০২:৫২ পি.এম
নোয়াখালী, ১০ আগস্ট, ২০২৬ : কৃষি উন্নয়নকে শক্তিশালী করার লক্ষ্যে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের অধীনে নোয়াখালীতে আজ থেকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।
সোমবার বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নিকটে অবস্থিত ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার প্রদর্শনী পরিদর্শন করেন এবং আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সুস্থ জীবনযাপন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য কৃষির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিজেদের কৃষি পণ্য উৎপাদনের বিকল্প নেই। বর্তমানে অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন সনাতন পদ্ধতির বাইরে বেরিয়ে। কৃষকদের উন্নতির জন্য বর্তমান সরকার কৃষিবান্ধব নানা কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালু করেছে এবং কৃষি ঋণ মওকুফ করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ পরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা, এনজিও প্রতিনিধিরা এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদিত হবে এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এই আয়োজন কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরার জন্য ১২টি স্টল স্থাপন করা হয়েছে। এই স্টলগুলোতে ছাদ বাগান, পুকুর পাড়ে কৃষি পদ্ধতি, সর্জন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন ধরনের ফসল প্রদর্শিত হচ্ছে।
মেলা ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা অবধি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন