ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবি উপাচার্য শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান


ইবি উপাচার্য শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে (কো-কারিকুলার অ্যাকটিভিটিস) আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের সমস্যা সমাধানের দক্ষতা (Problem Solving Capacity) বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিডিজব প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য বলেন, "একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে নিয়োজিত করার সক্ষমতা সীমিত।" তিনি উল্লেখ করেন, "দেশে যদি ৩০ লাখ বেকার থাকেন, তাহলে সরকার হয়তো একসঙ্গে সর্বোচ্চ ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।" তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করেন, "তাহলে বাকি মানুষের ভবিষ্যৎ কী হবে—এ প্রশ্ন শিক্ষার্থীদের এখন থেকেই ভাবতে হবে।"

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

তিনি আরও বলেন, "এ বাস্তবতা বিবেচনায় রেখে বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।" তাঁর মতে, এর মূল বার্তা হলো—নিজেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে এবং শিল্পসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "এমনভাবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে চাকরির জন্য নিজেকে কেবল অপেক্ষা করতে না হয়; বরং কর্মক্ষেত্রই যোগ্যতার কারণে তাকে খুঁজে নেয়।" শিক্ষার্থীদের প্রস্তুতির অন্যতম লক্ষ্য হওয়া উচিত এ সক্ষমতা অর্জন।

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, "রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কোনো শিক্ষার্থীকে সুপারিশ বা মূল্যায়নের ক্ষেত্রে শুধু তার একাডেমিক ফলাফলই বিবেচ্য নয়।" তিনি উল্লেখ করেন, "রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে একজন শিক্ষার্থী কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে, সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ।" শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা শাণিত করতে হবে। তিনি বলেন, "ভবিষ্যতে সরকার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করলে কিংবা যেকোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা সমাধানের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি সতর্ক করেন, "একজন শিক্ষার্থীর মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা (Problem Solving Capacity) না থাকলে তিনি সংশ্লিষ্ট দায়িত্বের জন্য কতটা উপযোগী—সেটিও বিবেচনায় আসে।"

অনুষ্ঠানের আহ্বায়ক আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। কী-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজ।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের মহাপরিচালক ড. মেহেদী হাসান, এনজিও সংস্থা ‘সেতু’র মাইক্রোফাইন্যান্স (MF) বা ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমন্বয়ক মো. আলাউল আলম এবং রূপালী ব্যাংক পিএলসির এজিএম ও শাখা প্রধান আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানা সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করেছে।

রোববার (৪ অক্টোবর) রিসোর্ট মালিকদের কাছে এই নোটিশটি লিখিতভাবে প্রদান করা হয়। এর আগে, দুই দফা নোটিশ প্রদান করা হলেও সেগুলো কার্যকর হয়নি।

নোটিশ প্রাপ্ত রিসোর্টগুলোর মধ্যে রয়েছে— সুন্দরী, ইরাবতী, অরণ্য, ছায়া, অরণ্যবাস, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস এবং বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তর জানায়, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) হিসেবে চিহ্নিত। আইন অনুযায়ী, পরিবেশগত ছাড়পত্র ছাড়া সেখানে রিসোর্ট স্থাপন একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের স্থাপনার কারণে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চূড়ান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে, সকল স্থাপনা সরিয়ে অনুমোদনযোগ্য স্থানে স্থানান্তর করতে এবং কার্যক্রম বন্ধ করে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং মামলা দায়ের করা হবে।

খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন, ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে এবং আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে উত্থিত বিভিন্ন ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এবং জল্পনা-কল্পনার অবসান ঘটালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ফাইনালে কোনো অস্বাভাবিক বা গোপন ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী মেসি। বিদায়ী ম্যাচে তিনি একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটিকে স্মরণীয় করে রাখেন আর্জেন্টিনা অধিনায়ক।

এর আগে, গত ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য এবং আর্জেন্টিনার তুলনামূলক নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে তখন থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ম্যাচের আগে বা চলাকালে আর্জেন্টিনা শিবিরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না, সেই বিষয়ে বিভিন্ন জল্পনা।

তবে বিদায়ী ভাষণে মেসি সেই সব জল্পনার সরাসরি জবাব দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ‘শেষ বিশ্বকাপটা খুবই আবেগপূর্ণ ছিল। আমরা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং প্রায় সেটি অর্জন করেও ফেলেছিলাম। কিন্তু কেউ কেউ যা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম।’

