০৭:৩১ পি.এম
ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে বহুল প্রতীক্ষিত ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনের যাত্রা শুরু করা হয়েছে। পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাংলাদেশ রেলওয়ে নতুন এ কমিউটার ট্রেন চালু করেছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করা হয়।
নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও সে এলাকার যাত্রীদের ঢাকার সঙ্গে প্রতিদিন যাতায়াতের সুযোগ তৈরি হলো।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি রাত ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছবে। অপরদিকে, ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা-গোপালগঞ্জ রুটের ১৪৮ কিলোমিটার পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। এগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। আটটি কোচ নিয়ে চলবে ট্রেনটি। এতে মোট আসন রয়েছে ৬৩০টি। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, গোপালগঞ্জ এবং মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীদের জন্য স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াতের সুযোগ তৈরি করতেই এ ট্রেন চালু করা হয়েছে। কর্মদিবস শেষে যাত্রীরা একই ট্রেনে তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
নতুন ট্রেন চালুর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার কৃষিপণ্য, মাছ এবং অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য ঢাকার বাজারে পরিবহনের সুযোগ বৃদ্ধি পাক, এমনটাই জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের চাপ কমানোর পাশাপাশি রাজধানীর যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে এ রেলসেবা কার্যকর ভূমিকা রাখতে পারে, বলছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকলেও সম্পদের যথাযথ ব্যবস্থাপনাসহ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এ কমিউটার ট্রেন চালু করা হয়েছে।
উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটিতে যাত্রা করেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন