০৬:১৯ পি.এম
নোয়াখালীর সোনাইমুড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাব্বির আহমদকে (২১) দেখতে গিয়ে তার বাবা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান (৫৮), গ্রেপ্তার হয়েছেন। আদালত পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাবা আব্দুল মান্নান (৫৮) এবং ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবা আব্দুল মান্নান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। পরে ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে সোনাইমুড়ি থানায় যান বাবা আব্দুল মান্নান। এ সময় পুলিশ তাকেও গ্রেপ্তার করে।
তবে আসামিদের পরিবারের দাবি, বাবা ও ছেলের বিরুদ্ধে এর আগে থানায় কোনো মামলা ছিল না।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন