ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


রাজধানীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় একটি তিন বছর বয়সি শিশু, যার নাম নওরীন, প্রাণ হারিয়েছে।

এই ঘটনার অবস্থান ছিল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পার্শ্ববর্তী ঢালে।

মৃত শিশুর বাবা মো. নাজিম জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তারা বর্তমানে বেগুনবাড়িতে বসবাস করে। মো. নাজিম পেশায় রিকশাচালক এবং শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান হলো নওরীন। দুপুরের দিকে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল নওরীন। হঠাৎ করে বাবার হাত থেকে ছুটে গিয়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় সে। ঠিক তখনই সামনের একটি অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ফলে নওরীন ছিটকে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নাজিম আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর সাথে সাথে নওরীনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরানের পার্লামেন্টে নতুন বিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরানের পার্লামেন্টে নতুন বিল

হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত একটি নতুন বিল আনুষ্ঠানিকভাবে ইরানের পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির প্রধান এব্রাহিম আজিজি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইরান তার ‘রেড লাইন’ রক্ষায় অটল এবং প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে আজিজি জানান, ‘হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ’ শীর্ষক বিলটি গত রাতে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে।

আজিজি আরও বলেন, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়সহ আমাদের সব রেড লাইন রক্ষায় আমরা দৃঢ় অবস্থানে আছি।’ তিনি আরও জানান, ‘এটি কেবল প্রথম পদক্ষেপ। এর পর আরও ব্যবস্থা নেওয়া হবে।’ এই বিলের উত্থাপন এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালির ওমান অংশে বিকল্প নৌপথ তৈরির চেষ্টার জবাবে, গত সপ্তাহে পরপর তিন বাণিজ্যিক জাহাজে হামলা ঘটায় ইরান। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের সূচনা হয়। এরপর গত রোববার (১২ জুলাই) হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।

পরদিন সোমবার (১৩ জুলাই), দুই দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়। মার্কিন বাহিনী জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করে। ফলে, গত মাসের মাঝামাঝি স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতার আওতায় হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকর করার কথা ছিল, কিন্তু সেই সমঝোতার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়ে।

এর মধ্যেই গত সোমবার, হরমুজ প্রণালিতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটি পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

এর কিছুক্ষণ পর, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও অবরোধ কার্যকর করছে।

তিনি লেখেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা নিশ্চিত করতে যত ধরনের ব্যয় হবে, তার জন্য প্রণালি দিয়ে চলাচল করা প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এই ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলে জানান তিনি।

ট্রাম্প একই সঙ্গে অভিযোগ করেন, ইরান অন্তর্বর্তী সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে। তার ভাষ্য, ‘চুক্তি হয়ে গিয়েছিল; কিন্তু তারা তা ভেঙেছে। তারা সব সময় চুক্তি ভাঙে। তাদের সঙ্গে আমাদের ১০টি চুক্তি হয়েছে। তাই এবার আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাব।’

তবে ট্রাম্পের এই ঘোষণাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না।

তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা বা তাদের বাহিনীকে রসদ সরবরাহকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে, পুরো অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে কারণ দর্শনার নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে কারণ দর্শনার নোটিশ

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পক্ষ থেকে।

সোমবার (১৪ জুলাই) সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের ত্রুটিপূর্ণ প্রশ্নের কারণে পরীক্ষার হলে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের কাছ থেকে এমন ভুল কোনোভাবেই প্রত্যাশিত নয়। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি থাকা চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। একই সঙ্গে এ ঘটনায় সিলেট শিক্ষাবোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট চার শিক্ষককে প্রশ্নপত্র মডারেশনে এমন গুরুতর ত্রুটি ও অসঙ্গতির জন্য কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে আজকের সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর সকল শিক্ষার্থীদের দেয়ার ঘোষণা দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবার পরিকল্পনা পরিদর্শকের অবহেলায় সেবা বঞ্চিত সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


পরিবার পরিকল্পনা পরিদর্শকের অবহেলায় সেবা বঞ্চিত সাধারণ মানুষ

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রতন দাশের বিরুদ্ধে উঠেছে অফিসের কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ, যার ফলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে যে, তিনি নিয়মিত দায়িত্ব পালন না করে রাঙামাটি শহরসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত কাজে সময় কাটান।

দীর্ঘ দিন ধরে চলে আসা এই অনিয়মের কারণে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ মৌলিক পরিবার পরিকল্পনা ও প্রাক-প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে চরমভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে বঞ্চিত হচ্ছেন। মাঠ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মীর এমন উদাসীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সেবাগ্রহীতারা।

