বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১১ পি.এম
চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মসহ নানা ধরনের দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ খামারিদের তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে, সদ্য বদলি হওয়া এই কর্মকর্তা শেষ কর্মদিবসে পুলিশ পাহারায় তাঁর কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার খামারিরা ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ডা. জয়িতা বসুর শেষ কর্মদিবস উপলক্ষে দপ্তরে একটি ঘরোয়া বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পূর্ব থেকে আন্দোলনরত খামারিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তিনি একটি গাড়িতে করে দপ্তর ত্যাগ করার সময় আন্দোলনকারীরা তাঁকে লক্ষ্য করে "চোর চোর" স্লোগান দেন।
অনুসন্ধান অনুযায়ী, ডা. জয়িতা বসু ২০২৩ সালের ১৫ অক্টোবর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এবং ২০২৪ সালের ৩ নভেম্বর পূর্ণ দায়িত্ব নিয়ে রাউজানে যোগদান করেন। তবে চলতি বছরের জুনের শেষ দিকে খামারিরা তাঁর বিরুদ্ধে সরকারি প্রণোদনা ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেন। একই বিষয়ে গত ১৫ আগস্ট সাংবাদিক সম্মেলনও করেন ভুক্তভোগীরা। এর ফলস্বরূপ, গত ২৩ আগস্ট এক অফিস আদেশে তাঁকে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বদলি করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদপুর আসিফ এগ্রোর স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান আসিফ জানান, "২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খামারিদের প্রশিক্ষণ ও প্রকল্পের অর্থ আত্মসাৎ ছাড়াও দপ্তরের সরকারি সরঞ্জাম বিক্রি করে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "কদলপুরের এক ব্যক্তির কাছে প্রতিটি ৩০০ টাকা দরে ৫০টি সরকারি চেয়ার বিক্রি করা হয়েছে। এছাড়া, ১৫ হাজার টাকায় একটি ঘাস কাটার যন্ত্র বিক্রি এবং দুধ দোহনের মেশিন অনৈতিক সুবিধার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। এমনকি দপ্তরের এসি পর্যন্ত তিনি খুলে নিয়ে গেছেন।"
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে অন্যান্য খামারি সালাউদ্দিন, আলমগীর, রত্না মুহুরী, মনছুরুল হাসান চৌধুরী ও মোহাম্মদ আলী আকবর অভিযোগ করেন যে, অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে তাঁদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন। খামারিরা অবিলম্বে এসব দুর্নীতির বিভাগীয় ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।
তবে, ডা. জয়িতা বসু নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "সমস্ত কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সাথে সম্পাদন করা হয়েছে। আমি কোন দুর্নীতি-অনিয়ম করি নি।" তিনি আরও বলেন, "কোন উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে এসি নেই। আমার কার্যালয়ে কোনো সরকারি এসি ছিল না, আমি নিজের কেনা এসি ব্যবহার করতাম, যা বদলি সূত্রে নিয়ে যাচ্ছি। কিছু অসাধু লোক অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, "বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তার অনুরোধে কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিল, তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, "অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রকৌশলী মো. শামসুল হক।
এ বছর চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ১৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২১ জন জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরুর মাত্র পাঁচ বছরের মধ্যে এ ধরনের সাফল্য অর্জন করা এবং সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের পরিবর্তনের মধ্যেও ২১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রকৌশলী মো. শামসুল হক বলেন, মাত্র দুইটি শ্রেণিকক্ষ নিয়ে পাঁচ বছর আগে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। তখন প্রতিষ্ঠানটি আজকের মতো বড় ছিল না এবং সুযোগ-সুবিধাও সীমিত ছিল। কিন্তু শুরু থেকেই শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন এবং শিক্ষার্থীরাও পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। সেই ছোট্ট পরিসর থেকে আজকের এই অর্জন সত্যিই আনন্দের এবং গর্বের।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেন উল্লেখ করেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মাত্র পাঁচ বছরের শিক্ষা কার্যক্রমে এমন ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এজন্য তিনি কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের সব শিক্ষক ও অভিভাবককে অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জন করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং এই ফলাফল আগামী দিনের জন্য আরও ভালো করার অনুপ্রেরণা। শিক্ষার্থীদের কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোথায় আরও উন্নতির প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে এবং ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাটি সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার (ফয়সাল)। সভায় সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা, সিনিয়র আইনজীবী এবং সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, বিচারকদের কিছু অনিয়ম, পেশাগত অসদাচরণ এবং আইনজীবীদের প্রতি অপেশাদার আচরণের প্রতিবাদে এই বর্জনের ডাক দেওয়া হয়েছে। সাধারণ সভায় বক্তারা উল্লেখ করেছেন, বিচার বিভাগে আইনজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচার নিশ্চিত করার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি এবং বিচারকাজে একতরফা প্রভাব এড়াতে আদালত বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।
এই কর্মসূচির ফলে উল্লিখিত আদালতগুলোতে নির্ধারিত মামলার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা বিচারকার্য সম্পন্ন করতে না পেরে আদালত চত্বর থেকে ফিরে গেছেন।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
"করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" ‘চেতনায় নারী, বিপ্লবে নারী, গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ ৯ সেপ্টেম্বর চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। চাঁদপুর জেলা মহিলা দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার বিকেল ৩ টায় জেলা মহিলা দলের উদ্যোগে শহরের জেএম সেনগুপ্ত রোড এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন লেকেরপাড় 'অঙ্গীকার' এলাকায় গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় জেলা ও বিভিন্ন স্তরের মহিলা দলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে, দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি মুনিরা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম। সভায় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, হাহী মো. মোশারফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী নাইমা মোশারফ, অ্যাড. ইয়াসমিন কচি, যুগ্ম সম্পাদক নাহিদা সেতু সহ জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে মানুষের কল্যাণে। রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। মহিলা দলের নেতৃবৃন্দ জানান, চাঁদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে মহিলা দল আগের চেয়ে অনেক শক্তিশালী। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে পাবনার চাটমোহরে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালীর পর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, জনস্বাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান, এবং সহকারী শিক্ষক আঃ মজিদ প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