ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ


গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ

শাই হোপ কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। ভারতের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে তিনি ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি দলের জন্য একটি দুর্দান্ত জয় নিশ্চিত করেছেন। তার এবং শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যারিবীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে হোপ। তার ঝোড়ো ব্যাটিংয়ে গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যায়। গেইল ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার হোপ দুই বল কম খেলে শতক পূর্ণ করে গেইলকে ছাড়িয়ে যান।

তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো জনসন চার্লসের দখলে রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। এই তালিকায় চার্লসের পরেই এখন হোপের অবস্থান। এরপর রয়েছেন গেইল।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

ভারতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও যৌথভাবে নাম লিখিয়েছেন হোপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। একই সংখ্যক বলে শতক পূর্ণ করে তার পাশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।

হোপের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেরফান রাদারফোর্ড। মাত্র ৩৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে তার ১২০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়।

শেষ পর্যন্ত ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার নতুন রেকর্ড গড়ে ক্যারিবীয়রা।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস শাহবাগে আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস শাহবাগে আটক

ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের দিকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।

আব্দুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করছিলেন।

এর আগে, ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেওয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়, নিজস্ব ভবন না থাকার কারণে বছরের পর বছর ধরে ভাড়া নেওয়া জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে একমাত্র প্রধান পোস্ট অফিসের কার্যক্রম। সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ঘরে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চলছে। ফলে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর সুযোগ না থাকায়, পোস্ট অফিসটির কার্যক্রম এখনো অনেকটা সনাতন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কে থাকতে হয়। পোস্ট অফিসটির দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানিয়েছেন, রাতে একই ঘরের একাংশে তাদের থাকতে হয়।

তিনি আরও জানান, স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষার সময় তাদের উদ্বেগ বেড়ে যায়। এসএসসি, এইচএসসি, সমমান ও ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র এ টিনশেডের ঘরেই রাখতে হয়। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ উত্তরপত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

জানা গেছে, ২০০২ সালে নদীভাঙনের আশঙ্কার কথা উল্লেখ করে পোস্ট অফিসের তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে পোস্ট অফিসটি আর স্থায়ী ভবনে ফিরতে পারেনি। স্থানীয় রফিকুল ইসলামের কাছ থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় নেওয়া একটি আধাপাকা টিনশেডের ঘরে চলছে এর কার্যক্রম।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে ২০২১ সালে পোস্ট অফিসের জন্য দেড়তলা পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ফলে নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, পাওয়ার হাউস-সংলগ্ন ছোট একটি জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে পোস্ট অফিসের কার্যক্রম। ভেতরে দুটি কাঠের টেবিল, দুটি ভাঙাচোরা আলমারি, চারটি চেয়ার এবং ডাক বিভাগের কিছু কাগজপত্র রয়েছে। ঘরটির সামনের অংশে দাপ্তরিক কাজ করা হয়, আর পেছনের অংশে রাত কাটান কর্মকর্তা-কর্মচারীরা।

পোস্টমাস্টার, পোস্টম্যান ও প্যাকারম্যানকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই সরকারি চিঠিপত্র গ্রহণ, বাছাই ও বিতরণের কাজ করতে দেখা গেছে। বর্তমানে চিঠিপত্র আদান-প্রদান ও সীমিত পরিসরে মানি অর্ডার-সংক্রান্ত কার্যক্রম ছাড়া অন্যান্য সেবা বন্ধ রয়েছে। ভবন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি লোকবলসংকটও রয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ডাক বিভাগের আওতায় চিঠি, পার্সেল, মানি অর্ডার ও ইলেকট্রনিক মানি অর্ডারসহ বিভিন্ন সেবা থাকলেও মনপুরা পোস্ট অফিসে এসব সেবার বেশির ভাগই পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় চিঠি ও পার্সেল পাঠাতে তারা বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করছেন। ঝুঁকিপূর্ণ টিনশেডের ঘর হওয়ায় অনেকে পোস্ট অফিসে পার্সেল পাঠাতেও আগ্রহী নন। অন্যদিকে, মানি অর্ডারের খরচ বেশি মনে হওয়ায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদ ও বিকাশের মতো মোবাইল আর্থিক সেবা ব্যবহার করছেন তারা।

এ বিষয়ে মনপুরা পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানান, স্থায়ী পাকা ভবন না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এছাড়া লোকবলসংকটও রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে আইসিটি কর্নার থাকবে। ভবনটি চালু হলে আধুনিক ও ডিজিটাল সেবা দেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, ডাক বিভাগের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মনপুরা পোস্ট অফিসের স্থায়ী ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করা গেলে দ্বীপ উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমবে এবং সরকারি ডাকসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল শান্তি পুরস্কার আন্তর্জাতিক অপরাধের ভুক্তভোগীদের উৎসর্গ করলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


নোবেল শান্তি পুরস্কার আন্তর্জাতিক অপরাধের ভুক্তভোগীদের উৎসর্গ করলেন নাভি পিল্লাই

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। ৮৫ বছর বয়সী এই আইনজ্ঞ পুরস্কার জয়ের খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে তিনি এই অর্জনকে ‘আন্তর্জাতিক অপরাধের’ শিকার ব্যক্তিদের প্রতি উৎসর্গ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। নরওয়েজীয় নোবেল কমিটি নাভি পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় তার দীর্ঘমেয়াদী প্রচেষ্টার কথা উল্লেখ করেছে।

