ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা


বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা

ভারত বাংলাদেশে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী। একইসঙ্গে, বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে ঢাকার সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার জন্যও দেশটি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না, সেই প্রশ্নের পাশাপাশি দুই দেশের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জয়সওয়াল বলেন, "বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কোনও বৈঠক হবে কি না, সে বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য নেই। তবে, এ ধরনের কোনও সিদ্ধান্ত হলে আপনাদের তা জানাবো।"

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত রোববার নিউইয়র্কে পৌঁছান। অধিবেশন চলাকালীন ইতোমধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন তিনি।

এদিকে, পাঁচদিনের সফরে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে পা রাখার পর থেকেই তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাইডলাইনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

ভারতের গণমাধ্যমের খবরের ভিত্তিতে সংবাদ সম্মেলনে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে যাওয়া পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের পদায়ন দ্বিপাক্ষিক সম্পর্ক ‘পুনরায় স্বাভাবিক ধারায় ফেরার’ ইঙ্গিত কি না।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। আমাদের বর্তমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে থেকেই আমরা সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক উপায়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই।"

ভারতে আয়োজিত আসন্ন বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের উন্নতির লক্ষণ কি না; এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল আবারও বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই।"

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর আয়োজিত এই যৌথ মহড়ায় অংশ নেওয়া সাতটি বিদেশি রাষ্ট্রের অন্যতম বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে বড় ধরনের টানাপোড়েনের সৃষ্টি হয়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতায় আসে বিএনপি। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্জীবিত করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত। তবে, ভারতের চেষ্টার পরও দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি তারেক রহমান। এখন নয়াদিল্লির চাওয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন ভারতে দ্বিপাক্ষিক সফর করেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট নবায়ন এবং নতুন ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম ধাপে, ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে epassport.gov.bd ওয়েবসাইটে। আবেদন সম্পন্ন হওয়ার পর, পূর্ণাঙ্গ আবেদনপত্রের প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্টের তথ্যসহ আবেদন-সারাংশের প্রিন্ট কপি কনস্যুলেটে সরাসরি জমা দিতে হবে, যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনলাইনে আবেদন করার পর, মূল পাসপোর্ট এবং তার কপি, পরিচয় প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা প্রবাসীদের জন্য 'ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট' এবং যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের প্রমাণ হিসেবে ভিসা, গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিটের কপি জমা দিতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে স্থানীয় পুলিশের রিপোর্টও সংযুক্ত করতে হবে।

কনস্যুলেটের নির্দেশনা অনুযায়ী, আবেদনের সময় মূল নথি জমা না দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় কাগজের কপি জমা দিতে বলা হয়েছে। তবে মূল নথি যাচাইয়ের প্রয়োজনে সঙ্গে রাখা নিরাপদ। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজন মনে করলে কনস্যুলেট আবেদনকারীকে ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে অথবা অতিরিক্ত নথি চাইতে পারে।

ই-পাসপোর্টের জন্য পাঁচ ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের সুযোগ থাকলেও, ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীরা নিয়ম অনুযায়ী ৪৮ পৃষ্ঠার ও ৫ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় ফি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিউইয়র্ক কনস্যুলেটে সরাসরি পরিশোধ করা যাবে।

বর্তমানে কনস্যুলেটে নথি জমা দেওয়ার সময় সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সেবা গ্রহণের সময় বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা। নিউইয়র্ক ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটসসহ নির্ধারিত অঙ্গরাজ্যের অধিবাসীরা এই কনস্যুলেটের আওতায় সেবা গ্রহণ করতে পারবেন। ঝামেলা এড়াতে মেয়াদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেভাগেই আবেদন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ৮

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে পাঁচজন গুলিবিদ্ধ এবং আটজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলাবাড়িয়া গ্রামে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে উভয়পক্ষের আটজন আহত হন, যাদের মধ্যে পাঁচজনের শরীরে শটগানের গুলির আঘাত রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ আল মামুন সিকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে ফাইনালে উঠাই লিটনের বড় লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


এশিয়ান গেমসে ফাইনালে উঠাই লিটনের বড় লক্ষ্য

এশিয়ান গেমসে বাংলাদেশের উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরেছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচের মধ্যে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানোই দলের প্রধান লক্ষ্য। ফাইনালে পৌঁছাতে পারলে সোনালী পদকের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে বলেও তিনি মনে করেন।

দেশ ত্যাগের আগে লিটন বলেন, “ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।”

তবে বড় লক্ষ্য সামনে থাকলেও, বাংলাদেশ অধিনায়ক শুরু থেকেই ফাইনালের বিষয়টি নিয়ে চিন্তা করতে চান না। তার পরিকল্পনা হচ্ছে ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।

ক্রিকেটের ক্ষেত্রে যা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই, বলেন লিটন।

ফাইনালে পৌঁছাতে পারলে সোনালী পদকের লড়াইয়ের সুযোগ থাকবে, এ কথাটি তিনি পুনর্ব্যক্ত করেছেন। লিটনের ভাষায়, আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।

এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতি নিয়ে লিটন সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘ সময় পর জাতীয় দলের ক্রিকেটারদের একসাথে টি-টোয়েন্টি প্রস্তুতির সুযোগ হয়েছে। ক্যাম্পের পাশাপাশি বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে।

এই প্রস্তুতিকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন বলেন, আমাদের অপশনই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্পটা এবং প্লাস দুইটা প্র্যাকটিস গেম আমরা খেললাম। এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো অপশন ছিল যে আমাদের একসাথে আবার বন্ডিং হওয়ার জন্য।

এশিয়ান গেমসের পর অলিম্পিকে ক্রিকেট খেলার সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে। তবে আপাতত সেই দূরের হিসাব নিয়ে ভাবছেন না লিটন। তার নজর এখন এশিয়ান গেমসে ভালো ক্রিকেট খেলা এবং ধাপে ধাপে ফাইনালে পৌঁছানো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ এবং আজারবাইজান কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নতুন এই চুক্তিটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন।

এটি উল্লেখযোগ্য যে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%