এ বিষয়ে জানতে চাইলে লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমা জানিয়েছেন, রতন দাশ মাঝে মাঝে অফিস থেকে ছুটি নেন। তিনি গত দুই দিন আগেও মৌখিকভাবে ছুটির কথা জানিয়ে রাঙামাটি গেছেন। তবে, স্থানীয় মহলে এভাবে ঘন ঘন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং লিখিত আবেদনের পরিবর্তে কেবল 'মৌখিক ছুটি' নিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পর্কে নানা প্রশ্ন উঠে এসেছে।

দায়িত্ব অবহেলার অভিযোগ সম্পর্কে জানতে গত ১৩ জুলাই অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক রতন দাশের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং সরকারি দায়িত্বে অবহেলা বন্ধের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা এর তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি

বর্তমান সময়ের অনেকেই নতুন করে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র এখনো পায়নি। তবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন পড়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের অফিসে না গিয়ে এনআইডি পাওয়ার ব্যবস্থা রয়েছে।

নতুন ভোটাররা জরুরি প্রয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন সেবার মাধ্যমে সহজেই তাদের এনআইডির ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। এই কপি ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম নিবন্ধন, চাকরির আবেদন, বিদ্যুৎ বিল, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন জরুরি কাজের জন্য ব্যবহার করা যাবে।

অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য কয়েকটি নথি ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। যেমন- ১. ভোটার নিবন্ধনের সময় দেয়া ফরম নম্বর (NIDFN) বা ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর, ২. জন্মতারিখ, ৩. একটি সচল ফোন নম্বর, ৪. বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য, ৫. ফেস ভেরিফিকেশনের জন্য অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইস, ৬. এনআইডি ওয়ালেট (NID Wallet) অ্যাপ।

এখন এনআইডি কার্ড অনলাইনে ডাউনলোড করার উপায় সম্পর্কে জানাচ্ছি। প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবার ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করুন। আপনার কাছে থাকা ফরম নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ লিখে ক্যাপচা পূরণ করুন। পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য নির্বাচন করুন।

এখন সঙ্গে থাকা সচল ফোন নম্বরে একটি ওটিপি বা এককালীন পাসওয়ার্ড পাঠানোর ব্যবস্থা হবে। উক্ত ওটিপি সাবমিট করে ফোন নম্বর যাচাই প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করুন। এরপর আপনার স্ক্রীনে একটি কিউআর কোড প্রদর্শিত হবে। এখন ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ খুলে ওই কিউআর কোড স্ক্যান করুন এবং অ্যাপের নির্দেশনা অনুযায়ী মুখের ছবি মিলিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন।

যদি ফেস ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়, তাহলে একটি পাসওয়ার্ড সেট করে নিন। এরপর ওই পাসওয়ার্ডের মাধ্যমে এনআইডি পোর্টালে লগইন করুন। তারপর নিজের প্রোফাইলে প্রবেশ করুন। সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে জাতীয় পরিচয়পত্রের পিডিএফ কপি ডাউনলোড হবে। এটি আপনার প্রয়োজনে সফট কপি বা প্রিন্ট করে সংরক্ষণে রাখুন।

কখনো কখনো নতুন ভোটারদের তথ্য সার্ভারে হালনাগাদ হতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে। এর ফলে এনআইডি সঙ্গে সঙ্গে ডাউনলোড করা নাও যেতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন পর পুনরায় চেষ্টা করুন। ফেস ভেরিফিকেশন বারবার ব্যর্থ হলে আপনার অবস্থান বা জায়গা পরিবর্তন করে যথেষ্ট আলোযুক্ত স্থানে দাঁড়িয়ে আবার চেষ্টা করুন। ফোনের ক্যামেরা পরিস্কার কিনা, সেটি নিশ্চিত হতে হবে। ফোনে ওটিপি না এলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করুন। এরপরও যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে নির্বাচন কমিশনের হেল্পলাইন ১০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

এটি জানা জরুরি যে, অনলাইনে এনআইডি ডাউনলোডের সুবিধা মূলত নতুন ভোটারদের জন্য বেশি কার্যকর। কিন্তু যাদের আগে থেকেই এনআইডি রয়েছে, তারাও নিবন্ধিত অ্যাকাউন্ট থাকলে প্রয়োজনে অনলাইনে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। যদি কার্ড হারিয়ে যায় বা কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হয়, তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%