে পটুয়াখালী আদালতে এবং পরে ২০২৫ সালের জুনে হাইকোর্ট থেকে পক্ষে রায় পেয়েছেন। কাফির জমিতে যাতায়াতের জন্য ৬ শতাংশ বায়না চুক্তির মাধ্যমে তাকে এটা হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এনসিপি নেতা নুরুজ্জামান কাফি বলেছেন, বিদ্যালয়ের পেছনে আমি ৩০ লাখ টাকায় একটি জমি ক্রয় করেছি। সেখানে যাতায়াতের জন্য কোনো সড়ক ছিল না। সড়কের জন্য প্রধান শিক্ষককে বললে তিনি বলেছিলেন অপারগতা। নয়ন পাহলারা আদালতের রায় পাওয়ার পর মৌখিক বায়নার মাধ্যমে তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি নিয়ে সড়ক করেছি। দিনে মেশিন দিয়ে নির্মাণ করা হয়েছে। রাতে দখলের কিছু হয়নি।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানাচ্ছেন, সড়ক নির্মাণ না করার জন্য কাফিকে নিষেধ করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সড়ক নির্মাণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানিয়েছেন, জমি বিদ্যালয়ের দখলেই ছিল। উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে কাফি ক্রয় সূত্রে মালিক দাবি করে সড়ক নির্মাণ করছেন। তবে কোনো রায় পুনর্বিবেচনা চলাকালে বিরোধীয় জমি দখল করা যায় না। এ বিষয়ে কাফিকে নোটিশ দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। এর মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ব্রিজ এলাকায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনার পর গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায় যে, আঞ্চলিক সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আশঙ্কাজন অবস্থায় ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরে সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্টে একটি ব্যাটারী চালিত টমটম ও বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ১ জন নিহত এবং ৫ জন আহত হন। ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় দ্রুতগতিতে চলাচলের সময় টমটমটি এবং মর্ডান পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন।
এছাড়া, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, যার ফলে ট্রাকচালক মো. আলমগীর মিয়া (৪০) নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ট্রাকচালক আলমগীর মিয়ার মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই বাজেট বিগত অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট উপস্থাপন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
বিগত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটের আয়ের খাত তুলে ধরে প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা। এর বাইরে প্রারম্ভিক স্থিতি ৬৬০ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ৯৬৫ কোটি টাকা, আবর্তক খাতে সাহায্য ও মঞ্জুরি ২১৫ কোটি এবং সরকারি উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১৫০ কোটি টাকা।
অপরদিকে ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১ হাজার ৭৭ কোটি টাকা এবং নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ৯৬৫ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তায় ৮৩ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বছর শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪২৭ কোটি টাকা।
ঢাকা শহরকে নতুন করে সাজানোর প্রেক্ষাপট তুলে ধরে প্রশাসক বলেন, এটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটি ঘনবসতিপূর্ণ নগরী। পর্যাপ্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং খাল ভরাট করে আবাসন গড়ে তোলায় নানা নাগরিক সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিনের এসব পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি সমাধান প্রক্রিয়ায় নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের চার মাসের অভিজ্ঞতার কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, শুরুতেই বাজেটে ঘাটতি থাকলেও সরকারের সহযোগিতায় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্নতা জোরদার, মশা নিধন ও ফুটপাত দখলমুক্ত করার মতো সেবামূলক কাজগুলো চালিয়ে নেয়া সম্ভব হয়েছে।
নতুন বাজেটের অগ্রাধিকার প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক জানান, মশাবাহিত রোগ প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এ ছাড়া আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল সংস্কার এবং খাল দখলমুক্ত করার উদ্যোগ নতুন বাজেটে প্রাধান্য পাবে।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে এলাকাগুলো অভিযান চালিয়ে পরিষ্কার করা হবে এবং এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান প্রকৌশলী সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁর মান্দা উপজেলায় টানা অতিবর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন, যার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে মৈনম ও পরানপুর ইউনিয়নে পৃথক দুটি স্থানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, দুপুরে মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ পল্লী ও আদর্শ গ্রামে প্রথম দফায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার এবং প্রধান শিক্ষক আনিছুর রহমান। এছাড়া মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে একই দিন বিকেলে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে গিয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এই দুর্যোগকালীন সহায়তা অব্যাহত থাকবে। এলাকার একটি মানুষও যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছবি-সংবলিত একটি ব্যানার নিয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় মিছিল বের করেছিলেন।
তারা স্লোগান দিয়ে জানান যে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি করছেন। মিছিলটি মহাসড়কে কিছু সময় ধরে চলে।
এছাড়া, ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের পক্ষে স্লোগান দেন। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনির নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।
এদিকে, সন্ধ্যায় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা শুরু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