ফাইনালে আর্জেন্টিনার প্রত্যাশিত পারফরম্যান্সের অভাবের পেছনে শারীরিক ক্লান্তিকে বড় কারণ হিসেবে দেখছেন মেসি। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর দলের খেলোয়াড়রা পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে জানান তিনি।

মেসির ভাষায়, ‘মূলত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই আমাদের শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিঃশেষ করে দিয়েছিল। আমরা কোনোমতে সেই ধকল সামলে উঠি।’

ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার নিষ্প্রভ পারফরম্যান্সের পেছনে কোনো গোপন ঘটনা বা ষড়যন্ত্রের তত্ত্বকে মানছেন না মেসি। তার মতে, শিরোপা জয়ের জন্য দলের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন। শেষ পর্যন্ত শারীরিক ক্লান্তি এবং স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতে হয় আর্জেন্টিনাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এই শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ ও ২০২১ সালে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৪৬৯ জনের মধ্যে মাভাবিপ্রবির এই শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের সুলতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার।

এছাড়া, ২০২১ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি আকর্ষণীয় পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

এই ১৪ শিক্ষার্থীর অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের এ সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী

রসায়নের একটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন আবিষ্কারের জন্য ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছেন ফ্রান্সের অঁরি বি কাগান এবং জাপানের কেনসো সোয়াই।

বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

তাদের এই যুগান্তকারী আবিষ্কার আধুনিক ওষুধ শিল্পের উন্নয়ন এবং মানবদেহের জন্য কার্যকরী রাসায়নিক কণা তৈরিতে বিপ্লব ঘটিয়েছে। বিজয়ীরা সনদ ও মেডেলের পাশাপাশি পুরস্কারের অর্থও পাবেন, যা তাদের মধ্যে সমবণ্টন করা হবে।

১৯০১ সালে প্রবর্তনের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত রসায়নে মোট ১১৮ বার নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিছু বছর, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এই বিভাগে পুরস্কার প্রদান সম্ভব হয়নি।

২০২৬ সালের নতুন দুই বিজ্ঞানীসহ এ পর্যন্ত রসায়নে মোট নোবেল বিজয়ীর সংখ্যা ২০২ জনে পৌঁছেছে।

বিজ্ঞানের ইতিহাসে মাত্র দুইজন বিজ্ঞানী রসায়নে দুইবার নোবেল পুরস্কার অর্জন করেছেন। তারা হলেন ফ্রেডরিক সেঙ্গার (১৯৫৮ ও ১৯৮০) এবং কে. ব্যারি শার্পলেস (২০০১ ও ২০২২)।

এছাড়া কিংবদন্তি বিজ্ঞানী মেরি ক্যুরি দুই ভিন্ন বিষয়ে নোবেল পেয়েছিলেন, ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে।

নেদারল্যান্ডসের বিজ্ঞানী ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ ১৯০১ সালে রসায়নে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। রাসায়নিক গতিবিদ্যা এবং দ্রবণের অসমোটিক চাপ আবিষ্কারের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

২০২৫ সালে জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্য/অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং জর্ডান/যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতব-জৈব কাঠামো তৈরির যুগান্তকারী প্রযুক্তির জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান।

রসায়নে সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়ার রেকর্ডটি ফরাসি বিজ্ঞানী ফ্রেডেরিক জোলিও-কুরির। ১৯৩৫ সালে কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য মাত্র ৩৫ বছর বয়সে তিনি তার স্ত্রী ইরেন জোলিও-ক্যুরির সাথে যৌথভাবে নোবেল পান।

নোবেলের পুরো ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার অনন্য রেকর্ড বিজ্ঞানী জন বি. গুডএনাফের। ২০১৯ সালে লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির নেপথ্য অবদানের জন্য যখন তিনি নোবেল পান, তখন তার বয়স ছিল ৯৭ বছর।

নারী বিজয়ী: রসায়নে এ পর্যন্ত মোট ৮ জন নারী নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এই তালিকায় প্রথম নামটি বিজ্ঞানী মেরি কুরির (১৯১১)।

রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের রসায়নের এই দুই নতুন নোবেলজয়ীর হাতে মেডেল, ডিপ্লোমা ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%