পুরস্কার জয়ের খবর পাওয়ার সময় পিল্লাই জার্মানির নুরেমবার্গে একটি বৈঠকে ছিলেন। বৈঠক থেকে তাকে ডেকে খবরটি জানানো হলে, তিনি প্রথমে বলেন, ‘এটা নিশ্চয়ই মজা।’ পরে সহকর্মীদের সামনে তাৎক্ষণিক বক্তব্যে তিনি পুরস্কার পাওয়ার খবরটি যাচাই করে নিতে চান বলেও জানান। কারণ, একজন আইনজীবী ও বিচারক হিসেবে তিনি কোনো কিছু নিশ্চিত না হয়ে বিশ্বাস করতে চাননি।

পরে সংবাদ সম্মেলনে পিল্লাই বলেছেন, তিনি এখনো বিস্ময়ের ঘোরে রয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ মনে করছেন। তিনি বলেন, এই পুরস্কার ‘আন্তর্জাতিক অপরাধের’ শিকার সকল মানুষের পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচারের চর্চাকারী ও রক্ষকদের জন্য উৎসর্গ করছেন।

তিনি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইনকে দুর্বল করার চেষ্টা বিশ্বকে এমন এক পরিস্থিতিতে ফিরিয়ে নিতে পারে, যেখানে আইন নয়, বরং ক্ষমতাই ঠিক করবে কার কষ্ট গুরুত্ব পাবে। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রত্যেক মানুষের সমান মর্যাদা এবং বিশেষ করে নারী ও শিশুর অধিকার রক্ষার পক্ষে কাজ করেছেন বলেও জানান।

ভারতীয় তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাই বর্ণবাদী শাসনামলের দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পক্ষে আইনি লড়াই করেছেন। ১৯৬৭ সালে, বর্ণের কারণে কোনো আইনজীবী প্রতিষ্ঠান তাঁকে নিয়োগ দিতে রাজি না হওয়ায় নিজেই আইন পেশার প্রতিষ্ঠান গড়ে তোলেন। নাটাল প্রদেশে নিজস্ব আইন পেশার প্রতিষ্ঠান গড়ে তোলা প্রথম নারী হিসেবে তিনি পরিচিত।

পরবর্তীতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিল্লাই। রুয়ান্ডার গণহত্যাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার অপরাধ হিসেবে বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতেও দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হন।

সম্প্রতি, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশনের নেতৃত্ব দেন তিনি। কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে গণহত্যার অভিযোগসংক্রান্ত সিদ্ধান্ত জানায়। ইসরায়েল ওই প্রতিবেদন ও এর সিদ্ধান্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাসের কর্মকাণ্ড এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়েও প্রতিবেদন দিয়েছিল।

নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কারের পঞ্চম দক্ষিণ আফ্রিকান বিজয়ী।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নাভি পিল্লাইকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি পিল্লাইকে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পক্ষে লড়াই করা অগ্রণী আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘের বর্তমান মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বলেছেন, এই পুরস্কার মানবাধিকারের জন্য সম্মিলিত অর্জন।

তবে গাজা নিয়ে পিল্লাইয়ের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনকে কেন্দ্র করে ইসরায়েল তার পুরস্কার জয় নিয়ে সমালোচনা করেছে। দেশটির বক্তব্য, এই পুরস্কার ইসরায়েলবিরোধী ঘৃণা ও পক্ষপাতকে বৈধতা দেয়।

নোবেল কমিটির মতে, শান্তি ও আন্তর্জাতিক আইন এগিয়ে নিতে পিল্লাইয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে আইনি ব্যবস্থার ভূমিকা তুলে ধরার জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে গেল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে গেল আফগানিস্তান

আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল নতুন জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। হাসান মাহমুদের বলের মাধ্যমে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। এর ফলে আফগানিস্তান ৩০ রানে প্রথম উইকেট হারায়। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তারা ১ উইকেট হারিয়ে ৩৪ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে।

শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু হলে বাংলাদেশ ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নামে। নাঈম হাসান অপরাজিত থাকলেও স্বাগতিকরা বেশি দূর এগোতে পারেনি। দিনের শুরুতে আর ২৯ রান যোগ করতেই ৩৪৬ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ শুরু থেকেই আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করেন। দারুণ ফর্মে থাকা এই ডানহাতি পেসার ৭ ওভার বল করে ১১ রান খরচায় সেদিকউল্লাহর উইকেট তুলে নেন।

তবে তার আগে আফগান ওপেনাররা দুইবার জীবন পান। ব্যক্তিগত ৪ রানে থাকা অবস্থায় হাসানের বল ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা হয়। জোরালো আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক শান্তও রিভিউ না নেওয়ায় সেদিকউল্লাহ বেঁচে যান।

শেষ পর্যন্ত সেই জীবন কাজে লাগাতে পারেননি তিনি। অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন এই ওপেনার। ৩১ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

অন্যদিকে আরেক ওপেনার আবদুল মালিকও জীবন পেয়েছেন। তার ব্যাটের কানায় লেগে বল দুই স্লিপ ফিল্ডারের মাঝ দিয়ে চলে যায়। পরে আরেকটি ক্যাচ তুললেও তানজিদ তামিমের হাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে বল মাটি স্পর্শ করে।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেটে ৩৪ রান। আবদুল মালিক ১৫ এবং শহিদুল্লাহ কামাল ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ব্যাট করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%